All posts by jitu

নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের মাতৃভাষা দিবস পালন, যোগ দেয়নি কোন জনপ্রতিনিধি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মহান একুশ মাতৃভাষা দিবস পালন করা হয়েছে ।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহান মেহেবুবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী কমিশনার ( ভূমি) আশরাফুল হকসহ উপজেলা প্রশাসনের কয়কজন কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলোচনা সভার ব্যানারে অতিথি হিসাবে নাম থাকলেও অনুষ্ঠানে যোগ দেয়নি উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যানদ্বয়, পৌর মেয়রসহ কোন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিগত দিন গুলোতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরগরমভাবে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। তাই এবারের বিষয়টি নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়াছে।

কবিতা: একুশ মানে

মোহাম্মদ খায়রুল আনাম:

একুশ এক রক্ত-ভেজা ইতিহাস ঐতিহ্যের দিন,
একুশ শুধু বাজায় না বিষাদ-বেদনার বীণ।
একুশ মানে নবোদিত রবির উদার আকাশ,
একুশ মানে স্বতঃস্ফূর্ত চেতনার নিপুণ প্রকাশ।

একুশ শুধু বাংলার নয়,একুশ বিশ্বসভ্যতার,
একুশ জয়গান গাইতে শেখায় মানবিকতার।
একুশ মানে বহতা নদী,সাগরে হতে চায় লীন,
একুশ ছড়ায় মুক্তির দ্যুতি সবখানে প্রতিদিন।

একুশ মানে স্পর্ধিত তারুণ্যের সীমাহীন পথ চলা,
একুশ মানে নিঃসঙ্কোচে সত্য কথা বলা।
একুশ ছড়ায় দশ দিগন্তে চেতনার বহ্নিশিখা,
একুশ ভেঙে দেয় জালিমের সকল অহমিকা।

একুশ মানে ভাষা সংস্কৃতি স্বাধিকারের সোপান,
একুশ এনে দেয় স্বাধীন পতাকা খ্যাতি যশ সম্মান।

(কুমিল্লা, অমর একুশ,২০২৩)

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ জন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে একাধিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত এবং এক শীর্ষ সন্ত্রাসীকে  করেছে পুলিশ। এ সময় ১টি এক নলা বন্দুক, ২টি দেশীয় তৈরী পাইপগান, ২টি কার্তুজ, ১টি পাইপ রেঞ্জ, ১টি এলজি, ১টি ছুরি, ১টি রামদা, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো.মানিক (৩০) চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো.ইউনুছের ছেলে মো.ইসমাইল (২৮) দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো.বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো.নাজমুল (১৮)

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক,একটি পাইপগান,১ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র ও একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

চৌদ্দগ্রামে শহীদ দিবসে কেন্দ্রীয় আ’লীগ নেতা তমিজ উদ্দিনের শ্রদ্ধা নিবেদন

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অমর একুশে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, চৌদ্দগ্রামে কৃতিসন্তান মো: তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম সরকারি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা খন্দকার শরীফ, গোলাম মাওলা শিল্পী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জিয়াউর রহমান খাঁন নয়ন, উপজেলা যুবলীগ নেতা নূরে আলম জিকু, নাসির উদ্দিন চৌধুরী, সোহাগ মোর্শেদ চৌধুরী, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী গণসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, চৌদ্দগ্রামে কৃতিসন্তান মো: তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ ৭১ এর মহান স্বাধীনতা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আগামীর উন্নত চৌদ্দগ্রাম বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ্। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কবিতা: প্রতিবাদ

রেজাউল করিম(সাকিব):

কবি আল মাহমুদ কুমিল্লা ধর্ম সাগরের উত্তর পাড়ে রাণীর কুটির সামনে প্রকৃতির নির্মলতায় বসে লেখেছেন-

এখানে সবুজ দিয়েছে বুক পেতে
গুল্মলতা আকাশ ওঠে মেতে
ছায়ারা নাচে তোমার কথা ভাবি
তুমি বুঝিয বাগানের চাবি

বর্তমানে এর পরিবেশ…

এখানে কৃত্রিমতায় প্রকৃতি হারিয়ে গেছে
হিন্দি, ইংলিশ গানে , শব্দ দূষণে
বিরক্তি কর কৃত্রিম দৃশ্য, হিন্দি, ইংলিশ গান
তোমরা বুঝি এই বাগানের চাবি!!!!

