Tag Archives: কুমিল্লা জেলা

চাঁদপুর থেকে কুমিল্লার যুবকের লাশ উদ্ধার: ভাতিজাকে হত্যা করে ফেলে এসিছিল চাচা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় নিখোঁজের একদিন পর চাঁদপুরের শাহরাস্তিতে পরিত্যক্ত ড্রাম থেকে সিদ্দিকুর রহমানের লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

জমি নিয়ে বিরোধের জেরে গত (১০ নভেম্বর) ভাতিজা সিদ্দিককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে, কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ড্রামে ভরে চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক বাজার এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় চাচা সারওয়ার আলম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পিবিআইয়’র অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এনিয়ে স্থানীয় সালিশ বৈঠকে সন্তুষ্ট না হওয়ায় সিদ্দিককে হত্যা করে সারোয়ার। এ ঘটনায় গ্রেফতার সারোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মাস্ক না পরায় লাকসামে পরিবহন শ্রমিকসহ ১৮ জনকে ৫১০০ টাকা জরিমানা

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় লাকসামে লাল সবুজ যাত্রীবাহী বাসের পরিবহন শ্রমিকসহ ভ্রাম্যমাণ আদালতে ১৮ জন পথচারীকে ৫ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লাকসাম উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেবিদ্বারে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০ জনকে অর্থদন্ড

মো. জামাল উদ্দিন দুলালঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কলেজ রোড, নিউমার্কেট এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। এসময় সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশের টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ২০ জনকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করে আদায় করা হয়।

এসময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা এবং প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরুড়ার খোশবাসে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা জানান, উপজেলার খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারে মেয়াদউত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসীকে ৩ হাজার টাকা ও মা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার লালমাইয়ে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা এ অভিযান পরিচালনা করেন।

লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা জানান, মাস্ক না পরে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীন ৭ জনকে ১ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার তিতাসে মাস্ক না পরায় ১৪ জনকে ২১৫০ টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম।

তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম জানান, মাস্ক না পরে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীনে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সদরের কান্দিরপাড় ও রাজগঞ্জ  এলাকায় করোনার দ্বিতীয় ওয়েভ রোধে  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ সচেতনতামূলক প্রচারাভিযান ও অভিযান পরিচালনা করা হয় ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও সচেতনতা সৃষ্টি করা হয়

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

লিভার ক্যান্সারে আক্রান্ত সাবেক ফুটবলার কুমিল্লার বাদল রায়

 

ডেস্ক রিপোর্ট:
দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন বাদল রায়। এর মধ্যেই এলো আরেকটি বড় দুঃসংবাদ। প্রাণঘাতী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই সাবেক তারকা ফুটবলার।

শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য কিছু দিন আগে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি হন বাদল। পরবর্তীতে কিডনিতে জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ব্যাপারটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাদলের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল গাফফার।

“আমাদের জন্য অনেক দুঃখের দিন। অনেক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা গতকাল জানিয়েছেন, বাদল লিভার ক্যান্সারের চতুর্থ স্তরে আছে। তারা বলেছেন এটা তার শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়েছে।”

“ডাক্তাররা তাকে বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিলেন। আমরা ও তার স্ত্রী-সন্তানরা সম্মিলিতভাবে তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে। চেষ্টা করছি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার।”

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিঙ্গাপুরে মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করে আসেন বাদল। সেরে উঠে দেশে ফিরলেও স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান তিনি। এই পরিস্থিতিতে চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও সাবেক ফুটবলার গাফ্ফার জানান, বন্ধু-স্বজনরা বাদলকে নিয়ে হাল ছাড়ছেন না।

“বাদল ৯০ মিনিটের খেলোয়াড়। সে লড়াই করবে (ক্যান্সারের বিরুদ্ধে)। ডাক্তাররা আশা ছেড়ে দিলেও আমরা আশা ছাড়ছি না। আপনারা সবাই বাদলের জন্য দোয়া করবেন। আপনাদের মাধ্যমে বাদলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

গত অগাস্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাদল অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতির পদে নির্বাচন করতে চেয়েছিলেন। পরে শারীরীক দুর্বলতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত খেলা বাদল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা।

২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বাদল বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতির দায়িত্বেও আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন তিনি।