All posts by jitu

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ২ জন

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ২ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুলে সামনে গণমিছিল পালন করতে আসে শিক্ষার্থীরা। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউমার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ও গুলিবর্ষণ করতে থাকে।  আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দুজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইনসের ভেতর আশ্রয় নেন। পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কেউই মোবাইল ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ঢাকাপোষ্ট

কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আ. লীগের ধাওয়া, উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন কুমিল্লার শিক্ষার্থীরা। একই সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সড়কে অবস্থান নিতে দেখা গেছে।

শনিবার (৩ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর কান্দির পাড় জড়ো হতে থাকেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিউমার্কেট সড়কে অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে জিলা স্কুলের গেটে তালা ভেঙে ছাত্রছাত্রীরা ভেতরে ঢোকে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিউমার্কেট এলাকায় জড়ো হন। ফলে শিক্ষার্থীরা আবার জিলা স্কুলের সড়কের সামনে অবস্থান নিয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগানে মিছিল মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে কান্দিরপাড়-ঈদগাহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা সোয়া ১১টার দিকে গণমিছিলে যোগ দিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা পুলিশ লাইন্স এলাকায় গিয়ে মিছিল করতে থাকেন। এই মুহূর্তে কুমিল্লা নগরীরতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত গণমিছিল চলছে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

শনিবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

চলমান পরিস্থিতির মধ্যে আজ শনিবার বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে।

আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কোটা আন্দোলনের সহিংসতায় আহত কুমিল্লার আরও একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় আহত ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি।

শনিবার (৩ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ইমন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। তিনি ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।

নিহত সেলিমের বোন আকলিমা খাতুন বলেন, গত ১৯ জুলাই দুপুরে নতুন বাজার হোটেলের সামনে কোটা আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় ইমন আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। নিহত অপর নারীর নাম জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাস চাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান ১৯ আইনপ্রণেতার

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির ১৯ আইনপ্রণেতা।

শুক্রবার লিখিত চিঠিতে তারা বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনা হয়েছে।

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মারকি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। এতে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উভয় কক্ষের আরও কয়েকজন আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। সিনেটর এডওয়ার্ড জে মারকির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে।

সিনেটর মারকির ওয়েবসাইটে বলা হয়েছে, সিনেটর এডওয়ার্ড জে. মারকি এবং প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আজ শুক্রবার একটি দ্বিদলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ছাত্র আন্দোলনকারী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিই তুলে ধরে।

ব্লিঙ্কেনের কাছে লেখা চিঠিতে আইনপ্রণেতারা লিখেছেন, ‘বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর মধ্যে রয়েছে—চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ হওয়া, অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য।’

আইনপ্রণেতারা আরও লিখেছেন, ‘এই উদ্বেগজনক ও অব্যাহত প্রবণতার পরিপ্রেক্ষিতে আমরা আশা করি, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করা যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি আছে, সেসব গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখতে আপনি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেবেন।’

 

সূত্র: যুগান্তর

দাউদকান্দিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের চেষ্টা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। মিছিলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের ।

শুক্রবার (২ আগস্ট) দাউদকান্দি মডেল মসজিদে জুমার নামাজ শেষে মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্বরোড থেকে টোলপ্লাজার দিকে যেতে থাকে। পরে বলদাখাল ইউটার্ন পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি আবার বিশ্বরোড আসলে ছাত্রলীগের সাথে বাকবিতন্ডা হয়।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মডেল মসজিদের সামনে ঈদগা মাঠে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলেও পুলিশ এবং ছাত্রলীগ নিরব ভুমিকা পালন করেন।

পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার(ভুমি) মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হকসহ পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।
পরে দূরের শিক্ষার্থীদের পুলিশ পাহাড়ায় দুটি বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

কারাগারে থাকা ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

এসব পরীক্ষার্থী ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

এছাড়া ঢাকা জেলার ৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি চলছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।

নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরের আগে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মোড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।

একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত সংস্থার পরিধি বাড়ানো হয়েছে। জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূর্ণ হয়েছে। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অযথা শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি তারা শ্রেণিকক্ষে ফিরে যাবে। তারা কোনো অশুভ শক্তির ঢাল হবে এটা জাতি চায় না। শিক্ষাজীবন স্বাভাবিক গতি ফিরে পাক এটা আমাদের প্রত্যাশা।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে এ সময় ধন্যবাদ জানায় আওয়ামী লীগ। জামায়াত-শিবির নিষিদ্ধে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মির্জা ফখরুলের বিবৃতি দেখলে বোঝা যায়, তাদের সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়।

নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত। তাদের মতামতের কারণে তৃতীয় শক্তি উসকানি হিসেবে সুযোগ নিতে পারে। সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নজর দেয়ার আহ্বান জানাই।