ফুল আছে তবে কৃত্রিম,
বনের অনেক পশু আছে তবে মুক্তি হয়ে দাড়িয়ে।

কবি চলে গেছেন চিরকালের জন্য, কবি এ স্থানে রূপে মুগ্ধ হয়া লেখাটি আজ ও চোখে পড়ে, এখন লেখার সাথে স্থানের কোনো মিল নেই। ভাষা দিবস এর মাসে এখানে থাকা বিভিন্ন রাইডছে চলা ইংলিশ, হিন্দি গানে, বিরক্তি হয়ে হয়ে যেন এই স্থানটি বলছে আমি অবার অমার অতীতের রূপ পিরে পেতে চাই সবুজ প্রকৃতির রূপে দয়েল, শালিক, ঘুঘুরা গান গাইবে, গুল্মলতারা বড় গাছ গুলোকে জড়িয়ে থাকবে, সবুজ ঘাসের গালিচায় বসে বাংলা গানে আসর বসবে, পাশে থাকবে কবি আল মাহমুদ এর মুগ্ধতার লেখাটি। সে আবার বলছে আমায়, চলে গেছেন কবি, লেখাটি এই স্থানেই আছে, তবে আহত হয়ে আছে, লেখার সাথে মিল নেই হারিয়ে যাচ্ছে কবির লেখাটি।

আমরা কি পারিনা
কবি আল মাহমুদের মুগ্ধ হওয়া স্থানটিকে
কৃত্রিমতা দূর করে আবার প্রকৃতির রঙে সাজাতে।

মুরাদনগরে অমর একুশের প্রভাতফেরি

মুরাদনগর  প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং মুরাদনগর লাইভ.টিভির সার্বিক সহযোগীতায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত প্রভাতফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান ছিল সকলের কণ্ঠে।

প্রভাতফেরিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, শিশু-কিশোর ও পরিবারসহ সবান্ধব বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী, লেখক সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও মূলধারার মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

কুবিতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

চাঁদনী আক্তার, কুবি :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের নেতৃত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শিক্ষকগণ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আকিয়েদের সংগঠন ‘বৃত্ত কুবি’ ও ২১’ ফেব্রুয়ারি উদযাপন কমিটির যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে  বিভিন্ন ধরনের আলপনা অংকন করা হয়।

একুশের প্রথম প্রহরে কুমিল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার এমপি।

এ সময় সংরক্ষিত আসনের সাংসদ  আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম,  জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম,  বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা,রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নোয়াখালীতে বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু, বাবা আটক

ডেস্ক রিপোর্ট:

পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর কবিরহাটে বাবার লাঠির আঘাতে ছেলে মানিক চন্দ্র দাসের (২২) মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত বাবা নিত্য লাল দাসকে (৫৫) আটকরের পর নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।

কবিরহাট থানার পুলিশ রবিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে মানিক তার স্ত্রীকে মারধর করে। ওই সময় মানিকের পিতা নিত্য লাল বৌমাকে মারধর করার কারণ জিজ্ঞেস করে ছেলেকে।

এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়। একপর্যায়ে রান্না ঘরের লাকড়ি দিয়া নিত্য লাল তার নিজ ছেলে মানিকের মাথায় আঘাত করলে মানিক গুরুত্বর আহত হয়। পরে মানিকের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একই দিন সন্ধ্যা ৬টার দিকে সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে মানিক মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

ইউনূসের বিরুদ্ধে ২৭ মার্চ পর্যন্ত অভিযোগ গঠন নয়: আপিল

ডেস্ক রিপোর্ট:

শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের খারিজের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য ২৭ মার্চ দিন ঠিক করেছেন আপিল বিভাগ। এ সময় পর্যন্ত সংশ্লিষ্ট আদালতে অভিযোগ গঠনের শুনানি না করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর ড. মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। ড. ইউনূস ছাড়াও এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।