Tag Archives: প্রতিবন্ধী

তিতাসে ত্রাণের প্রলোভন

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

স্টাফ রিপোর্টার:

তিতাসে ত্রাণ সহায়তার প্রলোভন দেখিয়ে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। পরে স্থানীয়রা ধর্ষণে অংশগ্রহণকারী ৬ জন বখাটেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর (৪৫), চকের বাড়ির সিএনজি চালক বাবু (৪০), হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ির নুর মোহাম্মদ (২৫), এবং বিদ্যুত মজুমদার (৩৫)।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী ত্রাণ পাওয়ার আশায় দাসকান্দি বাজারে আসেন। সিএনজি চালক বাবু তাকে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দাসকান্দি বাজারের আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে। সন্ধ্যা হলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এক ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে তথ্য পৌঁছে। শুক্রবার সকালে অভিযুক্ত ৬ জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে স্থানীয়রা তাদের বাজারে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে সৎ মা কর্তৃক প্রতিবন্ধী মেয়েকে নির্যাতনের অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সালমা বেগম নামে এক সৎ মা কর্তৃক প্রতিবন্ধী মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবন্ধী ওই মেয়ের গলায় ওড়না পেঁছিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগি ওই মেয়ের নাম মোসা: রাত্রি আক্তার। তার বয়স আনুমানিক ২০ বছর। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মো: নাছির উদ্দিনের তৃতীয় মেয়ে।

জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের গান্দাছি পূর্বপাড়ার মো: নাছির উদ্দিন ৩০ বছর পূর্বে একই এলাকার বিলকিস আক্তার নামে এক নারীকে শরীয়াহ মোতাবেক সামাজিকভাবে বিবাহ করেন। দীর্ঘ সংসার জীবনে তাদের চার কন্যা ও এক পুত্র সন্তান হয়। সন্তানদের মধ্যে রাত্রি আক্তার নামে নাছিরের এক মেয়ে জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলো। তারপরও ভালোভাবেই চলছিলো নাছির-বিলকিসের সংসার জীবন। একপর্যায়ে পারিবারিক কলহ সৃষ্টি হলে তাদের সংসারটি ভেঙ্গে যায় এবং নাছির উদ্দিন তার স্ত্রী বিলকিসকে তালাক দেন।

পরবর্তীতে নাছির উদ্দিন কালিকাপুর ইউনিয়নের জামপুড়া গ্রামের সালমা আক্তার নামে আরেক নারীর সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংসার জীবন শুরু করেন। সালমা আক্তার নাছিরের সংসারে আসার পর থেকেই প্রতিবন্ধী রাত্রির উপর নেমে আসে নানা রকম নির্যাতন। এ বিষয়ে সালমাকে প্রতিবেশীরা বিভিন্ন সময় সতর্ক করে এবং নাছিরকেও বিষয়টি অবহিত করে। কিন্তু নাছির বিষয়টি আমলে নেয়নি কখনো।

এমনকি এ ব্যাপারে কোনো পদক্ষেপও নেয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। গত সপ্তাহে নাছিরের দ্বিতীয় স্ত্রী সালমা তার স্বামীর আগের সংসারের প্রতিবন্ধী মেয়ে রাত্রিকে ঘরে একা পেয়ে গলায় ওড়না পেঁছিয়ে প্রাণনাশের চেষ্টা করে। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রাত্রিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধী মেয়েকে নির্যাতন ও হত্যাচেষ্টাকারী সালমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সতেচন এলাকাবাসী।

রাত্রির মামা মো: হানিফ জানান, ‘আমার এ প্রতিবন্ধী ভাগনিকে বিভিন্ন সময় তার সৎ মা সালমা মারধর করে। ঘটনার দিন তাকে প্রচুর মারধর করে। একপর্যায়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে টেনে-হিচড়ে প্রাণনাশের চেষ্টা করে। প্রতিবাদ করায় নাছির ও সালমা সংঘবদ্ধ হয়ে আমার উপরও হামলা করে।’

এ বিষয়ে নির্যাতনের শিকার প্রতিবন্ধী রাত্রি আক্তারের বাবা নাছির উদ্দিন ও তার সৎ মা সালমা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শ্রীপুর ইউপি সদস্য মোহাম্মদ নয়ন জানান, ‘পত্রিকায় দেখে ব্যাপারটি জেনেছি। তবে, কেউ আমাকে এ বিষয়ে কিছুই জানায়নি। পরে শুনেছি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমি এই মুহুর্তে পারিবারিক কাজে ঢাকায় আছি। এলাকায় গিয়ে খোঁজখবর নিব।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁন বলেন, ‘প্রতিবন্ধী নির্যাতনের সংবাদ পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি। যতটুকু জেনেছি, মেয়েটির সৎ মা তাকে ঠান্ডা ভাত খেতে দিলে সে খাবেনা বলে অভিমান করে। পরে তার বাবা-মা তাকে ঘরে নিতে চায়। এ সময় টানাহেচড়ায় মেয়েটি নিজের পরিহিত ওড়নার দ্বারা গলায় আঘাত পায়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১) সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৭ জুন আসামি সোহেল শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফুসলিয়ে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি প্রজেক্টের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকিটিমের পিতা বাদী হয়ে চরজব্বর থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার আসামি ইব্রাহিম খলিল সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামি সাজা এড়াতে গা ঢাকা দেয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান : স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে নাজমুল নামের এক দশম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হাতলসহ একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা প্রদান করেছে মানব সেবায় মি. ফান নামের একটি সংগঠন। ফলে ৪ কিলোমিটার পথ পায়ে হেটে আর বিদ্যালয়ে যেতে হবেনা নাজমুলের।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা নাজমুলের বাড়ীতে উপস্থিত হয়ে দু’টি হাতল ও একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা তার হাতে তুলে দেন।

প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নবী মিয়ার ছেলে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ। আর সেই অর্থ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক সদস্যর কাছ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলের ৪ কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার খবর পেয়ে হাতল ও একটি রিক্সা নিয়ে তার পাশে দাঁড়ান।

ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে অসহায় মা ও মেয়েকে থাকার জন্য তৈরি করে দিয়েছে একটি নতুন ঘর। তার কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে উপজেলার শুশুন্ডা দক্ষিণ দিলালাপুর গ্রামের আরো এক অসহায় মা ও ছেলেকে দেয়া হয় নতুন ঘর।

তার কিছু দিন মধ্যে উপজেলা সদর এলাকার উত্তরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ খলিল মিয়াকেও দেয়া হয় একটি ঘর। আর এসব ঘর গুলোর নাম দেয়া হচ্ছে ‘ছায়ানীড়’। এছাড়াও এলাকায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে তারা অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া, শীতবস্ত্র বিতরণ, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক প্রদানসহ জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিদের নিজ খরচে রক্ত প্রদানও করে আসছে এই সংগঠনের সদস্যরা।