All posts by jitu

নির্বাচনের সময় নিয়ে

নির্বাচনের সময় নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচনের সময় নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক রিপোর্ট:

“সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে নির্বাচন আয়োজনের জন্য কিছু জরুরি সংস্কার অবশ্যই প্রয়োজন।” সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই কথা জানিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইসি বলেন, “আমি এই দায়িত্বকে আমার জীবনের বড় একটি সুযোগ হিসেবে দেখছি। দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে এবং রক্ত দিয়েছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাদের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি আত্মবিশ্বাসী যে এটি সম্ভব। আমার সঙ্গে শক্তিশালী একটি নির্বাচন কমিশন টিম রয়েছে। আমরা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দেব।”

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো অবশ্যই আগে করতে হবে। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ইয়াং জেনারেশন, যারা ভোট দিতে আগ্রহী, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশন কাজ করছে এবং খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করেই কাজ করব। ১৫-১৬ বছর ধরে যারা ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলে আসছেন, তাদের আমরা সঙ্গে চাই। তাদের দাবিগুলো পূরণে আমরা সহায়তা করব। আমাদের নিয়ত সঠিক, জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচনের প্রস্তুতির জন্য কত সময় লাগবে জানতে চাইলে সিইসি বলেন, “দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। আগে দায়িত্ব বুঝে নেই, তারপর সময় নির্ধারণ করব।”

পাঁচ বিসিএসে ১৮ হাজারের

পাঁচ বিসিএসে ১৮ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ

পাঁচ বিসিএসে ১৮ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

সরকার পাঁচটি বিসিএসের মাধ্যমে ১২ হাজার ৭১০ জন ক্যাডার পদে এবং ৫ হাজার ৪৩৯ জন নন-ক্যাডার পদে নিয়োগ দেবে, মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া, নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসে ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ সময়, কোন বিসিএসের নিয়োগ কোন অবস্থায় রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব।

বিসিএস ৪৩তম: ৪৩তম বিসিএসে ২০৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ তারিখে যোগদানের জন্য নির্ধারিত রয়েছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা সৃষ্টি হওয়ায় ‘ক্লিন ইমেজ’ প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই-এর মাধ্যমে অধিকতর যাচাই-বাছাই চলমান রয়েছে।

বিসিএস ৪৪তম: ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে বিসিএস ৪৪তম এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১,৭৩২ জন। তাদের মধ্যে ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ০৫ আগস্টের পর পরিস্থিতি বিবেচনায় গত ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার জন্য আগের ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুনভাবে ১১,৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিএস ৪৫তম: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২,৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক দ্বারা মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়ন কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার জন্য এই সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিএস ৪৬তম: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০,৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বৈষম্য দূরীকরণের জন্য নির্বাচিত প্রার্থীদের সাথে সমসংখ্যক আরও ১০,৬৩৮ জন প্রার্থী যোগ করে সর্বমোট ২১,২৭৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএস ৪৭তম: ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩,৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে।

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ব্যাটারি চালিত অটোরিকশা সম্পর্কিত উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, “ভুয়া ও মিথ্যা মামলা সত্য, যারা এসব করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন, এজন্য প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, আর কেউ যদি এর অবনতির চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে দমন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে, কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। এর পাশাপাশি শিক্ষার্থীরাও আগের মতো থাকবে।”

শীতে ত্বকের যত্নে

শীতে ত্বকের যত্নে সহজ ঘরোয়া পদ্ধতি

শীতে ত্বকের যত্নে সহজ ঘরোয়া পদ্ধতি

ডেস্ক রিপোর্ট:

শীতের মৌসুমে বাতাসের আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে যায়। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ত্বকের এই শুষ্কতা রোধ করা সম্ভব।

চলুন, শীতে ত্বকের যত্নে করণীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

ময়েশ্চারাইজ

শীতের শুষ্কতার হাত থেকে ত্বক বাঁচাতে ময়েশ্চারাইজারের তুলনা নেই। ত্বক হেলদি রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। বাজারে নামি-দামি ময়েশ্চারাইজার ছাড়াও খাঁটি নারিকেল তেল বা অলিভ ওয়েল ব্যবহারেও অনেক ভালো ফলাফল পাওয়া য়ায়।

 

স্ক্রাব বা এক্সফোলিয়েটিং

ত্বকের মৃত কোষ বা মরা চামড়ার আস্তরন দূর করতে সপ্তাহে এক থেকে দুইবার জেন্টাল স্ক্রাব ব্যাবহার করতে হবে। চালের গুড়ো আর মধু মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব তৈরি করা সম্ভব।

 

এক চামচ চালের গুঁড়ো ও এক চামচ মধু একসাথে মিশিয়ে, ভেজা ত্বকে আলতো হাতে ৩ থেকে ৫ মিনিট ঘষে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। অবশ্যই স্ক্রাবিং এর পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

