Tag Archives: ব্রেকিং নিউজ বাংলাদেশ

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ সোলেমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

"এমপি যখন ক্লাসের মনোযোগী ছাত্র"

“এমপি যখন ক্লাসের মনোযোগী ছাত্র”

“এমপি যখন ক্লাসের মনোযোগী ছাত্র”

স্টাফ রিপোর্টার:

শিক্ষিকা সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছেন। হঠাৎ ক্লাসে হাজির হন এমপি। তিনি বসে যান ছাত্রদের সাথে, শিক্ষিকাকে বলেন ক্লাস চলমান রাখতে। তিনি মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘন্টা ক্লাস শুনেন। এক ছাত্রীর কাছে কবি নজরুলের ‘কুলি মজুর’ কবিতাটি আবৃত্তি শুনেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে ৭ম শ্রেণীর বাংলা ক্লাসরুমে এভাবেই ছাত্রদের সাথে ক্লাসে বসেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

দেশব্যাপী হাম- রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান। এসময় ৭ ম শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছিলেন জনৈক শিক্ষিকা। তিনি অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করে ছাত্রদের সাথে ব্যাঞ্চে বসেন এবং শিক্ষিকাকে ক্লাস চলমান রাখতে বলেন। এসময় আর কাউকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেন।
ক্লাসের এক পর্যায়ে এক ছাত্রীর কাছে কবি নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতাটির আবৃত্তি শুনেন।

শেষদিকে এমপি দাড়িয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন

কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন

কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক দিন দিন যেন ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। ঈদ পরবর্তী সময়ে যানবাহনের চাপ বৃদ্ধি, বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ট্রাফিক শৃঙ্খলার ঘাটতির কারণে জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গত ২৬ দিনে কুমিল্লার বিভিন্ন সড়কে ৩৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন।

কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং জেলার ব্যস্ত সংযোগ সড়কগুলোতে।

সাধারণ মানুষ ও হাইওয়ে পুলিশ বলছে, অধিকাংশ দুর্ঘটনার পেছনে দায়ী দ্রুতগতিতে যানবাহন চালানো, অদক্ষ চালক, নিয়ম অমান্য করে ওভারটেকিং, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, মূল চালক বসে থেকে হেলপার দিয়ে গাড়ী চালানো, মাদক সেবন করে গাড়ী চালানো এবং যানবাহনের ফিটনেস সংকট।

সড়ক দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে আলেখারচর এলাকার ঢাকা থেকে ফেনীগামী যাত্রী আসাদ ও ফয়সালের সঙ্গে। তারা জানান, বর্তমানে মহাসড়কে যাত্রা করলেই আতঙ্ক কাজ করে। অনেক চালক প্রতিযোগিতা করে গাড়ি চালান, যেন আগে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। যাত্রীদের জীবনের মূল্য অনেক সময় বিবেচনায় থাকে না। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।

তারা আরও জানান, মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণ জরুরি। না হলে দুর্ঘটনা কমানো কঠিন হবে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীরা জানায়, যাত্রাপথে অনেক সময় বাস চালকদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়, কেউ কেউ আবার সহকারীর সঙ্গে গল্প করতে করতে গাড়ি চালান। এতে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা প্রয়োজন বলে মত দেন তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন করতে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। চালক, মালিক, যাত্রী এবং সাধারণ মানুষ—সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

প্রতিদিনের এই দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, পরিবার নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উৎসব মৌসুম বা ছুটির সময় মহাসড়কে ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ।

সচেতন মহলের দাবি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নইলে কুমিল্লার সড়কগুলোতে প্রাণহানির মিছিল আরও দীর্ঘ হবে।

কুমিল্লাসহ দেশের ৪টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

কুমিল্লাসহ দেশের ৪টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

কুমিল্লাসহ দেশের ৪টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের চারটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মতবিনিময়

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মতবিনিময়

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ওয়াসা গঠনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ওয়াসার কার্যপরিধি, কাঠামো ও জনবল সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক রেজুলেশন আকারে মন্ত্রণালয়ে পাঠাবেন বলে সিদ্ধান্ত হয়।

কৃষকের বরাদ্দও খেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী

কৃষকের বরাদ্দও খেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী

কৃষকের বরাদ্দও খেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া কৃষিযন্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা ও বিক্রি করে ভোগ করেছেন বলে মন্তব্য করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

আজ শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশ কৃষিপ্রধান। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থিতিশীল হবে। কিন্তু বিগত সরকারের সময়ে দেওয়া কৃষকের বরাদ্দের অংশও আওয়ামী লীগের নেতা-কর্মীরা খেয়ে ফেলত।’

মন্ত্রী আরও বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বিভিন্ন সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দামও বেশি। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। কৃষকদের কল্যাণে সরকারের নানা উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় মন্ত্রী নিমসার সবজি বাজারে একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, এতে কৃষকরা পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নির্দেশে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামের টিক্কাচর ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মাসুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ ও সিলগালা করা হয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান মাসুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

বছরের পর বছর ফ্লাইট বন্ধ, তবুও কোটি টাকার আয় কুমিল্লা বিমানবন্দরে!

বছরের পর বছর ফ্লাইট বন্ধ, তবুও কোটি টাকা আয় কুমিল্লা বিমানবন্দরে!

