All posts by jitu

বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ দেশ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে দেশব্যাপী ৫ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরুড়ার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরুড়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বরুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।

এ সময় উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান তারা।

কর্মসূচি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বরুড়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক -এর নির্দেশনায় এসআই (নিঃ) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক মাদক মামলার জিআর সাজা নং-১২৯/১৭-এর ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মাহবুবুল আলম (টুকু), পিতা-ছিদ্দিকুর রহমান, গ্রাম-পোমতলা, থানা-বরুড়া, জেলা-কুমিল্লাকে ২৯ জুন ২০২৬ তারিখে গ্রেফতার করা হয়।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “আইনের দৃষ্টিতে কোনো সাজাপ্রাপ্ত আসামিরই ছাড় নেই। আদালতের রায় বাস্তবায়নে বরুড়া থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বরুড়া থানা পুলিশ সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে।”

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় ‘কসাই শামীম’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার অন্যতম আসামি মো. শামীম ওরফে ‘কসাই শামীম’ (৩৮)-কে গ্রেপ্তার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র।

শনিবার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শামীম উপজেলার শোলাকান্দি গ্রামের মৃত সালামত বেপারীর ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মামুন সম্রাট হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত কয়েকজন আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে শামীমের নাম উঠে আসে। এসব তথ্যের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই শামীম আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তারর হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মামুন সম্রাট হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

কুমিল্লা নগরীতে গুলিবিদ্ধ স্কুলছাত্রকে দেখতে ঢামেকে এমপি মনিরুল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

আজ রোববার (২৮ জুন) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রেমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।

এ সময় এমপি মনিরুল হক চৌধুরী প্রেমের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন। পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি প্রেমের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

দেশে ফিরেই বিমানবন্দরে আটক কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন (৪০) প্রবাস থেকে দেশে ফিরেই ঢাকার বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় কাতার থেকে দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেফতার বাছির উদ্দিন দেবীদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা–সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকায় আব্দুর রহমান রুবেল হত্যা এবং কলেজ রোড এলাকায় স্কুলছাত্র সাব্বিরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাছির এজাহারভুক্ত আসামি। এছাড়া আবু বকরকে হত্যাচেষ্টার মামলাতেও তিনি আসামি।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বাছির উদ্দিন রুবেল হত্যা, সাব্বির হত্যা ও আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি। ভোরে দেশে ফেরার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

প্রথম নারী ডিসি পেল কুমিল্লা

ডেস্ক রিপোর্ট:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

রোজী আক্তারের এ নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব নিতে যাচ্ছেন।

দিগন্ত সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিগন্ত সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য আফজাল সুমন এবং সিঙ্গাপুর প্রবাসী বরুড়ার ভাইদের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আওতায় অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সানরাইজ স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গাছ লাগানোর আগ্রহ তৈরির উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় দিগন্ত সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেওয়ান মঈন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মু. শাহাদাত হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোলাইমান আহমেদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য দেওয়ান মাহতাবউদ্দিন রাসেল, সদস্য মো. ইমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মোট ২২০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

বরুড়ায় দুর্ধর্ষ চুরি প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় থানার মাত্র ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা তালা কেটে একটি টেলিকম ও কম্পিউটার দোকানে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বরুড়া পশ্চিম বাজারের চৌধুরীর মার্কেটে অবস্থিত “নূরহান টেলিকম এন্ড কম্পিউটার” দোকানে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক শাহীন ভূইয়া জানান, প্রতিদিনের মতো সকালে প্রায় সাড়ে ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টার দিকে সংঘবদ্ধ চোরচক্র মার্কেটের দক্ষিণ পাশের কোলাপ্সিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল ফোন ও আনুষঙ্গিক সামগ্রী, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া নগদ ২০ হাজার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

