All posts by jitu

বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনা মহামারি পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুন) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে।

এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান জনব্যবস্থাপনা বিষয়ক অর্থনীতিবিদ আমিনুর রহমানের বলেন, ‘এই ঋণ বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ঋণ পেতে সাহায্য করবে।’

অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় ১৪ মাস বয়সী শিশুকে নিয়ে এক মা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষপানে অসুস্থ কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে। সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে অভাবের তাড়নায় থেকে ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে। এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে। নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চান্দিনায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে চান্দিনা উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় পৌর একাদশ ১-০ গোলে কেরণখাল একাদশকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভ‚ইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভ‚ইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক গৌতম কুমার দেব।

প্রসঙ্গত, টুর্ণামেন্টে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশ নেয়।

বিশেষ কায়দায় পায়ের স্যান্ডেলে রেখে ইয়াবা পাচার, আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ৫২০পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (২৯) উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ছেরাজুল হক বাড়ির মো.ছেরাজুল হকের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান সড়ক থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক মাদক কারবারি জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কৌশলে ইয়াবা কারবার চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর তার পরিহিত দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ১৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো.আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগরে ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারে পান্তি-পাহাড়পুর সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সারা দেশের সরকারী খাস জমি উদ্ধারের অংশ হিসাবে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পান্তি বাজারে পান্তি মৌজায় ২৮ শতক সরকারী জমির উপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদা বলেন, সারা দেশের ন্যায় সরকারের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারের অংশ হিসাবে জেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর উপজেলার পান্তি বাজারে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি উদ্ধার করা হয়। সরকারী খাস জমি উদ্ধারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সাক্ষী সাজিদই ছুড়ি দিয়ে শান্তকে হত্যা করে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের আলোচিত মেহেদী হাসান শান্ত (২৩) হত্যা মামলার ৫নং সাক্ষী ছিলেন আজমল ফুয়াদ সাজিদ((২৫)। প্রতারক সাক্ষী সাজিদই ছুড়ি দিয়ে হত্যা করে শান্তকে। হত্যা করে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন ঘটনার রহস্য উন্মোচন করেছে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে জানা যায়, শান্ত হত্যাকান্ডে সাজিদ সম্পৃক্ত থাকার প্রমাণ। সাজিদ ছুড়ি দিয়ে শান্তকে তলপেটে আঘাত করে। আর সেই আঘাতেই নিহত হয় শান্ত।

পিবিআই সুত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবিদ্বারে নুরপুরে গত বছরের ঈদুল আযহার আগের দিন আসামী সাজিদ ও আল আমিনের মাঝে তর্কাতর্কি হয়। তাদের হট্টগোল শুণে সেখানে আরো উৎসুক জনতার ভীড় হয়। একটা পর্যায়ে অভিযুক্ত সাজিদ তার পকেটে থাকা ছুড়ি (সুইস গিয়ার) দিয়ে এলোপাতারী আঘাত করতে থাকে। এতে আলআমিনসহ চারজন গুরুতর আহত হয়। এসময় শান্ত সাজিবকে থামাতে পেছন থেকে আক্রে ধরলে সাজিব শান্তর তলপেটে ছুড়ি দিয়ে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শান্ত। সাজিদ মোটর সাইকেলে পালিয়ে গেলে শান্তকে স্থানীয়রা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ব্যুরো অব ইনভেস্টিগেশন পরির্দশক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ‘আলোচিত হত্যাকান্ডটি নিয়ে পিবিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারাসহ নিবিড় ভাবে অনুসন্ধানের মাধ্যমে প্রতিটি আলামত ও সাক্ষীর কথা পঙ্খানুপঙ্খানু রূপে বিশ্লেষণ করে আসল হত্যাকারীর পরিচয় বের করেন। এ মামলার চারজন সাক্ষী আদালতে স্বীকারোক্তি মূলক বক্তব্যের মাধ্যমে সাজিদ কর্তৃক শান্তকে হত্যার বিষয়টি অধিকতর পরিষ্কার হয়ে উঠে।

