Tag Archives: কুমিল্লা জেলা

ব্রাহ্মণপাড়ায় বিয়ের ৫ দিন পর হোটেল থেকে নববধূর মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের ৫ দিন পর ঢাকার একটি আবাসিক হোটেল থেকে জেরিন নিপা (২৪) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামে আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহনাজ জেরিন নিপা (২৪) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

নিহত নিপার বিয়ে হয় একই উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বছরের প্রথম দিন (১ জানুয়ারি) নিপার সঙ্গে রুবেলের বিয়ে হয়। গত রোববার গ্রামের বাড়ি থেকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন নিপা।

চাকরির কারণে স্বামী রুবেলের বাসস্থান অফিসের মেস হওয়ায় স্ত্রীকে নিয়ে ওঠেন রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে। আর সেই হোটেল থেকে মঙ্গলবার বের করা হয় মেহনাজ জেরিন নিপার লাশ।

নিহতের ভাই আহসানুল কবিরের অভিযোগ, স্বামী রুবেলই তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ভেতর থেকে রুমের দরজা বন্ধ ছিল। এ ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম রুবেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই আহসানুল কবির।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ৩ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন হোটেলের ওই রুমটি ভাড়া নেন। এরপর স্বামী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে হোটেল থেকে চলে যান। এ সময় ওই তরুণী হোটেলে একাই ছিলেন। মঙ্গলবার সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

কুমিল্লার মনোহরগঞ্জে দীর্ঘ ১৫ বছর ধরে একটি সরকারি ঘরের আশায় অসহায় দম্পতি

 

মো আবুল খায়ের, মনোহরগঞ্জঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরসপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ডুমুরিয়া গ্রাম ফকির বাড়ি মৃত দেলু মিয়ার ছেলে মো আবুল হোসেন চৌধুরী ও তার স্ত্রী দীর্ঘ ১৫ বছর ধরে একটি সরকারি ঘরের আশায় কাটাছে দিনরাত।

অসহায় আবুল হোসেন চৌধুরী বলেন, আমি একজন হত দরিদ্র ও অসহায় মানুষ, দিনে এনে দিনে খাই। আমার পরিবার সদস্য সংখ্যা ছয় জন, সংসার চালাতে আমার খুব কষ্ট হয়। তার উপর বসত ঘরটি নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বার বার ধরনা দিয়েও কারো কাছে কোন সহযোগিতা পাই নাই। তাই মাননীয় এলজিআরডি মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি মহোদয়ের কাছে আমার এই বসত ঘরটি নির্মাণ করার সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা মো ওমর ফারুক জুয়েল বলেন, আবুল হোসেন চৌধুরী একজন গরীব ও অসহায় মানুষ আমার কাছে তার ঘরের বিষয়ে অনেক বার বলছেন আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি, কোন সহযোগিতা করতে পারি নাই।

ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়াদকালে মোট ২৫টি সরকারি ঘর বরাদ্দ পেয়েছি, সব গুলো সঠিকভাবে বন্টন করেছি। ডুমুরিয়া গ্রামের আবুল হোসেন চৌধুরীর বিষয়টি আমার নজরে আছে, আগামীতে বরাদ্দ পেলে সবার আগে তার ঘরটি নির্মাণ করে দিতে চেষ্টা করবো।

চান্দিনা পৌরসভায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.শামীম হোসেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওই প্রার্থী এবং তার সমর্থকরা।

বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ সকল শ্রেণির নারী-পুরুষের সাথে সরাসরি দেখা করে জগ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।

বুধবার (৬ জানুয়ারি) সকাল থেকে চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বড় গোবিন্দপুর এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নিজের প্রতীকে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন তিনি।

গণসংযোগে তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. হারুনুর রশিদ , মো. হুমায়ুন কবির মজুমদার, মো. রাশেদুল ইসলাম , মো. শামীম হোসেন সরকার, জামাল উদ্দিন, মো. ইউনুছ, মো. শওকত জামান, মো. আহসান উল্লাহসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

কুমিল্লার হোমনায় গাঁজার গাছের সন্ধান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনা উপজেলায় গাঁজা গাছের সন্ধান পেয়ে ৩টি গাঁজার গাছ উদ্বার করেছে থানা পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) হোমনার পৌর এলাকার খোকনের বাড়ি থেকে এই ৩টি গাঁজার গাছ উদ্বার করা হয়।

বরুড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা অর্থদন্ড প্রধান করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থে‌কে আড়াইটা পর্যন্ত বরুড়ার পৌর বাজার এলাকায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে মেসার্স রাধুনী হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ১০ হাজার টাকা, মেসার্স জননী মে‌ডি‌কেল হলকে ৫ হাজার টাকা, দারুস সালাম হো‌টেল‌কে ৮ হাজার টাকা, যমুনা স্টোর‌কে ৬ হাজার টাকা ও পদ্মা মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধা‌রিত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে ব্যবসা প‌রিচা‌লনা করার নির্দেশনা দেয়া হয়।

উক্ত অভিযানে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, ক‌্যা‌বের সদস‌্য, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও এসআই ওয়া‌হেদের নেতৃ‌ত্বে বরুড়া থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লার বরুড়ায় ফকিরা মোকাম ব্রীজের নিচে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ

 

এমডি. আজিজুর রহমান,বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় ঝলম ইউনিয়নের ফকিরা মোকাম ব্রীজের নিচে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠেছে।

বুধবার (০৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ফকিরা মোকাম নামক ব্রীজের নিচে এ অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠে।

প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমি এ মুহুর্তে ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজ শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে ব্রীজের ভাঙ্গা পাটাতনে ট্রাক আটকে যান চলাচলে ভোগান্তি

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা-চাঁন্দিশকরা সীমান্তবর্তী ষ্টীল ব্রীজের ভাঙ্গা পাটাতনে মঙ্গলবার রাতে এবং বুধবার ভোরে ট্রাক আটকে পড়ে যান ৫-৬ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এসময় ব্যাপক ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী এবং ভারী যানবাহন। ভোরে আটকে পড়া ট্রাকটি ৫ ঘন্টা পর ভাঙ্গা পাটাতন থেকে বের করা হলেও ব্রীজের ১টি পাটাতন উল্টে পড়ায় বর্তমানে অনেক ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা এবং ভুক্তভোগীরা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পর চৌদ্দগ্রাম উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং কোটি কোটি টাকার পণ্য নিয়ে ভারী যানবাহন চৌদ্দগ্রাম হয়ে নাঙ্গলকোট, লাকসাম, বরুড়া, মনোহরগঞ্জ, নোয়াখালীর একাংশে যাতায়াত করে।

কিন্তু দীর্ঘ কয়েকবছর ধরে ব্রীজটির কয়েকটি পাটাতন ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সওজ কর্তৃপক্ষ বিগত সময়ে ২-১ বার ভেঙ্গে পড়া পাটাতন পরিবর্তন করেই দায়িত্ব শেষ করে। পরবর্তীতে কিছুদিন পরই ভারী যানবাহনের চাপে অপর পাটাতন ভেঙ্গে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, বিগত ২-৩ মাস ধরে প্রায় প্রতিদিনিই ভাঙ্গা পাটাতনে গাড়ি আটক হয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় অনেকে আহতও হয়। ইতোপূর্বে বিভিন্ন সময় জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সওজ কর্তৃপক্ষের বক্তব্যসহ খবর প্রকাশিত হলেও কর্তৃপক্ষ এখনো ব্রীজটি নির্মাণে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

বরুড়ায় “বরুড়া বিজনেস ফোরাম” গ্রুপের উদ্দোক্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রির্পোটার:

কুমিল্লার বরুড়ায় “বরুড়া বিজনেস ফোরাম” গ্রুপের উদ্দোক্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বরুড়া ফেয়ার হসপিটালের হলরুমে স্মার্ট পয়েন্টের সত্বাধিকারী ইমরান হোসাইনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা ইলেকট্রিক এন্ড সেনেটারী প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও মানবাধিকার কর্মী এমডি আজিজুর রহমান, জীবনশৈলী সংগঠনের সভাপতি খলীলুর রহমান।

কোরআন তেলাওয়াত করেন মোল্লা মোমরেজ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভির পরাজী।

নির্বাচিত অ্যাম্বাসেডর ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সফল করতে সমন্বয় করেন “বরুড়া বিজনেস ফোরাম” এর ফাউন্ডার কাতার প্রবাসী সাইফুল ফয়েজ উল্লাহ।

দাউদকান্দিতে আগুনে নিঃস্ব ৪ পরিবার

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ আগুনে বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে ৪ পরিবারের। এতে নিঃস্ব হয়ে পড়েছে চারটি পরিবার।

শনিবার দিবাগত রাতে উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের সুন্দুলপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুন্দুলপুর গ্রামের খান বাড়ির হাবিবুল্লাহ খানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা চালায়। খবর পেয়ে দাউদকান্দির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষনে ওই বাড়ির হাবিবুল্লাহ খান, স্বপন খান, শহিদ উল্লাহ মাস্টার ও সোহেল খানের এই চারটি বসতঘরসহ সব কিছু পুড়ে ছাই যায়। স্থানীয়দের ধারণা আগুনে পরিবার গুলোর কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য মাহবুব খান জানান, রাতে হাবিুল্লাহর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে পাশের আরো তিনটি ঘরে লেগে যায়। এতে ৪টি ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে তিনি জানান।

পূর্ব শত্রুতার কারনে আগুন কেউ লাগিয়েছে দাবী করে ক্ষতিগ্রস্ত হাবিবুল্লাহ বলেন, আমি বাড়িতে নেই, আমার মা বাবাও বাড়িতে নেই। এই সুযোগে রাতের আধাঁরে কেউ আমার ঘরে আগুন দেয়। এতে আমার ঘরসহ পাশের আরো তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই নেই। বিষয়টি স্থানীয় সাংসদসহ উপজেলা পরিষদকে আবগত করেছি।

 

 

 

নগরীর রেইসকোর্সে বখাটেদের নির্যাতনের স্বীকার শিক্ষার্থী, উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি

 

তানজিনা রুমকিঃ

কুমিল্লা নগরীর রেইসকোর্সে নিপা নামের এক ছাত্রীকে চড়-থাপ্পর মেরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রেইসকোর্সে সাকিনের খ্রিষ্টান কবরস্থানের পাশের রাস্তায় এই ঘটনাটি ঘটে।

উক্ত ঘটনায় ভিক্টিম তানজিনা আক্তার নিপা নিজে বাদী হয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়- ভোকেশনাল টেক্সটাইলের ছাত্রী তানজিনা আক্তার নিপা শনিবার সন্ধ্যা ৭টায় মামাতো বোনের মেয়েকে প্রাইভেট পড়ানো শেষে মামী পারভীন বেগমের সাথে নিজ বাসায় যাওয়ার সময় সাকিনের খ্রিষ্টান কবরস্থানের পশ্চিম দিকের গলির রাস্তার উপর মাসুম, ইমন, রোমান, সজিবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল এবং উক্ত রাস্তা দিয়ে নারী ও মেয়েরা যাতায়াত করার সময় অশ্লীল ও অসম্মানজনক কথা বলছিল। কয়েকজন মেয়ে এর প্রতিবাদ করে চলে যায়।

প্রতিবাদ করায় মাসুম ও তার সাথের নাম উল্লেখিত কয়েকজন নিপার পথরোধ করে তাকে চড়-থাপ্পর মেরে শ্লীলতাহানির চেষ্টা করে, সাথে থাকা মামী পারভিন বেগম রক্ষা করার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। চিৎকার শুনে আশে পাশের লোকজন আসতে দেখে আসামিরা পালিয়ে যায় এবং সুযোগ পেলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

বর্তমানে শিক্ষার্থী তানজিনা আক্তার নিপাসহ তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।