All posts by jitu

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে মাদারীপুরের রাজৈর উপজেলার জামাল শেখ (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকা থেকে রাজৈরের গ্রামের বাড়িতে এ খবর আসার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

তিনি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের জামাল শেখ প্রায় ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেঁপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি এলাকার দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকার স্থানীয় দুর্বৃত্তরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার দোকানে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই জামাল শেখ মারা যান।

নিহত প্রবাসীর ছেলে সিয়াম শেখ (১৬) বললো, শুক্রবার সন্ধ্যায় পাঁচ সন্ত্রাসী আমার বাবার দোকানে এসে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই দেশের সরকারের কাছে বিচার দাবি করছি। তাছাড়া সরকারের কাছে দাবি, আমার বাবার মরদেহ যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ মর্মান্তিক ঘটনার খবর শুনেছি। খুবই দুঃখজনক। নিহতের পরিবারের দাবি অনুযায়ী মরদেহ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যেই মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ে ইফতার করার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র পাড়ে রওনা দেন যোবায়ের হোসেন। কিন্তু সাগর পাড়ে ইফতার করা হলো না তার। ইফতারের আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শুক্রবার বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (২৫) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সরফাওতলী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত যোবায়ের হোসেনসহ প্রায় ৩০ জন বন্ধু প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট এলাকায় লরির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাকা মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ২০টি মোটরসাইকেলযোগে বন্ধু-বান্ধব নিয়ে জুমার নামাজের পর চট্টগ্রাম পতেঙ্গা সি-বিচে ইফতার করার জন্য রওয়ানা দেয় যোবায়ের। বিকেল ৪টার দিকে বারাইয়ারহাট এলাকায় লরি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দারিদ্রতার হার কমাতে চাঁদপুরে অসহায় নারীদেরকে প্রভাতের সেলাই মেশিন বিতরণ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে। এ সকল বিষয় মাথায় রেখে চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে গত দুই বছর আগে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ প্রভাত চাঁদপুর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুইজন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তির পরিবারের খাবার পানি নিশ্চিতকল্পে গভীর নলকূপ স্থাপন ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এদের মধ্যে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের খুকি বেগমকে সেলাই মেশিন, একই এলাকার অস্বচ্ছল প্রতিবন্ধী মিন্টু হাজীকে টিউবওয়েল, মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ গ্রামের জয়তুন বেগমকে সেলাই মেশিন ও সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের রিনা বেগমকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। সেই সাথে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়েছে।

প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স মহামায়া অফিস ইনচার্জ কাউছার হাজী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ জুয়েল হাজী। কার্যকরী সদস্য সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এমরান পাটওয়ারী, সদস্য ফারুক পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করে আসছে উক্ত সংগঠনটি।

কুমিল্লার তিতাসে গানের ভলিউম বাড়ানো নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে ডেকসেটের ভলিউম বাড়ানো নিয়ে শুকতারা বেগম (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলা মংগলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজন তিতাস থানার ফর্মার ও তার বাবা জয়নাল আবেদীন ডোম বলে জানা গেছে। মামলা না করার জন্য রাজন ও জয়নাল নানান রকমের হুমকি ধমকি দিচ্ছেন শুকতারাকে হত্যার পর তারা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে বলে জানান নিহতের পরিবার।

নিহতের ছেলে শাহনেওয়াজ (৯) ও শিশু মেয়ে মানছুরা (৩) বলে, তাদের বাবা রাজন ডেকসেটের ভলিউম বাড়িয়ে গান শুনছিলেন। তার মা ভলিউম কমিয়ে দিতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের বাবা প্রথমে মায়ের নাকেমুখে এলোপাথাড়ি কিল-ঘুসি; তার পর বেল্ট দিয়ে পিটিয়ে আহত করে।

নিহতের বাবা তারাজ মিয়া ও তার ভাই আলমগীর বলেন, আমাদের প্রতিবেশী রাজনের সঙ্গে শুকতারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মাদকাসক্ত স্বামী রাজন ও তার পরিবার মারধর করতো শুকতারাকে। বৃহস্পতিবার সকালে শুকতারার শাশুড়ি আমাকে বলেন- শুকতারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণ না বলেই চলে যান। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি শুকতারা আর বেঁচে নেই।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে জয়নাল ও তার ছেলে রাজনের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ আমি শুনেছি। ঘটনার পর থেকে জয়নালকে থানায় দেখা যাচ্ছে না। তাছাড়া কেউ মামলা করতে আসলে আমরা অবশ্যই মামলা নেব।

কুমিল্লায় এক লাখ টাকার জাল নোটসহ পেশাদার ব্যবসায়ী গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় এক লাখ টাকার জাল নোট জব্দ ও এক পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবি।