ঘটনার বিবরণে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে গত ৯ জুলাই আমেরিকা প্রবাসী সাজিদের ছুড়ির আঘাতে শান্ত নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় আরো চারজন। নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত সাজিব যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন

কুবিতে অনুষ্ঠিত হলো কম্পিউটার বিজ্ঞানের ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ক সেমিনার

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর যৌথ আয়োজনে কম্পিউটার বিজ্ঞানের ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আলোচনাির বিষয় ‘দ্য ফিউচার অব সিএস ক্যারিয়ার, এআই, এমআই, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স’।

মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহদী উদ-জামান, আরিফুল হাসান অপু, মনোয়ার ইকবাল, জিয়া উদ্দিন মাহমুদ, ও বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।

উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এসময় তিনি উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এআই, এমআই, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স এর নামের সাথে পরিচিত কিন্তু এগুলোর কাজ কি আমি জানি না। মনে হয়, সাইবার সিকিউরিটি বিষয়টি হ্যাকিং রিলেটেড। আশা করি এই সেশনের মাধ্যমে আপনারা শিল্পভিত্তিক সমাজে আপনাদের ক্যারিয়ার গঠনে অনেক বেশি কাজে আসবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে ও ভিশন অর্জনে কাজ করবে।

এসময় কি-নোট স্পিকার অ্যামাজন ওয়েভ সার্ভিসের সলিউশন আর্কিটেকচার মোহাম্মদ মেহদী উদ-জামান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আজকে যা হচ্ছে আগামী ১০ বছর পর সেইরকম থাকবে না। সেটা প্রযুক্তির ক্ষেত্রেও। একসময় টেসলা কৃত্রিম বুদ্ধিমত্তা বিক্রি করে দিয়েছিল, আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার একটু অংশ ক্রয় করতে চাচ্ছেন। যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছেন না, তারা আগামী পাঁচ দশ বছর পর হারিয়ে যাবে। যেমন করে হারিয়ে যাচ্ছে নোকিয়া, বাজারে নেই কোডাকের মতো নামকরা কোম্পানিগুলো। বর্তমানে কোডিং করার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। ফলে কষ্ট করে এখন আর শুধু বেসিকটা ব্যতীত কোডিং এত কষ্ট করে করার কোনো দরকার নেই। এতে কোম্পানিগুলোর খরচও অনেক কমে আসছে।

পরে প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। এসময় প্যানেল ডিসকাশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বলেন, আজকের শিক্ষার্থীরা হয়ত তাত্ত্বিক অনেক বেশি জ্ঞান রাখেন, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের ব্যবহার অনেক কম। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ৪ বছর শুধু পড়ানোই হয়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে দুই বছর পড়াশোনা করলে বাকি দুই বছর কোম্পানিগুলোর সাথে কাজে যুক্ত থাকে। ফলে তাত্ত্বিক জ্ঞানও মনে রাখা সম্ভব।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ। মঙ্গলবার(১৩) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের দাউদকান্দির গৌরীপুর গোমতি সেতু উত্তরপাড় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী বিক্ষোব্দ লোকজন মহাসড়কের সেতু এলাকা থেকে দরিকান্দি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ঘন্টাব্যাপি অবরোধ করে রাখেন।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নিহতের ভাই ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, আমরা এদেশে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুনীর ছেলে মেয়েরা কিলার দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। খুনিরা বাহিরে থেকে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তাই ধরাছোঁয়ার বাইরে থাকা হত্যার পরিকল্পনাকারী মুলহোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়াতায় আনার দাবী জানাচ্ছি। এছাড়া বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী, শামছুল আলম চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম সরকার, ওমর ফারুক, সহসভপতি আমির হোসেন, মুকবুল হোসেন, কবির হোসেন ও নিপা মেম্বার প্রমূখ।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারে বোরকা পরা তিন দুবৃত্তের গুলিতে নিহত হন যুবলীগ নেতা জামাল হোসেন।