Tag Archives: নির্বাচন

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনা হবে: র‍্যাব

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাবো। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‍্যাব।

কমান্ডার মঈন আরও বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করার কথাও জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

ডেস্ক রিপোর্ট:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের ৩নং ওয়ার্ডের হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব অভিযান শুরু করেছে। এছাড়াও জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচেনের বিকল্প নেই।

এম খুরশীদ হোসেন বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি র‌্যাব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার এবং অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

এ সময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ ও কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ আলমসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের দিন ইন্টারনেট সচল রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

চব্বিশের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ভোটের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, কোনো ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে ক্যাম্প স্থাপন করা যাবে না। এ নিষেধাজ্ঞায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৯ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে প্রদত্ত রিটার্নিং অফিসারের এখতিয়ার ক্ষুন্ন হবে না। আইনানুগভাবে ভোটগ্রহণ করতে হবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পরিপত্রে উল্লেখ নেই এসব বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র, আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের নির্দেশনা/পদ্ধতি অনুসরণ করতে হবে।

পরিপত্রে বলা হয়, সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের ভোট গ্রহণে নিযুক্ত করতে হবে। রিটার্নিং অফিসারকে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত সময়ে ভোট গণনার তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে নিজ নিজ সংস্থার যানবাহন ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।

যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে: সিইসি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ সংসদ নির্বাচন যেকোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলেন একথা বলেন সিইসি। খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ বৈঠকে করেন তিনি।

সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

সব অনিয়ম ও কারচুপি প্রতিহত করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সব ধরনের অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

নির্বাচনে সশস্ত্র বাহিনী যেসব দায়িত্ব পালন করবে

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন উপলক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। এ সময়ে সশস্ত্র বাহিনী কী দায়িত্ব পালন করবে তা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

যে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী
• ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ইনস্ট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পন্ন হবে।

• রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজন অনুসারে উপজেলা/থানায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান করবে।

• সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/ মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে।

• রিটার্নিং অফিসার বা প্রিসাইডিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে ভোটকেন্দ্রের অভ্যন্তরে কিংবা ভোটগণনা কক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।

• সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে।

• উপকূলবর্তী এলাকায় নৌবাহিনী প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবে।

• ঝুঁকির বিবেচনায় রিটার্নিং অফিসারের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি জেলায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা কম/বেশি করা যাবে।

• পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ সড়ক/মহাসড়কসমূহের নিরাপত্তা নিশ্চিত করবে।

• বিমান বাহিনী প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহণ বিমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় ও বাহিনীসমূহের অনুরোধে উড্ডয়ন সহায়তা প্রদান করবে।

• সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকাভিত্তিক মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

• বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে চাহিদামতো আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে হবে।

 

ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন ঢাকার রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম।

বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন।

এবারের নির্বাচনে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে চলবে ভোটগ্রহণ।

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন, ততবার নির্বাচন করব: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ যে কোনো ধরনের ঘটনা ঘটলে পুরো দায় সরকারের ওপর চলে যায়। নির্বাচনে আচরণ বিধি অবশ্যই মেনে চলতে হবে। ৭ জানুয়ারির নির্বাচন শুধু আমাদের চোখেই দেখছি না। এ নির্বাচন বিশ্ববাসী দেখছে। এ নির্বাচনের ওপর দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও আমাদের অস্তিত্ব নির্ভর করে। তাই এমন কিছু করবেন না যাতে কঠোরতার চরম পর্যায়ে যেতে হয়। প্রয়োজনে আমরা প্রার্থিতা বাতিল করবো। ভোট বন্ধ করে দেবো। পুনঃনির্বাচন করবো। যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো, ভোট সুষ্ঠু হতে হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোথাও কোনো অসুস্থ কাজ করলে, অন্যায় হলে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। কাউকে খুশি বা অখুশি করতে নির্বাচন করতে চাই না। জনগণ ভোট দেবে। ভোটগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিয়েছি, তৈরি থাকবে।

লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন খান (নৌকা), এম এ গোফরান (কেটলি), হাবিবুর রহমান পবন (ঈগল), লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), বোরহান উদ্দিন আহমেদ মিঠু (লাঙল), লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), এম এ সাত্তার (ট্রাক প্রতীক), মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন (নৌকা) ও ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক প্রতীক) প্রমুখ।

বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে :পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।’

আজ মঙ্গলবার নগরীর ধোপাদিঘির এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি নির্বাচন নস্যাৎ করতে যা যা করার তা করছে। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশবাসী তাদের সঙ্গে নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক লোক সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। আমরা সিলেট-১ আসনে সবচেয়ে বেশি ভোট ফেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সিলেট-১ আসনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সারাবিশ্বকে প্রমাণ করতে হবে আমরাও পারি। আমরা বিজয়ের জাতি।’

ড. মোমেন বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আমরা ভালো উপস্থিতি দেখাতে চাই। কারণ শেখ হাসিনার অনুগ্রহে সিলেটের এতো উন্নয়ন হয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার কারণে।’

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আরও অনেকে।

বুধবার থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে গতকাল সোমবার। এরপরই প্রচারণায় নেমেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। তবে আগামীকাল বুধবার থেকে নির্বাচনী প্রচারণায় নামেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জেলাটিতে আয়োজিত জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা।

কাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে যাবেন। মাজার জিয়ারতের পর বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

পরের দিন বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেবেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি যুক্ত হবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি আগামী ২৯ ডিসেম্বর বেলা ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরদিন ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ ও মাদারীপুরে যাবেন। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। তিনি এবারও এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন।

নির্বাচনের ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক পাঠাবে জাপান

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ কথা জানান।

বৈঠকে সিইসি ছাড়াও ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্য কর্মকর্তারাও অংশ নেন বলে জানা গেছে।

জাপানের রাষ্ট্রদূত জানান, জাপান থেকে ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক আসবেন। আর তাদের সঙ্গে ঢাকার জাপান দূতাবাসের ১৩ কর্মকর্তা থাকবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আজই প্রতীক বরাদ্দ হয়ে গেছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।