দোকান মালিকের ছেলে সৌরভ ভূঁইয়া বলেন, “সকালে দোকান খুলে দেখি সবকিছু নিয়ে গেছে। এরা শুধু সাধারণ চোর নয়, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যও হতে পারে। মার্কেটের উত্তর ও দক্ষিণ দুই পাশের কোলাপ্সিবল গেইটে তালা ছিল। থানার পাশের দক্ষিণ গেইটের তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। তাদের কাছে তালা কাটার যন্ত্রপাতি ছিল এবং সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে আরও সহযোগী ছিল।”

তিনি আরও বলেন, “এত বড় ঘটনা থানার এত কাছে ঘটেছে, বিষয়টি উদ্বেগজনক।”

দোকানের মালিক শাহীন ভূইয়া তার নগদ অর্থ ও মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বরুড়া থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এসআই মহিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা বাইরের হতে পারে। ঘটনাস্থল থেকে ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দোকান মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

এদিকে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাজারের পাহারাদারদের দায়িত্ব সকাল ৬টা পর্যন্ত ছিল এবং ঘটনার সময় সম্ভবত তার পরবর্তী সময়ে। তারা জানান, ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে পাহারাদারদের দায়িত্বের সময় বৃদ্ধি করা হবে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, থানার এত কাছাকাছি এলাকায় এমন ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ প্রতিনিধি:

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধ এবং সুস্থ স্বাভাবিক শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এবারের ক্যাম্পেইনে উপজেলার প্রায় ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ২৬৫টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার এনাম খাঁন, এমওডিসি ডা. শরিফুল ইসলাম সৌরভ, এমটিইপিআই মো. নিজাম উদ্দিন মজুমদার, মেডিকেল অফিসার ডা. আফসানা আক্তার, ডা. মোশারফ হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি আরও জানান, কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে। তিনি অভিভাবকদের নির্ধারিত বয়সের সব শিশুকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান।

মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত স্কুলছাত্র ইথানের ঘটনায় প্রতিবাদ, কুমিল্লাকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

মাদক ব্যবসায়ীদের গুলিতে স্কুলছাত্র ইথান আহমেদ আহত হওয়ার ঘটনার প্রতিবাদ এবং কুমিল্লাকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদকবিরোধী জোট, কুমিল্লা।

শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর তেলিকোনা চৌমুহনী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

উক্ত মানববন্ধনে অতিথির বক্তব্যে ফেস দ্যা পিপল-এর সম্পাদক সাইফুর সাগর বলেন, আজকের এই মানববন্ধনে কাউকে আমন্ত্রণ জানিয়ে আনতে হয়নি। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার দায়িত্ববোধ ও বিবেকের তাড়নায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন। কুমিল্লাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, দাড়িওয়ালারা ক্ষেপলে মোছওয়ালাদের অস্তিত্ব থাকবে না। এ বক্তব্যের মাধ্যমে তিনি সমাজের মানুষকে অন্যায় ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, কুমিল্লায় মাদক কারবার দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। মাদকের কারণে নিরীহ মানুষ, এমনকি শিক্ষার্থীরাও সহিংসতার শিকার হচ্ছে। ইথান আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নগরীজুড়ে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে কুমিল্লাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নেরও জোর দাবি জানানো হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ কুমিল্লা আহবায়ক ও জুলাই রক্ষা আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান, নারী নেত্রী ও সমাজসেবক ফারহা এমদাদ ইম্পা, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, কুমিল্লা জেলার শীর্ষ নেতা জসীম উদ্দীন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আবদুল্লাহ হারুন, হেফাজত ইসলাম বাংলাদেশ কুমিল্লার আমির শামসুল ইসলাম জিলানী , জাতীয় ছাত্র-শক্তি কুমিল্লা মহানগরের মুখ্য সংগঠক কাজী মহিবুর রহমান, ছাত্রশক্তি নেতা ও জুলাই যোদ্ধা আরিফিন আলভি,
জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরের যুগ্ম সদস্য সচিব মো ইয়াসিনসহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

মাদক বিরোধী ঐক্য জোটের সভাপতি আব্দুস সামাদের সমাপনী বক্তব্যে কর্মসূচি শেষ হয়।