এর আগে শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানার টিক্কারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই ব্যক্তির নাম সোহেল আরমান (৪০)। তিনি জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. খবির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জাল টাকা ব্যবসা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যায় শহরতলীর টিক্কারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করছিল ডিবির একটি টহল দল। এ সময় মোটরসাইকেলযোগে আসা সোহেলের দেহ তল্লাশি করে এক লাখ টাকার নতুন নোট পাওয়া যায়। এসব নোট যাচাই করে জাল নোট বলে প্রমাণিত হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল জানান, শরীফ নামে তার একজন সহযোগী রয়েছেন। এসব জাল টাকা তারা বিভিন্ন শপিংমল, বিকাশ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করে থাকেন। জাল টাকাগুলো ঢাকা থেকে এনে এই ধরনের কার্যক্রম করে থাকেন তারা। তিনি দেশের বিভিন্ন স্থানে জাল টাকা ব্যবসার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় জাল টাকা ব্যবসা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

কুমিল্লা নগরীর রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে ইফতার করলেন পুলিশ সুপার

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা নগরীর রাস্তার পাশে কুমিল্লা ট্রাফিক বিভাগের ট্রাফিক সদস্য ও কমিনিউটি পুলিশ সদস্যদের নিয়ে ইফতারে আয়োজন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

শনিবার (১৫ এপ্রিল) কুমিল্লা নগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে এই আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আফজাল হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান প্রমুখ।

ইফতারের এই আয়োজনে কুমিল্লা ট্রাফিক বিভাগের প্রায় ২০০ জন ট্রাফিক সদস্যদের ইফতার খাওয়ানো হয়েছে। এই সময় উপস্থিত আরো ৫০ জনের মত অসহায় মানুষকে ইফতারের প্যাকেট দেয়া হয়।

পুলিশ সুপারের দাওয়াত পেয়ে ইফতার পার্টিতে উপস্থিত হয়ে ট্রাফিক পুলিশ সদস্য করিম সময় সংবাদকে জানান পুলিশ সুপার স্যারের সাথে ইফতার করে অনেক ভাল লাগছে। এই প্রথম কুমিল্লায় এমন দাওয়াত আমরা পেয়েছি। আমরা প্রতিদিনই রাস্তায় ইফতার করি। কিন্তু আজকে সব স্যারদের সাথে ইফতার করতে পেরে অনেক ভাল লাগছে।

কুমিল্লা ট্রাফিকের ওসি জিয়াউল চৌধুরী টিপু  জানান, পুলিশ সুপার স্যারের জন্য আজকে ট্রাফিকের সকল পুলিশ সদস্যরা একসাথে ইফতার করতে পেরেছে যা সত্যিই প্রশংসনীয়। আমি পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ জানায় এতো সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য।

এই আয়োজন নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান  জানান, ট্রাফিক পুলিশ সদস্যরা সারাদিন রোদের মধ্যে দাড়িয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাদের কাজটা অনেক কঠিন। রোদ বৃষ্টি সব সময় তারা রাস্তায় থাকে। এই ইফতারের মাধ্যমে তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমার অনেক ভাল লেগেছে। আশা করি তাদের কাছেও এই আয়োজনটা ভাল লেগেছে।

“গ্রীণ এইড” সংগঠনের পক্ষ থেকে ১১০ জনের মাঝে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে “গ্রীণ এইড” সংগঠনের পক্ষ থেকে ১১০ জন গরীব-দু:খীদেরকে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর তালপুকুরপাড় ও বাদুরতলা এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

“গ্রীণ এইড” সংগঠনের পক্ষ থেকে শাহরিয়ার আহম্মেদ সোহান, মোয়াজুল ইসলাম মোয়াজ,  মাহী আশরাফ আলী ও মো: হাসীব এ ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা মূলত স্কুল শিক্ষার্থী। নিজেরা ও অন্যদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এ মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

এ কার্যক্রমের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক আজকের কুমিল্লা ও ডেইলি বাংলোদেশ মিরর।

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ: অতর্কিত গুলিতে নিরপরাধ যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। ফয়সাল কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে। পরিবারের দাবি, পুলিশের গুলিতে ফয়সাল নিহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলের সঙ্গে রিক্সার ধাক্কা লাগা নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের ইকবাল চৌকিদারের ছেলে আকাশের সঙ্গে একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের সুমনের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আকাশের লোকজন শুক্রবার দুপুরে সুমনের ওপর হামলা করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে ইকবাল চৌকিদারের গোষ্ঠী ও সূর্যকান্দি গ্রামের দুলালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

নিহতের পরিবারের দাবি, ফয়সাল পড়াশোনার ফাঁকে তার মামা ওসমান হারুনীর রড-সিমেন্টের দোকানে কাজ করত। সংঘর্ষের সময় আতংকিত হয়ে দোকান বন্ধ করার সময় পুলিশ অতর্কিতভাবে নিরপরাধ ফয়সালকে গুলি করে। এতে সে নিহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ধারণা করা হচ্ছে সংঘর্ষের সময় ককটেলের স্প্রিন্টারের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪-৫ জনকে আটকসহ ১০টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।