All posts by jitu

সদর দক্ষিণে কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না ফসলি জমির মাটি কাটা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফসলি জমির মাটি কাটা কিছুতেই বন্ধ হচ্ছে না। অভিযোগ উঠেছে এ কাজের সাথে জড়িত রয়েছে স্থানীয় একাধিক সিন্ডিকেট। এ সিন্ডিকেট সদস্যরা পাহাড়া বসিয়েই রাত-দিন মাটি কাটছে। সবচেয়ে বেশি ফসলি জমির মাটি কাটা হচ্ছে উপজেলার ৫নং পশ্চিম ও ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা যায়, সদর দক্ষিণ উপজেলায় ১০ থেকে ১২টি ব্রিক ফিল্ড রয়েছে। ইট ভাটায় ইট তৈরির কাজে ও ভরাট কাজে ফসলি জমির মাটি ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি মৌসুমে একটি ইটভাটার হাজার ট্রাক মাটি প্রয়োজন। সেই হিসেবে ইট ভাটায় প্রতি মৌসুমে বিপুল পরিমাণ মাটি নেওয়া হয়। মাটির এসব চাহিদা মেটানো হচ্ছে ফসলি জমির মাটি থেকে। এছাড়াও ফসলি মাটি নেওয়া হচ্ছে পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন ব্রিক ফিল্ডেও। তাছাড়াও মাটি কাটাতে রয়েছে বিশাল বাণিজ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর দক্ষিণ উপজেলার ৫নং পশ্চিমও ৬নং পূর্ব জোড়কাননের বেশ কয়েকজন বাসীন্দা জানান, সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছে। সবচেয়ে বেশি মাটি কাটা হচ্ছে ইউনিয়নের ২,৩,৪,৫ নং ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রামে। ফসলি জমিতে একাধিক এক্সকাভেটার এর মাধ্যমে তারা অনবরত মাটি কাটতেছ। তাদের অনেকের রয়েছে একাধিক ড্রাম ট্রাক। তাছাড়াও বেপরোয়াভাবে চলছে মাাটি কাটার মহা উৎসব। আর ড্রাম ট্রাক দিয়ে মাটি নিয়ে যাওয়ার বেপরোয়া গতিতে উড়তে থাকে ধুলাবালি। মাটি কাটার পিছনে জড়িত সিন্ডিকেটধারীদের বিপক্ষে কেউ কিছু বলতে পারেনা। তাদের কিছু বললে তারা বিভিন্নভাবে হুমকি দেয়। যারা বাধা দেওয়ার তারাই এই কাজের সাথে কোনো না কোনোভাবে জড়িত। আমরা সাধারণ জনগণ আমরা আর কি করতে পারি।

ফসলি জমির মাটি কাটার বিষয়ে জানতে সিন্ডিকেট ধারীর একাধিক সদস্যেদের মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

এ বিষয়ে ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, কিছুদিন আগে আমাদের অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ে এ প্রস্তাব তুলে ধরেছিলাম। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে জানানো হয়েছে। তারা বলছে তাদের অভিযান চলমান থাকবে। কিন্তু আমাদের পূর্ব জোড়কাননে বিট পুলিশিং কর্মকর্তা খালেদ মোশারফকে জানালে ওনি আমাকে বলেন আমাকে বলে কি হবে আপনি এসিল্যান্ডকে বলুন।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, মাটি কাটার বিষয়ে আমরা বরাবরই কঠোর অবস্থানে রয়েছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। হয়তো কেউ কেউ আমাদেরকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কাটতে পারে। নিয়মিত অভিযানের মাধ্যমে তাদেরকে সাজা দিচ্ছি। চলতি মাসেও জেল দেওয়া হয়েছে দুই জনকে এবং জরিমানা করা হয়েছে কয়েকজনকে। ফসিল জমির মাটি কাটার বিষয়ে আমাদের অভিযান চলমান থাকবে।