 

ফেস প্যাক
সপ্তাহে দু তিনবার দুধের সর ,মধু ও বেসন এর মিশ্রণ ব্যবহারে ত্বকের আদ্রতা বৃদ্ধিপাবে পাশাপাশি এটি ত্বকের উজ্জলতা বাড়াতেও সাহায্য করবে। তাছাড়া টক দই ,বেশন ও হলুদের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে ।

 

কুসুম গরম পানিতে গোসল

অতিরিক্ত ঠান্ডা বা গরম পানির ব্যাবহার শীতে ত্বককে আরও রুক্ষ করে দিতে পারে। তাই হালকা গরম পানিতে ঘোসল করতে হবে। এছাড়া অতিরিক্ত খাড় যুক্ত সাবান ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করা যেতে পারে।

কুবি রোভার স্কাউট গ্রুপের

কুবি রোভার স্কাউট গ্রুপের বর্ষসেরা রোভার নূরে আলম-রোম্মানা

কুবি রোভার স্কাউট গ্রুপের বর্ষসেরা রোভার নূরে আলম-রোম্মানা

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

গার্ল-ইন রোভারমেট শারমিন মেঘলা ও গার্ল-ইন রোভার রুবাইয়াত তাজবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা রোভারের সহ-সভাপতি মাশুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা রোভার সম্পাদক মাইনুদ্দীন খন্দকার, ডিআরএসএল রিমনসহ বিভিন্ন গ্রুপের গ্রুপ সম্পাদকেরা।

এতে বর্ষসেরা রোভার নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তনের ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী নূরে আলম এবং রোম্মানা হোসেন।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট বাহিরের বিভিন্ন কাজে যুক্ত থাকে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে রোভারদের নিরাপত্তার বিষয়টা দেখার অনুরোধ করবো৷

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার জিয়া উদ্দিন বলেন, রোভার স্কাউট হলো একটি আন্দোলন। সে আন্দোলন হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, সে আন্দোলন হচ্ছে আমার যে প্রতিষ্ঠান আছে সেটি পরিবর্তনের আন্দোলন। আমাদের দেশ পরিবর্তনের আন্দোলন। এবং সে পরিবর্তনটা হতে হবে অবশ্যই গঠনমূলক পরিবর্তন। এই গঠনমূলক পরিবর্তনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আমরা রোভার স্কাউটের যোগ্য নেতৃত্বকে অনুধাবন করেছি। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটকে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষাসহ নানা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা দেখেছি। নিজেদের কাঙ্ক্ষিতমান আপনারা ধরে রেখেছেন। আমি এখানে এসে বুঝতে পেরেছি মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবসেবায় নিয়োজিত রাখার জন্য দক্ষতা অর্জন করা, জ্ঞান অর্জন করা, প্রজ্ঞা অর্জন করার মাধ্যমে আত্মগঠনে নিজেকে আরও পরিশীলিত করার জন্য একটি স্ট্রাকচার্ড মাধ্যম হলো রোভার স্কাউট। আপনারা এর মাধ্যমে আত্মগঠনের পাশাপাশি জাতির প্রয়োজনে নিজেকে নিয়োজিত করারও একটি শপথ গ্রহণ করেন।

এসময় তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট হাঁটি হাঁটি পা পা করে আজ দশ বছরে পদার্পণ করার মাধ্যমে অনেক বেশি উজ্জীবিত। এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে, ক্যাম্পাসের অপসংস্কৃতি, অপরাজনীতি দূর করার জন্য রোভার স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

অন্তর্বর্তী সরকারের কাছে

অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা নিয়ে সংগীতশিল্পী আসিফের ৫ প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা নিয়ে সংগীতশিল্পী আসিফের ৫ প্রশ্ন

ডেস্ক রিপোর্ট:

সংগীতশিল্পী আসিফ আকবর শুধু গানেই নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। প্রায়ই তাকে প্রতিবাদী সুরে কথা বলতে শোনা যায়। কখনও নিজের মতামত, কখনও আবার অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

এবার তিনি অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে এই স্ট্যাটাস দেন।

পাঠকদের জন্য আসিফের পোস্ট হুবহু তুলে ধরা হলো—

মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের একশ দিন পূর্ণ না হলে আলোচনা-সমালোচনায় যাব না। নতুন সরকারকে একশ দিন সময় দেয়া এক ধরনের সৌজন‍্যতা। আমার তরফ থেকে সৌজন‍্যতা শেষ, এখন থেকে ভাল-মন্দ লিখতে হবে, পুরোনো অভ্যাস।

শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনই কুমিল্লার সন্তান, দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ, আপনাদের অভিনন্দন।

১. এই মওসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন! এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ, অর্থাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ।

২. কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও কেন দেওয়া হয়নি! কেন এখনও অনিশ্চয়তা! মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কীভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে!

