Tag Archives: দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে মাদারীপুরের রাজৈর উপজেলার জামাল শেখ (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকা থেকে রাজৈরের গ্রামের বাড়িতে এ খবর আসার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

তিনি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের জামাল শেখ প্রায় ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেঁপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি এলাকার দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকার স্থানীয় দুর্বৃত্তরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার দোকানে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই জামাল শেখ মারা যান।

নিহত প্রবাসীর ছেলে সিয়াম শেখ (১৬) বললো, শুক্রবার সন্ধ্যায় পাঁচ সন্ত্রাসী আমার বাবার দোকানে এসে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই দেশের সরকারের কাছে বিচার দাবি করছি। তাছাড়া সরকারের কাছে দাবি, আমার বাবার মরদেহ যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ মর্মান্তিক ঘটনার খবর শুনেছি। খুবই দুঃখজনক। নিহতের পরিবারের দাবি অনুযায়ী মরদেহ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

বাংলাদেশের সাবেক কোচ কোর্টনি ওয়ালশকে দায়িত্ব থেকে অব্যাহতি

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ দলের চাকরি ছাড়ার পর কোর্টনি ওয়ালশ ২০২০ সালের অক্টোবরে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন। আড়াই বছর দায়িত্ব পালনের পর বরখাস্ত হলেন এই কিংবদন্তি পেসার।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয় নারী দলটি নকআউট পর্বে পৌঁছতে না পারায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ সিদ্ধান্ত নিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, গত আড়াই বছরে কোর্টনি এবং তার কারিগরি দল যে অবদান রেখেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা তাদের মঙ্গল কামনা করছি।

কোর্টনি ওয়ালশের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ২৪টি টি-টোয়েন্টির মধ্যে সাতটি এবং ৩২টি ওয়ানডের মধ্যে মাত্র ১১টিতে জয়লাভ করেছে। এ সময়ের মধ্যে দলের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে সিরিজ জয়। এছাড়া ২০২২ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নারী দলের প্রধান কোচ কোর্টনি ওয়ালশের চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। শীঘ্রই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, কোর্টিনি ওয়ালশ তার ক্রিকেট ক্যারিয়ারে ১৩২টি টেস্টে ৫১৯টি উইকেট এবং ২০৫টি ওয়ানডেতে ২২৭টি উইকেট শিকার করেছিলেন।

 

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ (৩৫) নামে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়,গতকাল শনিবার ইফতার শেষ করে চার সহকর্মীসহ নিজ দোকানে যান সোহাগ। এর কিছুক্ষণ পর ৬-৭ জন সেখানকার স্থানীয় সন্ত্রাসী দোকানে এসে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। হামলার সময় দোকানে থাকা অপর সবাই নিচে শুয়ে পড়লেও সোহাগ পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। লুটপাট শেষে সন্ত্রাসীরা সবাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সোহাগ ও তাদের দোকানের প্রহরী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত্যু হয়। তার মাথাসহ গলার অংশে একাধিক গুলি লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় যান সোহাগ। গত বছর বাড়িতে এসে বিয়ে করে নয় মাস ছিলেন তিনি। গত বছর পঞ্চম রমজানে বাড়ি থেকে আফ্রিকায় যান সোহাগ। এরই মধ্যে তার একটি ছেলেসন্তান হয়। সন্তানকে দেখার জন্য ইদের পর বাড়িতে আসার কথা ছিল সোহাগের।

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দ.আফ্রিকায় মানব পাচারকারীদের কবল থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে ১৯ বাংলাদেশি নাগরিককে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এহলানজেনি জেলা গোয়েন্দা টাস্ক টিমের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেন এবং টাইমসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা বলেছেন, তারা নেলসপ্রুটের বাইরে কামাগুগু এলাকার একটি বাড়িতে জিম্মিদের আটকে রাখার খবর পেয়েছিলেন।

তিনি বলেন, পুলিশ সদস্যরা তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে দেখতে পান। তাদের সেলফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। অর্থাৎ, আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না জিম্মি ব্যক্তিদের।

মোহলালা আরও জানান, ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে এবং শিগগির নেলসপ্রুট ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

তিনি বলেছেন, পাচারের গন্তব্য কোথায় এবং চক্রের প্রধান কে তা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, কেউ কেউ মিডলবার্গে যাচ্ছিলেন, অন্যদের গন্তব্য ছিল জোহানেসবার্গে।

উদ্ধার ১৯ বাংলাদেশির দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে।

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা: বাবা-ছেলেসহ ৫ বাংলাদেশির মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে লরিচাপায় একই পরিবারের বাবা-ছেলেসহ পাঁচ বাংলাদেশি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত পাঁচ প্রবাসীরই বাড়ি ফেনী বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন (৩৫), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (৩৩), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর তমিজ উদ্দিন ভূঞা বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে মোস্তফা কামাল পোপেল (৩৫) এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও নাজিম হোসেন (১০)। এদের মাঝে আবুল হোসেন ও নাজিম সম্পর্কে বাবা-ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘এরা সবাই ভিসা-সংক্রান্ত প্রয়োজনে কেপটাউন যাচ্ছিলেন। পথে মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন বলেন, ‘খবর শুনে আমরা বিরলীতে ইসমাইলের বাড়িতে ছুটে যাই এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ওই বাড়িতে শোকের মাতম চলছে।’

মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলেও জানান তিনি।

নিহত ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান বলেন, ‘দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত প্রবাসী। পথে একটি লরিচাপায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।’

ইসমাইল হোসেনের বাবা শরিয়ত উল্লাহ বলেন, ‘আমার ইসমাইল অবিবাহিত। দুইমাস পর তার দেশে আসার কথা ছিল। বিয়ের প্রস্তুতি চলছে। ১১ বছর ধরে সে সাউথ আফ্রিকায় থাকে। আমি ছেলেকে হারিয়েছি তবে লাশটি দ্রুত ফেরত চাই।’

নিহত মোস্তফা কামাল পোপেলের ভাই আইনজীবী মোস্তফা জামাল নওফেল বলেন, ২০১০ সালে জীবিকার তাগিদে আফ্রিকা পাড়ি দেন মোস্তফ। তার দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। কেপটাউন শহর থেকে এয়ারপোর্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় ২টার দিকে তিনি খবর পান।

নিহত ও আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের তথ্যমতে, প্রবাসী আনিসুল হক মিলনের দেশে ফেরত আসার কথা ছিল। তাকে কেপটাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিলনও আহত হন।

দক্ষিন আফ্রিকার প্রবাসীরা বলছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে এরআগে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়নি। এ ঘটনায় দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় তার উপজেলার দুই প্রবাসী নিহত ও একজন আহত হয়েছেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন তার উপজেলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও নতুন স্ট্রেইনে আরও ৭টি লক্ষণ প্রকাশ

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে স্থবির পুরো ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে।

এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।

ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরও ৭টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে।

নতুন স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে।

১. ক্লান্তি
২. ক্ষুধামন্দা
৩. মাথা ব্যথা
৪. ডায়রিয়া
৫. মানসিক বিভ্রান্তি
৬. পেশী ব্যথা
৭. স্কিনে র‌্যাশ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া