কুমিল্লা বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ঐতিহাসিক বিমানবন্দর—যেখানে রয়েছে রানওয়ে, টার্মিনাল, জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো; কিন্তু নেই শুধু যাত্রীবাহী বিমান চলাচল। প্রায় তিন দশক ধরে বন্ধ থাকা দেশের অন্যতম এই বিমানবন্দর কোনো ফ্লাইট ছাড়াই শুধু আকাশপথের নির্দেশনা সেবা দিয়ে প্রতি বছর আয় করছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। শিল্পাঞ্চল, রফতানি, প্রবাসী কর্মী ও রেমিট্যান্সসমৃদ্ধ জেলার বাসিন্দাদের প্রশ্ন, বন্ধ অবস্থায় যদি এত আয় হয়, তবে চালু হলে কতদূর যেতে পারে এই বিমানবন্দর?

কুমিল্লা শহরের দক্ষিণে প্রায় ৭৭ একর জায়গাজুড়ে অবস্থিত এই বিমানবন্দর আজ যেন থমকে থাকা সম্ভাবনার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১-৪২ সালে ব্রিটিশ ও মার্কিন বাহিনী সামরিক কাজে বিমানবন্দরটি ব্যবহার করত। স্বাধীনতার পর ১৯৭৬ সাল পর্যন্ত এখানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। পরে লোকসানের কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর ১৯৯৪ সালে নতুন আশায় আবার চালু করা হলেও মাত্র দুই সপ্তাহের মধ্যেই পুনরায় বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তারপর থেকে দীর্ঘ প্রায় তিন দশক ধরে নীরব পড়ে আছে কুমিল্লা বিমানবন্দর।

তবে ফ্লাইট বন্ধ থাকলেও থেমে নেই এর কার্যক্রম। বর্তমানে এখানে থাকা নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক আকাশপথে চলাচলকারী উড়োজাহাজকে দিকনির্দেশনা দেয়া হয়।

কুমিল্লা বিমানবন্দরের সিএনএস প্রকৌশলী নাসির উদ্দিন আহাম্মদ জানান, ‘বিমানবন্দরে থাকা ডিভিওআর, ডিএমই এবং ভিস্যাট প্রযুক্তি ব্যবহার করে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০টি উড়োজাহাজ সেবা নিচ্ছে। এই সেবা থেকেই প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে; যা থেকে সরকারও উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে।’

কুমিল্লা বিমানবন্দরের পাশেই অবস্থিত কুমিল্লা ইপিজেড; যেখানে ৪৬টি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৫০ হাজার শ্রমিক। গত বছর এখান থেকে রফতানি আয় হয়েছে ৯০২ মিলিয়ন ডলার। চলতি বছর এখন পর্যন্ত আয় হয়েছে ৬১৯ মিলিয়ন ডলার। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। দ্রুত কার্গো পরিবহন সুবিধা তৈরি হবে, কমবে সময় ও ব্যয়, বাড়বে শিল্পায়নের গতি।

প্রবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা। সরকারি তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে বিদেশগমন করেছেন ২০২১ সালে ৬৮ হাজার ৫৮৬ জন, ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৯৯৭ জন, ২০২৩ সালে ১ লাখ ১৩ হাজার ৫২০ জন, ২০২৪ সালে ৯২ হাজার ৯১১ জন এবং ২০২৫ সালে ৭৬ হাজার ৪৫৮ জন।

প্রতি বছর হাজার হাজার মানুষ কাজের সন্ধানে বিদেশে গেলেও তাদের যাত্রা শুরু করতে হয় ঢাকা, সিলেট বা চট্টগ্রাম থেকে। এতে বাড়ে সময়, খরচ ও দুর্ভোগ। স্থানীয়দের দাবি, নিজ জেলায় বিমানবন্দর চালু হলে শুধু যাত্রীসেবা নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতেই বড় পরিবর্তন আসবে।

বিশ্লেষকদের মতে, কুমিল্লা বিমানবন্দর চালু করা গেলে এটি হতে পারে পূর্বাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। শিল্প, রফতানি, কার্গো, পর্যটন ও প্রবাসী যাত্রা সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। আরও সমৃদ্ধ হবে কুমিল্লার অর্থনীতির চাকা।

যে বিমানবন্দর উড়োজাহাজ ছাড়াই আকাশপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে, যে বিমানবন্দর বন্ধ থেকেও আয় করছে কোটি টাকা, সেটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কত বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে কুমিল্লা, এখন সেই প্রশ্নই ঘুরছে সবার মুখে। সম্ভাবনার এই রানওয়ে আর কত দিন নীরব থাকবে, তার উত্তরের অপেক্ষায় রয়েছেন কুমিল্লাবাসী।

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ফাহিম (১৯ ও মো. জনি (২২)। তারা উভয়ই একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই আল-আমিন ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রামচন্দ্রপুর এলাকার ফুল মিয়ার বসতঘরের পাশের একটি কক্ষ থেকে ১২ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানায়, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩; উদ্ধার ২ শিশু

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩; উদ্ধার ২ শিশু

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩; উদ্ধার ২ শিশু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে জিডি মূলে দুইজন শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত অভিযানে এ গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামী মো. শুক্কুর মিয়া পারভেজ (২০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে জিডি মূলে নিখোঁজ দুই শিশু- জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) কে উদ্ধার করা হয়।

ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামীকে আদালতে চালান দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীকে পরোয়ানা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানায়।