৩. ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি! তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি! ক্রিকেট মওসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল! কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন!

৪. পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেক্টাল (Colorectal) অ্যালার্জিতে ভুগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান—কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়! অগ্রগতি কতদূর!

৫. কুমিল্লা, ফেনী, চাঁদপুর নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া- এই ছয় জেলায় প্রবাসী আধিক্য বেশি। কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব, আপনাদের পদক্ষেপ কী জানতে চাই।

আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে, মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন।

শেষ মুহূর্তের ধাক্কায়

শেষ মুহূর্তের ধাক্কায় জয় হাতছাড়া বার্সার

শেষ মুহূর্তের ধাক্কায় জয় হাতছাড়া বার্সার

ডেস্ক রিপোর্ট:

লা লিগায় শনিবারের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। এক ম্যাচ পরেই জয় নিয়ে ফিরতে পারত তারা। কিন্তু অস্বস্তিকর লাল কার্ডের কারণে সেই সুযোগ হাতছাড়া হলো।

শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এরপরই ঘটল বিপত্তি। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাডো তোরাসকে।

১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা শেষ পর্যন্ত পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে ব্যর্থ হয়। উল্টো ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে সেল্টা ভিগো। ম্যাচের ৮৪ ও ৮৬ মিনিটে গোল করে ২-২ সমতায় ফিরে স্বাগতিকরা। এরপর বার্সার পক্ষে আর কোনো গোল আসেনি, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচের শুরুতে ১৫ মিনিটে রাফিনহার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপর ৬১ মিনিটে রবার্ট লেওয়ানডস্কি ব্যবধান বাড়িয়ে করেন ২-০।

তবে প্রথমার্ধেই বার্সেলোনার ১০ জনের দলে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচের ৪৫ মিনিটে সেল্টার অধিনায়ক লাগো আসপাসকে ফাউল করেন বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন। এর আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন মার্টিন, ফলে এই ফাউলের জন্য তিনি লাল কার্ড পেতে পারতেন। কিন্তু রেফারি তাকে রেহাই দেন।

এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে আসপাস নিজেই হলুদ কার্ড দেখে বসেন। রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করতে গেলে সতীর্থ ও কোচ মিলে তাকে শান্ত করেন।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে মার্ক কাসাডোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে আলফনসো গঞ্জালেজ একটি গোল শোধ করেন। মাত্র ২ মিনিট পর হুগো আলভারেজ গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরান।

ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার গাভি বলেন, “খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড সত্যিই আমাদের ভুগিয়েছে। সেল্টা দুটি নির্দিষ্ট মুহূর্তে আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে। মনোযোগ হারালে এমনই হয়। আমরা আমাদের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর মতো ভুল করতে পারি না, কারণ তাতে এমন পরিস্থিতি তৈরি হয়।”

তিনি আরও যোগ করেন, “১০ জন নিয়ে ৩ পয়েন্ট পাওয়া খুব কঠিন। এটি ফুটবল, এবং আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।”

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমি বহু বছর যাবত কোথায়ও মা বোনদের এতোটা সম্পৃক্ততা পাই নি। শাহমাহমুদপুরের মা বোনরা এখানে এসে প্রমাণ করেছেন জনগণের পক্ষে কথা বলার জন্য, কথা শোনার জন্য। আমরা আপনারা তত্তাবধায়ক সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন বর্তমান সরকার কিভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদলের কর্মী ফারুককে কিভাবে গুলি করে হত্যা করেছে। ঐদিন আসলে তারা স্বপন মাহমুদকেও হত্যা করতে গিয়েছিল। আমরা ফারুকের মামলা পুনঃজীবিত করবো। তার বিচার এই চাঁদপুরের মাটিতে হবে। আন্দোলন সংগ্রামে চাঁদপুর জেলার মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন সবার সেরা। এজন্য আমি আমার সহকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিএনপি’র লোকজন কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। কাউকে কিছু বললে বিএনপিকে জানিয়ে কিছু বলবেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে। আপনারা দেখেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। তিনি বলেন, আমি এই ইউনিয়নে তেমন কোন অনিয়মের অভিযোগ পাইনি। আপনারা এই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন, আমাদেরকে জানাবেন। কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদি সরকারের আমলে মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে চলতে পারে নি। হুজুরদের কথা বলতে দেয় নাই। তাদের বিচার না হওযা পর্যন্ত রাস্তায় হাটতে দেয়া হবে না। বর্তমান সরকার ফ্যাসিবাদীদের বিচার করে দায় মুক্তি দিলে তাদেরকে হাটতে দেয়া হবে। এখন আমাদের নৈতিক দায়িত্ব এই সরকারকে সহায়তা করা।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, আবু তাহের খোকা, বাকের খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি করিব হোসেন রনি, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপি”র সাধারণ সম্পাদক মহসীন তপদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সফিক কবিরাজ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমূখ