Tag Archives: মুরাদনগর উপজেলা

কুমিল্লার চান্দিনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী নানার বিরুদ্ধে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো নানার বিরুদ্ধে। রোববার দুপুর ২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের ছনবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। জন্মগতভাবে কানে কম শুনতে পাওয়া ওই শিশুটি নানা-নানির সঙ্গে থাকে। একই বাড়ির চাচাতো নানা সুতা ব্যবসায়ী নজির মিয়া (৫৫) গরু ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

তিনি অভিযোগ করে বলেন, আমার বাড়ি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলায়। আমার এক ছেলে দুই মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। ছোটবেলা থেকেই নানার বাড়ি ছনবাড়িয়া থাকে। রোববার দুপুরে তার চাচাতো নানা নজির আমার মেয়েকে গরু ঘরে নিয়ে ধর্ষণ করে।

এদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে ওই গরু ঘরের সামনে গেলে হঠাৎ ওই গরু ঘর থেকে আমার মেয়েকে ধাক্কা দিয়ে বের করে পালিয়ে যায় নজির। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, প্রাথমিকভাবে ওই শিশুর মধ্যে কিছুটা চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নজির মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করলে আমার অফিসার তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লার মুরাদনগরে পুলিশের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখাল পশ্চিম বিল থেকে দুটি ও পূর্বধইর থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় অজ্ঞাতনামায় বাঙ্গরা বাজার থানায় জিডি করা হয়েছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এইসব ড্রেজারের জন্য জমিতে আগের মতো এখন আর ধান চাষ করা যায় না, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এইসব ভুমিদস্যুরা। এরা প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে সেখানে ড্রেজার বসায়। পরে আশ-পাশের জমি গুলো ভেঙ্গে পরলে নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়। বেশি কিছু বললে নানানভাবে ভয়ভিতি দেখায়।

অভিযান পরিচালনা করাকালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানায় আজ দ্বিতীয় বারের মতো অভিযান পরিচালনা করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় আমরা এই ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ,তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনি আমাদের ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন।

এ সময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মুরাদনগরে মাদরাসার ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মোঃ ফয়সাল (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী ফয়সাল জেলার বি-পাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবুল ফজল মাষ্টারের ছোট ছেলে।

রবিবার (২০ জুন) বিকালে বাঙ্গরা বাজারের মারকাযুস সুন্নাহ মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল উক্ত মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সে গত ৭ জুন ২০২১ মাদরাসায় ভর্তি হয়।

জানা যায়, শিক্ষার্থী ফয়সাল কয়েকদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য পীড়াপীড়ি করছিল। কিন্তু মাদরাসা থেকে যেতে দেওয়া হয়নি। মাদরাসার পক্ষ থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়। পরে রবিবার বিকালে প্রতিদিনের মত শিক্ষকদের সাথে ফয়সাল মাদরাসার ছাদে উঠে। মাগরীবের নামাজের পূর্বে সকল শিক্ষার্থীরা যখন ছাদ থেকে নামতে যায় তখন ফয়সাল দৌড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিলে ভবনের পাশে থাকা দোকানের টিনের চালা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। সাথে সাথে মাদরাসা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মারকাযুস সুন্নাহ মাদরাসাটি ওই ভবনের ৫ম তলায় অবস্থিত। খেলাধূলার জন্য ছাত্রদেরকে নিচে নামতে না দিয়ে প্রতিদিন ছাদে নেয়া হয়। ছাদের চারদিকে অল্প উচ্চতার রেলিং দেয়া থাকলেও তা ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। যা খেলাধূলার জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। বাঙ্গরা বাজারে এমন আরো ৩টি মাদরাসা রয়েছে যেগুলো ৪ তলা এবং ৫ তলায় অবস্থিত। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মারকাযুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মামুন মিয়া জানান, আসর নামাজের পর আমি ও আরেকজন শিক্ষক ছাত্রদের সাথে ছাদে ছিলাম। যখন সময় শেষ তখন ছাত্রদেরকে একসাথে করে নামতে বলি। অন্যরা নামার জন্য আসলেও ফয়সাল না এসে দৌড়ে গিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়।

এ ব্যপারে মাদরাসার পরিচালক হাফেজ মোঃ আরিফ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় মাদরাসার পাশে এক দোকানে বসা ছিলাম। আমাকে যখন জানানো হয় তখন যে দোকানের চালার উপড় পড়েছে সেই দোকানে যাই। দোকানটি তখন তালাবদ্ধ ছিল। দোকানদারকে দিয়ে তালা খুলে ভিতয়ে গিয়ে দেখি ফয়সাল মাটিতে পড়ে আছে। তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তাৎক্ষনিকভাবে আমরা তাকে মুরাদনগর সরকারি হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ফয়সাল এর আগেও কয়েকটি মাদরাসা থেকে পালিয়ে এসেছে। আমার আত্মীয় হওয়ায় তার মা তাকে আমার এখানে এনে ভর্তি করান। সে যেন আবার পালিয়ে না যায় সে জন্য আমরা তাকে সবসময় চোখে চোখে রাখতাম।

শিক্ষার্থী ফয়সালের মা, বড় ভাই ও মামার সাথে কথা বললে তারা জানান, আত্মীয়ের মাদরাসা হওয়ায় তার (ফয়সালের) ভালোর জন্যই ভর্তি করিয়েছি যেন হাফেজ হতে পাড়ে। আমাদের ভাগ্যে হয়তো নেই। মাদরাসার বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলেও জানান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাঁজার ফেরিওয়ালা : ফেরি করে গাঁজা বিক্রয় করছিলো খলিল মোল্লা!

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

‘গাঁজার ফেরিওয়ালা’ কথাটি শুনতে অবাক লাগলেও এমনি এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা জেলার মুরাদনগর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের সোনাপুর এলাকা থেকে তাকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পরিমাপের যন্ত্রসহ আটক করা হয়।

আটককৃত খলিল মোল্লা (৫৮) উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আইয়ূব আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থেকে ক্রয় করে নিয়ে এসে নিজ এলাকাসহ পার্শ্ববর্তী তিতাস থানা এলাকায় পরিমাপের যন্ত্র দিয়ে যার যতটুকু প্রয়োজন ফেরি করে গাঁজা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খলিল মোলাকে তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পরিমাপের যন্ত্রসহ আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী খলিল মোল্লার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগেও এই থানায় খলিল মোল্লার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

 

কুমিল্লায় গাছের খুঁটির সঙ্গে প্রতিবন্ধির সন্তানকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ নোয়াগাও গ্রামে এক প্রতিবন্ধীর কিশোর সন্তানকে গাছের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করেছে একই গ্রামের কতিপয় যুবক। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম সোহাগ। সে ওই গ্রামের মুন্সী বাড়ীর আল-আমীনের পুত্র।

মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ঘর থেকে ধরে নিয়ে ওই কিশোরকে নির্যাতন করা হয়। নির্যাতনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এঘটনার বিচার দাবী ও নিন্দা জানিয়েছেন গ্রামবাসী।

ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের কামারচর মোড়ে জনৈক সজিবের দোকান থেকে একটি মোবাইল ও কিছু নগদ টাকা চুরি হয়। এঘটনার সোহাগ নামে ওই কিশোরকে সন্দেহ করা হয়। পরে গত বুধবার একই গ্রামের মুকবল হোসেনের ছেলে আশিক, মতিন মোল্লার ছেলে রুবেল ও আছমত আলীর ছেলে কামালসহ আরও কয়েকজন মিলে সোহাগকে বাড়ি থেকে ধরে নিয়ে একটি গাছের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মারধর করে। সারাদিন সোহাগকে বেঁধে রাখা হয়। ওই সময় কে বা কারা নির্যাতনের ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে।

ওইদিনই চুরি যাওয়া মোবাইল ফোন একই এলাকার ধনু মিয়ার ছেলে নজরুলের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে নির্যাতনের ঘটনা কাউকে না বলতে এবং কিছুদিন গ্রামের বাইরে থাকার ভয়ভীতি দেখিয়ে সোহাগকে ছেড়ে দেয় ওই যুবকরা। শনিবার নির্যাতনের ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে পড়ে।

নির্যাতিত কিশোর সোহাগের বাবা আল-আমীন বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী অসহায় লোক। ভিক্ষা করে সংসার চালাই। আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে যে নির্যাতন করা হয়েছে আমি এর বিচার চাই।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে আমি অবহিত নই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

মুরাদনগরে মুক্তিপণ না পেয়ে হত্যা, ৩৮ দিন পর শিশুর লাশ উদ্ধার: একজন গুলিবিদ্ধসহ আটক ৩

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে আবদুর রহমান নামের পাঁচ বছরের এক শিশুকে হত্যা করেছে তার আপন ফুফা (বাবার বোনের স্বামী)। অপহরণের ৩৮ দিন পর সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বোড়ারচর এলাকা থেকে মাটি খুঁড়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যার শিকার আবদুর রহমান (৫) উপজেলার গাংগাটিয়া গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে। এই ঘটনায় ওই শিশুটির ফুফাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার বোড়াচর গ্রামের আঃ বাতেন বেপারীর ছেলে মোঃ ময়নাল (৩৪), আবু মুসার ছেলে ও নিহত শিশু আবদুর রহমানের ফুফা নাজমুল হাসান (৩০) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রবিউল হাসান (২৭)।

এদিকে আসামীদেরকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে নিজ ঘর থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ হয় শিশু আবদুর রহমান। এ সময় শিশু আবদুর রহমানের বাবার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন বাবা ফারুক মিয়া মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপহরণের কিছুদিন পর চুরি যাওয়া ফারুকের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর নম্বারে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন অপহরণ কারিরা। তারই জের ধরে সোমবার দিবাগত রাত ৮টার দিকে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানের নের্তৃত্বে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই হামিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে মুক্তিপণের টাকা দিতে বাখরাবাদ এলাকায় অপহরণকারিদের দেয়া ঠিকানায় যান। পরে সেখান থেকে মুক্তিপণের সর্বশেষ দাবিকৃত ৪ লাখ টাকা নিতে আসে অপহরণ কারি চক্রের সদস্য ময়নাল।

টাকা নিয়ে যাওয়ার সময় এসআই হামিদুল ইসলাম ময়নালকে ধরে ফেললে অপহরণকারি চক্রের অন্য সদস্য লাঠি দিয়ে হামিদুল ইসলামের ডান পায়ে স্বজোরে আঘাত করলে তার পা ভেঙ্গে যায়। তার পরেও ময়নালকে না ছাড়লে ময়নাল এক পর্যায় হামিদের গালে কামড় দেয়। হামিদের চিৎকার শুনে কিছুটা দুরে থাকা ছদ্মবেশধারী পুলিশ সদস্য রুবল এসে ময়নালকে আটকে রাখার চেষ্টা করে। এ সময় ময়নাল তার সাথে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্য হামিদ ও রুবেলকে এলোপাথালী আঘাত করতে থাকে। অবস্থা বেগতিক দেখে এসআই হামিদের সাথে থাকা বন্দুক দিয়ে ময়নালের পায়ে গুলি করেন। গুলির শব্দ শুনে আরো কিছুটা দুরে থাকা মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনা স্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্য ও অপহরণ কারি চক্রের সদস্য ময়নালকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। পরে ময়নালের দেয়া তথ্য অনুযায়ী সোমবার দিবাগত রাতেই অপহরণের পর হত্যার সাথে জড়িত নাজমুল হাসান ও রবিউল হাসানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, শিশু আবদুর রহমান অপহরণের ঘটনায় আমরা ময়নাল, নাজমুল হাসান ও রবিউল হাসান নামের তিন অপহরণকারীকে আটক করেছি এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী ও স্বীকারোক্তিতে শিশু আবদুর রহমানের মরদেহ উদ্ধার করেছি। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন কুমিল্লা মুরাদনগরের সন্তান

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে অনুষ্ঠিত ‘কিং আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

মোট ৭৩টি দেশের মধ্যে এ কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি।এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হাফেজ হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

এর আগে ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং এ বছরের এপ্রিল মাসে মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অজর্ন করেন তিনি।

এ ছাড়া ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে গত ৩ অক্টোবর (মঙ্গলবার) সৌদি আরব যান আবদুল্লাহ আল মামুন ও হাফেজ নাঈমুল হক সাদী।

হাফেজ আব্দুল্লাহ আল-মামুন ৩০ পাড়া গ্রুপে এবং হাফেজ নাঈমুল হক সাদী ১৫ পারা গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচিত মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

মুরাদনগরে দৃষ্টি প্রতিবন্ধীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পীত হত্যা!

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মোঃ রবিউল্লাহ (১৮) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি জমি সংক্রান্ত জেরে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে তাকে।

ঘটনাটি উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে ঘটে। শনিবার সকাল ৬টায় ওই গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরের দক্ষিণ পারের রেওনা গাছে ঝুলানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোঃ রবিউল্লাহ (১৮) উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোঃ ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, নিহত রবিউল্লাহ একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে কোন ভাবেই আত্মহত্যা করতে পারেনা। তার গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্পষ্ট বুঝা যায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা হাফেজ মোঃ ইউসুফ জানায়, আমার ছেলে শুক্রবার দিবাগত রাতে বলিঘর হুজুরী শাহ মাফিলে যায়, পরদিন সকালে আমার স্ত্রীর কাছে স্থানীয় এক লোক এসে তার মৃত্যুর সংবাদ দিলে আমরা জানতে পারি। তিনি আরো বলেন, আমার নিজ বাড়িতে জায়গা সংক্রান্ত একটি দন্দ আছে, যার রেশ ধরে আমার ছেলেকে হত্যা করা হতে পারে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামী আব্দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চতুর্থ আদালতের অতিরিক্ত দায়রা জজ রোজিনা খাঁন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আবু তাহেরে ছেলে। জামিনে গিয়ে তিনি পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা আক্তারের সঙ্গে একই উপজেলার ফতেহাবাদ গ্রামের আবদুল কাদেরের বিয়ে হয়। উভয়ের মাঝে পারিবারিক কলহ দেখা দিলে ২০১০ সালে তাদের তালাক হয়ে যায়।

পরে ২০১৩ সালের ১২ আগস্ট বিকালে মামার বাড়ি থেকে ফেরার পথে মুরাদনগর উপজেলার উড়িশ্বর গ্রামে আয়েশা আক্তারের পথরোধ করে আবদুল কাদের। এ সময় আয়েশা আক্তার কথা বলতে অস্বীকৃতি জানালে আবদুল কাদের ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় স্থানীয় লোকজন আবদুল কাদেরকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় নিহত আয়েশা আক্তারের বাবা আবুল হোসেন ৪ জনের বিরুদ্ধে ওইদিন রাতেই মামলা করেন। পরদিন আসামি আবদুল কাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

আদালতের অতিরিক্ত পিপি মোয়াজ্জেম হোসেন জানান, মামলায় ১৫ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

মুরাদনগরে মৃত্যুর ২২ বছর পর শ্মশান থেকে উঠে এসে জমি লিখে দিলেন মালিক !

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মৃত্যুর ২২ বছর পর শ্মশান থেকে উঠে এসে জমি লিখে দিলেন মালিক। এমন খবরে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে খবর নিয়ে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত হরিচরণ দাসের ছেলে সুরেন্দ্রচন্দ্র দাস ১৯৯৯ সালের ১২ ডিসেম্বর মারা যান। পরে তার রেখে যাওয়া ১৬ শতক জমি কৌশলে হাতিয়ে নিতে দলিল লেখক জহিরুল ইসলামের মাধ্যমে গত ১৩ ডিসেম্বর একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন লিখে নেন (যার দলিল নং ১৩৫৫০)। শুধু তাই নয়, জহিরুল ইসলাম নিজেই এ দলিলের শনাক্তকারী হন। জমিটি মহেশপুর মৌজার ৩৫০ নং বিএস খতিয়ানের ৭৭৭ নম্বর দাগের।

অভিযুক্ত দলিল লেখক জহিরুল ইসলাম (৫৪) মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার সনদ নং ১১২। এদিকে সত্যতা পাওয়ার পরও দলিল লেখকের বিষয়ে ব্যবস্থা না নিয়ে উল্টো সেটি ধামাচাপা দেওয়ার অভিযোগ সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে।

স্থানীয় ইউপি সদস্য রহিম সরকার বলেন, মহেশপুর গ্রামের মৃত হরিচরণ দাসের ছেলে সুরেন্দ্রচন্দ্র দাস ১৯৯৯ সালের মারা গেলেও তারই ১৬শতক জমি একই গ্রামের আব্দুর রশিদ মিয়া ছেলে দেলোয়ার কিভাবে লিখে নেন তা আমার বোধগম্য নয়।

দলিল গ্রহীতা দেলোয়ার হোসেন বলেন, ‘দ্বীনেশচন্দ্র দাসের কাছ থেকে আমি ১৬ শতক জমি কিনি। কিন্তু দলিল নেওয়ার পূর্বে জানতে পারি, জমির প্রকৃত মালিক মৃত সুরেন্দ্রচন্দ্র দাস। এর পর বিষয়টির সমাধান খুঁজতে দলিল লেখক জহিরুল ইসলামের সঙ্গে কথা বলি। তিনি বলেন- অতিরিক্ত খরচ দিলে জাতীয় পরিচয়পত্রসহ সব কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রি অফিস ম্যানেজ করে দলিল করা সম্ভব। তার কথায় আমি রাজি হই। সে মোতাবেক ১৩ ডিসেম্বর জহিরুল ইসলাম দলিলটি রেজিস্ট্রি করেন।’

পারিবারিকভাবে জমির বর্তমান মালিক মৃত সুরেন্দ্রচন্দ্র দাসের ভাতিজা অমরচন্দ্র দাস বলেন, ‘আমার বাবা দ্বীনেশ চন্দ্র দাস দীর্ঘদিন ধরেই মানসিক ও হার্টের রোগী। আর সেটিকেই কাজে লাগিয়ে দ্বীনেশচন্দ্র দাসকে মৃত সুরেন্দ্রচন্দ্র দাস বানিয়ে দলিল লেখক জহিরুল ইসলামের যোগসাজশে দেলোয়ার হোসেন ১৬ শতক জমি লিখে নেন। ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। পরে লোকমুখে বিষয়টি জানতে পারি।’

অভিযুক্ত দলিল লেখক জহিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে এ বিষয়ে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। সরাসরি তার সঙ্গে দেখা করার অনুরোধ জানান। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান মুন্সী বলেন, ‘মারা যাওয়ার ২২ বছর পরও দলিল দেওয়ার ঘটনা সবার মুখে মুখে। এ জালিয়াতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমি জানি না। তবে এ সাব-রেজিস্ট্রার আসার পর সব দলিল লেখক সমান সুযোগ পান না। সঠিক কাগজপত্র নিয়ে দলিল করতে গিয়ে অনেকে হয়রানিরও শিকার হন। আবার অনেকেই নিজে কাগজপত্র তৈরি করে সন্ধ্যার পর দলিল করেন।’

একাধিক দলিল লেখকও জানান, সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম মুরাদনগরে যোগদানের পরই চার-পাঁচজনের একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। ওই চক্রটি ভুয়া ভোটার আইডি, আরএস ও বিএস খতিয়ান, দাখিলা এবং জমির শ্রেণি পরিবর্তন করে দলিল করছেন। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি রেজিস্ট্রি অফিসের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। মৌখিকভাবে সাব-রেজিস্ট্রারকে এসব বিষয়ে জানানো হলে তিনি ওই চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীদের বিভিন্নভাবে হয়রানি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, ‘মোবাইলে এসব কথা বলতে পারব না। আপনি অফিসে আসেন, আপনার বিষয়টা আমি দেখব।’ এই বলে লাইন কেটে দেন।