লক্ষ্মীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের জন্য ৩২ টি ব্যারাক হস্তান্তর করেছে সেনাবাহিনী

 

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরের রামগতিতে আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের জন্য ৩২ টি ব্যারাক হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপোড়াগাছা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ব্যারাকগুলো হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মেজর মো. রায়হানুল হাসান রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরীর কাছে ব্যারাকগুলোর চাবি হস্তান্তর করেন।  এ সময় উপস্থিত ছিলেন ৩ নং চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার এবং স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনেকে।

ব্যারাক হস্তান্তর বিষয়ে ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লার ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর রায়হানুল হাসান বলেন, ১৯৯৯-২০০০ সালে আশ্রয়ণ প্রকল্পে নির্মিত টিনশেট ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়ে। এতে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে ঘরগুলো সেমিপাকা করে নির্মাণের উদ্যোগ নেয়। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর কাজ শুরু হয়। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৩ আর্টিলারি ব্রিগেডের তত্ত্ববধানে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এ প্রকল্প বাস্তবায়ন করে। এতে ৫টি করে ৩২টি ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ৫টি পরিবার করে ১৬০টি পরিবার বাসস্থানের সুযোগ পাবে। ব্যারাকগুলোর কাজ শেষ হওয়ায় উপজেলা প্রশাসনের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরী বলেন, পূর্বে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ছিল জরাজীর্ণ। নতুন করে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এখানে ১৬০টি পরিবারের জন্য সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

এসময় সেনাবাহিনীর কাছ থেকে ব্যারাকগুলো বুঝে পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যারাক প্রাপ্ত স্থানীয় মোখলেছুর রহমান ও ছকিনা খাতুন নামে দুইজনকে চাবি হস্তান্তর করা হয়েছে।

আর্জেন্টিনা ক্লাব থেকে ম্যাচ খেলার প্রস্তাব পেল বাংলাদেশি ক্লাব

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হয় আর্জেন্টিনার। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। বাংলাদেশের শীর্ষ এক ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা গুবিয়া সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও।

গুবিয়া বাংলাদেশে আসবেন জেনে তার কাছে একটি আমন্ত্রণপত্র দিয়েছে ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো সময়ে বাংলাদেশের শেখ জামাল ক্লাবকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। শেখ জামালের টিম ম্যানেজার নাভিল এলাহী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা ক্লাব থেকে এমন প্রস্তাব পাওয়া গর্বের।

কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারক‌ি অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপী‌তে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। একই অ‌ভি‌যো‌গে রামকৃষ্ণ ভাণ্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অ‌ভিযা‌নে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, ক্রেতা‌দের আকৃষ্ট কর‌তে অল্প ক‌রে রং মেশান। চকবাজা‌রের বি‌ভিন্ন দোকান থে‌কে অল্প দা‌মে এগু‌লো কি‌নে আ‌নেন। এখন থে‌কে আর ব‌্যবহার কর‌বেন না ব‌লে অঙ্গীকার ক‌রেন। ‌

এসময় সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পরিচা‌লিত এ অ‌ভিযা‌নে কু‌সিক স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

রাজনীতি করতে বাধা নেই খালেদা জিয়ার: কৃষিমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন।

তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান রাজ্জাক। এক্ষেত্রে বর্তমান নির্বাচনি আইনে যা আছে, তাই মানতে হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

এ সময় আবদুর রাজ্জাক আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানের বাইরে কারও কিছু করার নেই। নির্বাচন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, তারপর নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবে।

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জাপানে আম রপ্তানির কাজ প্রায় চূড়ান্ত এবং শীঘ্রই আম রপ্তানি শুরু হবে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে।

মন্ত্রী বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করছে। শীঘ্রই জাপানে আম রপ্তানির পাশাপাশি অন্যান্য ফলমূল ও শাকসবজি রপ্তানির সুযোগ তৈরি হবে।

