Tag Archives: কুষ্টিয়া জেলা

কুমিল্লায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় যুক্ত করা হয়েছে সিসি ক্যামেরা ও প্রহরী

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর কুমিল্লার সকল ধরনের ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিফলকে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে নিরাপত্তা জোরদার করেছে। কোথাও কোথাও ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরীর সংখ্যা।

সূত্র মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে সিসি ক্যামেরা ছাড়াও অতিরিক্ত দুই জন নিরাপত্তা প্রহরী যুক্ত করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে ছয়টি সিসি ক্যামেরা ও উচ্চ মাধ্যমিক শাখায় অবস্থিত কলেজ প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের ভাস্কর্যে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের অধীনস্থ ভাস্কর্য গুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া জানান, ৫ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কলেজ প্রতিষ্ঠাতার ভাস্কর্যে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এছাড়া সিকিউরিটি গার্ডের সংখ্যা দ্বিগুণ করেছি। পুলিশ সুপারকে চিঠি দিয়ে কলেজের ম্যুরাল, ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বাড়াতে অনুরোধ করেছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য আগে থেকেই সিসি ক্যামেরার আওতায় ছিল। পরিস্থিতি বিবেচনায় দুইজন গার্ড বিশেষভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল নিরাপত্তা বলয়ের ভিতরেই আছে। তারপরও আনসার সদস্যদের সতর্ক করা হয়েছে, যাতে কোনও অপরিচিত ব্যক্তি বোর্ড আঙিনায় প্রবেশ করতে না পারে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মীর শওকত হোসেন জানান, ভাস্কর্য নিয়ে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য আমরা সজাগ রয়েছি।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ কুমিল্লায় স্থাপিত বিভিন্ন ভাস্কর্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে বিশেষ করে ম্যুরাল গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানকে আহ্বান করছি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: তীব্র প্রতিবাদে উত্তাল কুমিল্লার রাজপথ

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল কুমিল্লা মহনগরীর রাজপথ। মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদের আহবানে নগরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল মাঠে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল।

মহানগর আওয়ামী লীগ অফিসের সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক হাবিবুর আল আমিন সাদিসহ যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা তা বাঙালীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জাতি হিসেবে আমরা তা কোনোভাবেই সহ্য করতে পারছিনা।

সমাবেশের পড়ে নগরীর প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এসময় আগামীর কর্মসূচি ও সকল নেতৃবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদ। টাউন হল মাঠে মিছিলে আগত কুমিল্লা যুবলীগের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার (৬ ডিসেম্বর ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

লিটন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুর রহমান মানিক সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার, গোলাম আব্বাস গনি, মো. জসিম উদ্দিন, মো. আবদুল হাকিম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, মহিবুল হাসান মাহফুজ প্রমুখ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত দুই যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার কাজে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত যুবক বয়সী দুইজন অংশ নেন।

সম্প্রতি ভাস্কর্য ভাঙচুরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দুজনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। মাত্র এক মিনিটের মধ্যে ভাস্কর্যটি ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি ব্যাংক, অপর একটি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথসহ রাস্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা আছে। ওইসব সিসি টিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে হামলাকারী দুজনকে শনাক্ত করে।

এদিকে রোববার সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী দুজনকেই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানায়, আজ বেলা ১১টার পর প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।

প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল প্রেমিকা: ৩ মাস পর নদীর পাড়ে মিলল কঙ্কাল

 

ডেস্ক রিপোর্টঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রেমিকের হাত ধরে নিখোঁজের ৩ মাস পর নদীর পাড় থেকে কঙ্কাল মিলেছে মিম খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রীর।

শনিবারে উপজেলার উজিরপুর গ্রামে মাদরাসার পেছনে মাথাভাঙ্গা নদীর পাশ থেকে তার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

গায়ের কাপড় ও ভ্যানিটি ব্যাগ দেখে কঙ্কালটি মিমের বলে শনাক্ত করেন স্বজনরা।

মিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মধু খানের মেয়ে। তিনি এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে এক ব্যক্তি নদীতে গোসল করতে গিয়ে নদীর তীরে মানুষের হাড়গোড় দেখতে পায়। পরে দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখে থানা পুলিশে খবর দেন। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।

এ সময় কঙ্কালের পাশ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে জেএসসির সার্টিফিকেট পাওয়া যায়। তাতে তার নাম মিম, ঠিকানা কুষ্টিয়া দৌলতপুর লেখা আছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করে। এ সময় উদ্ধার করা হয় কঙ্কালের পরিহিত জামা কাপড়, একটি ভ্যানিটি ব্যাগ ও কিছু কাগজপত্র।

তিনি জানান, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মধু খানের মেয়ে তিনমাস আগে এলাকার এক ছেলের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। লাশের আলামত দেখে ও মিমের স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কঙ্কাল মিমের হতে পারে। কঙ্কালটির ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।