জাপান কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন ও কৃষিখাতে সহযোগিতা আরও বাড়াবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘কৃষিখাতে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও বাড়াতে চাই। সেজন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাচ্ছি, যাতে করে সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায়।’

বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের  “বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসায় ” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম,এ জাহের এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি  ইঞ্জিনিয়ার মো : রাসেল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,  কুমিল্লা দক্ষিণ জেলা শাখা যুবলীগের সদস্য রাশেদুল ইসলাম আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক (আমেরিকা প্রবাসী)আলহাজ্ব মো : ইউনুস খান,  প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাও : আব্দুল মালেক প্রমুখ।

কুমিল্লায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২১ ফেব্রুয়ারী বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন কচুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের ইকবাল হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (২৬)।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২২ ফেব্রুয়ারী সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জামপুর পূর্বপাড়া গ্রামের মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ আলাউদ্দিন (২২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে বোগদাদ বাস-সিএনজির সংঘর্ষ: ৩ জন নিহত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী বোগদাদ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহতের ঘটনা ঘটে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) ফজর নামাজ পড়া অবস্থায় ঘোষেরহাট মিয়ার বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহামায়া থেকে ৫ জন যাত্রী নিয়ে সিনজিটি চাঁদপুর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ঘোষেরহাট মসজিদের সামনে একটি ঢাকা মেট্রো-উ ১৪-১৪৯২ নম্বরের একটি পিকআপ চালক সড়কের উপর দাঁড় করিয়ে নামাজ পড়তে গেলে সেই পিকআপকে অতিক্রম করার সাথে সাথে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৫-৯৮৪৪ নম্বরের কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির পেছনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এবং সামনের দুই যাত্রী ও সিএনজি চালক অক্ষত রয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী বেপারী বাড়ির হারুন বেপারীর ছেলে হাবিবুর রহমান (২৫) ও চাঁদপুর সদর উপজেলার খালিশাঢুলী ওয়াবদা গেইট এলাকার মৃত ইউসুফ আলী হওলাদারের ছেলে নেছার আহমদ হাওলাদার (২৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৪ ভাই বোনের মধ্যে নিহত হাবিবুর রহমান গত দুই মাস আগে দুবাই থেকে দেশে এসেছে। নতুন আরেকটি দেশে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট আনতে এদিন সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এ দূর্ঘটনার শিকার হন, ৯ ভাই বোনের মধ্যে নিহত নেছার আহমেদ হাওলাদার এক মেয়ে সন্তানের জনক। তিনি সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর এলাকার শশুর বাড়ি থেকে ফজরের আগেই বের হয়ে চাঁদপুরে তার মাছের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে এবং নিহত আরেকজনের মধ্যে মতলবের বর্দী আড়ং বিষ্ণপুর এলাকার মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০) সদরের মহামায়া এলাকায় ভাড়া বাড়ি থেকে চাঁদপুরের একটি হোটেলে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে দূর্ঘটনায় নিহত হন। তিনি এক ছেলে সন্তানের জনক।

স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিরা জানান, ফজরের নামাজের দ্বিতীয় রাকআতের সময় মসজিদের পাশের বিকট শব্দে আওয়াজ শুনে নামজ শেষ করে এসে দেখি এই অবস্থা। ৫ জন যাত্রীর মধ্যে তিনজনই সাথে সাথে মারা যায়। নিহতদের মধ্যে কারো মাথার খুলি উল্টে মগজ বের হয়ে যায় কারো চোখ উল্টে পরে যায়। এ ঘটনায় প্রায় ২ ঘন্টার মত সড়ক বন্ধ থাকার পর খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রায় ৪ ঘন্টার মত সড়কে যানজট লেগে ছিল। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মফিজুল ইসলাম বলেন, নিহতদের লাশ সনাক্ত করে লাশ ও দূর্ঘটনার শিকার যানবাহনগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাকিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত