Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবির বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের ইফতার মাহফিল

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লার বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনে’র (বিবিএসএ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার ( ১৬ এপ্রিল) কুমিল্লা জমজম রিসোর্টে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীগের সহসভাপতি এডভোকেট আবুল হাশেম খানঁ।

প্রধান অতিথি সংসদ সদস্য হাশেম খানেঁর বক্তব্যে বলেন, আমাদের সময়কালে একটি উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল। বর্তমানে এই দুই উপজেলার অনেক শিক্ষার্থীর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে যা গৌরবের। বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা অনেক মেধাবী। আমরা আশাবাদী তোমাদের মানবিক ও রাজকীয় আচরনের মাধ্যমে তোমাদের পরিচয় ফুটিয়ে তুলবে এবং সব ধরনের সহযোগিতায় আমরা তোমাদের পাশে আছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, কুমিল্লা ময়নামতি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান ও মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা।

এসময় আরো উপস্থিত ছিলেন দুই উপজেলার বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই উপজেলার শিক্ষার্থীবৃন্দ।

কুবির দত্ত হল সংলগ্ন পাহাড়ে ফের আগুন

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাহাড়ে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১মার্চ) সাড়ে ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পশ্চিম পাশের পাহাড়ে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের ময়লা ফেলার স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই সময় আগুনে পাহাড়ের বেশকিছু অংশ পুড়ে গেছে।

বারবার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওবাইদুল্লাহ খান জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ পাহাড়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। বারবার পাহাড়ে এই আগুন লাগার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষতি হচ্ছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন পাহাড়ের বিষয়ে দায়িত্বশীল হবে এবং এসব ঘটনায় জড়িতদের খুঁজে ব্যবস্থা নিবে।

দত্ত হলে প্রাধ্যক্ষ ড.মিজানুর রহমান বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমি প্রশাসনকে অবহিত করি। বারবার আগুন ধরার বিষয়টি আসলে চিন্তার কারণ। কারণ আমাদের ছাত্রদের নিরাপত্তা বিষয়টি দেখতে হবে। আমরা বসে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা (ভারপ্রাপ্ত) বলেন, ফায়ার সার্ভিসের ভাষ্যমতে আগুন স্তুপ থেকে সৃষ্টি হয়েছে। বারবার আগুনের ধরার বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পাহাড়ে মাঝেমধ্যে এগুলো হয়, আমরা তৎক্ষনাৎ পদক্ষেপ নিয়েছি। নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বলেন এটার সাথে নিরাপত্তার কোন সংযোগ নেই।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ময়লার স্তূপ থেকে আগুনের সুত্রপাত হয়েছে। হতে পারে কেউ দুষ্টমির ছলে আগুন লাগিয়েছে। কিন্তু পাহাড়ের অর্ধেক অংশ জ্বলে গিয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত এসেছি। ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষাসহ সবার প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে।

এর আগেও গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লালন চত্বরে আগুন দেখতে পেয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পাহাড়ে আগুন লেগে বিভিন্ন অংশের গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আাশপাশের গাছপালা।

এছাড়াও বিভিন্ন সময়ে কুবির পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১৪ মার্চ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশের পাহাড়ে আগুন লাগলে পরিচ্ছন্নতার জন্য আগুন দেওয়া হয়েছে দাবি করে কর্তৃপক্ষ। ২০২১ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে অঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বহিরাগত মাদকসেবীদের দ্বারা এই অগ্নিকাণ্ড ঘটার ধারণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২ সালের অগ্নিকাণ্ডেও প্রশাসন একই কথা বলেছিল। তবে মাদকসেবীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।

কুবিতে শহীদ মিনারে মার্কেটিং অপরাহ্ন অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবিঃ

‘এসো মিলি আপন নীড়’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ১১তম ব্যাচের ‘মার্কেটিং অপরাহ্ন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজন কমিটি সূত্রে জানা যায়, বিভাগটির ১১তম ব্যাচের উদ্যোগে এ ‘মার্কেটিং অপরাহ্ন’র আয়োজন করা হয়। এতে ১১তম ব্যাচের শিক্ষার্থী ছাড়াও বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা গান, গল্প, আড্ডায় মেতে উঠে। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।

এমন আয়োজনকে মিলনমেলা হিসেবে দেখছেন বিভাগের সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। তিনি বলেন, এমন আয়োজনের ফলে আন্তঃবিভাগীয় সম্পর্ক গুলো সুদৃঢ় হয়। একে অপরের প্রতি সম্প্রীতি ও ভালোবাসা বাড়ে। যা আগামীতে চাকরি বাজারেও সুফল বয়ে আনবে। ১১তম ব্যাচকে ধন্যবাদ জানায় এমন উদ্যোগ গ্রহণে। প্রত্যেক ব্যাচকে আমি আহ্বান করবো এ ধারা যেন চলমান থাকে।

এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, মাশিয়াত যাহিন ও প্রভাষক আবু ওবায়দা রাহিদসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

শব্দদূষণে পড়াশোনায় ব্যাঘাত কুবি শিক্ষার্থীদের

 

চাঁদনী আক্তার, কুবিঃ

শালবন বৌদ্ধ বিহারের কোল ঘেঁসে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একে ঘিরে তৈরি হয়েছে ব্যক্তিমালিকানাধীন অসংখ্য রিসোর্ট ও বিনোদন পার্ক। এতে গাড়ির হর্ন, মাইকের উচ্চ শব্দ, পার্কের ডিজে গানে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে পড়াশোনা ও বিশ্রামে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে বিভিন্ন সময়ে এ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আলোর মুখ দেখেনি শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছেই তৈরি হয়েছে স্বপ্নচূড়া রিসোর্ট। বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা পার হয়ে যেতে হয় বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইস। এছাড়াও রয়েছে ডাইনোসর পার্ক ও ব্লু ওয়াটার পার্ক। ফলে প্রতিদিনই উচ্চ শব্দে গান বাজিয়ে কয়েক হাজার ট্যুর বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি এ পথে যাতায়াত করে। এতে যানজটের সমস্যায়ও পড়তে হয় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁসে তৈরি হওয়া এসব বিনোদন কেন্দ্র ও গাড়ির উচ্চ শব্দ আমাদের চূড়ান্ত পরীক্ষায়ও প্রভাব ফেলছে।

বাংলাদেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় বলা হয়েছে, রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময়ে ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দ মাত্রা নির্ধারণ করে দেয়া আছে।

তবে সেসব নিয়মের কোনোটির তোয়াক্কা করছেন না রিসোর্ট-পার্ক মালিক ও পর্যটক বাসগুলো।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, আমরা হল থেকে বের হলেই আতঙ্কে থাকি। কখন যে গাড়ির নিচে চাপা পড়ি তার ভয়ে থাকতে হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয় বন্ধের দিনগুলোতে রাস্তায় প্রচুর যান চলাচল বেড়ে যায়। এই দিনগুলো বিশ্রামের যেমন ব্যাঘাত ঘটে, তেমনি পড়াশোনা থেকে শুরু করে ক্লাসেও সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ থেকেছে যা আমাদের বোধগম্য নয়।

আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো সুরাহা পাচ্ছি না। প্রশাসনের এমন অবহেলা আমার বোধগম্য নয়।

ম্যাজিক প্যারাডাইসের স্বত্বাধিকারী মোদাব্বের হোসেন নাসির বলেন, আমরা ত গাড়িগুলোকে প্রতিনিয়ত বলার পরো কথা শুনতেছে না। যতদ্রুত সম্ভব সাইনবোর্ড লাগিয়ে তাদেরকে সতর্ক করে দিব।

এ বিষয়ে স্বপ্ন-চূড়ার স্বত্বাধিকারী এনামুল হক চৌধুরী বলেন, আমাদের বিশেষ করে সপ্তাহে একদিন প্রোগ্রাম থাকে। তবে শিক্ষার্থীদের বিষয়টি সবসময় আমাদের কাছে অগ্রাধিকার পাবে। তাই আমরা গানবাজনার ক্ষেত্রে যত সম্ভব সাউন্ড নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, এ বিষয়ে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা আছে। তারপরও আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এস এম আতিকুউল্লাহ বলেন, আমরা যতদূর সম্ভব পার্কে যাওয়ার সময় গাড়িগুলো মাইকবাজনা না করার জন্য বলে দিয়েছি। কিন্তু আসার সময় বলা ত আর সম্ভব হয়ে উঠে না। বিষয়টি নিয়ে পার্ক মালিকদের সাথেও কথা হয়েছে।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুবির হলে নিয়মিত চুরি, নেই সিসি ক্যামেরা

চাঁদনী আক্তার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশে অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তার জন্য স্থাপন করা হয়নি সিসিটিভি ক্যামেরা। ফলে কোন দুর্ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও প্রকৃত অপরাধী চিহ্নিত করতে পারছেনা প্রশাসন। বিষয়টি নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দ্রুততর সময়ে সিসিটিভি লাগানো না হলে এরচেয়ে বড় কোন ঘটনা ঘটলেও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবেনা।

সম্প্রতি এই হলে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তারমধ্যে গত বছরের ১ ডিসেম্বর হলের ১০৩ নং কক্ষ থেকে মার্কেটিং ও বাংলা বিভাগ ১৫তম আবর্তনের শিক্ষার্থী তানবীর সালাম অর্ণব ও রাকিবুল ইসলামের মুঠোফোন চুরি হয়।

আবার গত ১৯ ফেব্রুয়ারী হলের ২২২ নং রুম থেকে নৃবিজ্ঞান ও আইন ১৪তম আবর্তনের তুষার ইমরান ও খন্দকার রেদোয়ান তানজীমের মুঠোফোন চুরির ঘটনা ঘটে। এছাড়াও হলে প্রায়শই ছোটখাটো চুরির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি যদি হলের প্রতিটি ফ্লোরে সিসি ক্যামেরা থাকতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না।

ভুক্তভোগী তানবীর সালাম অর্ণব বলেন, বঙ্গবন্ধু হলের মধ্যদিয়ে অনেকে যাতায়াত করে। এই হলে সিসি ক্যামেরা জরুরী হয়ে পড়েছে। প্রতি ফ্লোরে যদি ক্যামেরা দেয়া হয় তাহলে হলের অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো কমানো যাবে।

আরেক ভুক্তভোগী তুষার ইমরান বলেন, ক্যাম্পাসে সীমানা প্রাচীর না থাকায় অনেক বহিরাগত প্রবেশ করে। আবাসিক হলগুলো যদি সিসি ক্যামেরার আওতায় আনা হয় তাহলে এখানে কেউ চুরি করার সাহস করবে না।

এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক হল, ক্যাফেটেরিয়া, শহীদ মিনারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৩৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৬ নভেম্বর থেকে লসিসিটিভি ক্যামেরাগুলো লাগানো শুরু হয়। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু হলের পুরাতন অংশে ১ম, ২য় ও ৩য় তলায় সিসি ক্যামেরা স্থাপন করা হলেও সম্প্রসারিত অংশে দেয়া হয়নি।

হল প্রভোস্ট ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমরা সিসি ক্যামেরা দেওয়ার জন্য প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। বাকিটা প্রশাসন দেখবে।

সম্প্রসারিত অংশে কেন সিসিটিভি ক্যামেরা দেয়া হচ্ছে না জানতে চাইলে আইসিটি সেলের সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এটার জন্য বরাদ্দ দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বরাদ্দ দিলে আমরা এটা আর শেখ হাসিনা হলের সিসি ক্যামেরাগুলো একসাথে স্থাপন করবো। পুরাতনটার তিনতলা পর্যন্ত হয়েছে চারতলা ও পাঁচতলাও আমরা পরবর্তীতে সিসিটিভির আওতায় নিয়ে আসবো।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

হত্যা মামলার আসামীকে চাকরি দিতে কুবি প্রশাসনের তোড়জোড় !

 

নাঈমুর রহমান রিজভী:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক আসামিকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৯ সালে প্রকাশিত এক বিজ্ঞপ্তির বিপরীতে প্রায় তিন বছর বোর্ড (আবেদনকারীদের পরীক্ষা নেওয়ার আয়োজন) গঠন করা না হলেও ওই অভিযুক্তকে নিয়োগ দিতে প্রশাসন উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।আগামী ২৭ অক্টোবর এ বোর্ড আয়োজন হওয়ার কথা রয়েছে।

এর আগেও একই হত্যা মামলায় অভিযুক্ত একাধিক আসামিকে প্রশাসনিক বিভিন্ন পদে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের শেষ দিকে একজন প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড এমরান কবির চৌধুরীর প্রশাসন। করোনার কারণে বোর্ড পিছিয়ে গেলে ২০২১ সালের মাঝামাঝি এসে পুনরায় একই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর এক বছরেরও অধিক সময় পেরিয়ে গেছে, তবে বোর্ড আয়োজন করেনি কর্তৃপক্ষ। প্রশাসনের কর্তাব্যক্তিরা বিভিন্ন সময় শূন্য পদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এ ব্যাপারে নীরব ছিল তারা। এমনকি চলতি বছরের ৩১ জানুয়ারি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের যোগদানের পরে তাকেও বিভিন্ন সময়ে এ বিষয়ে জানানো হয়েছিল। আবদুল মঈন যোগদানের পর এ ব্যাপারে আট মাস নীরব থাকলেও নির্দিষ্ট প্রার্থী ও হত্যা মামলার আসামি রেজাউল ইসলাম মাজেদকে নিয়োগ দিতে চলতি মাসে বোর্ড গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

রেজাউল ইসলাম মাজেদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, প্রশাসনের কর্তাব্যক্তিরা শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নিজেদের মদদপুষ্ট লোকেদেরকে নতুন কমিটিতে আনতে তোড়জোড় চালিয়ে যাচ্ছেন। সেজন্য সাধারণ সম্পাদককে চাকরি দিতেও মরিয়া হয়ে পড়েছেন তাঁরা।

এর আগে গত ৩১ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রেজাউল ইসলাম মাজেদ আরও কয়েকজন নেতাকর্মীসহ নিজেদের নিয়োগ ও বিভিন্ন প্রকল্পের টেন্ডারের দাবিতে উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখেন। একই ঘটনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতিও।

২০১৬ সালের ১ আগস্ট ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ। ওই হত্যা মামলার চার্জশিটে ৩ নং আসামি হিসেবে তালিকায় নাম উল্লেখ রয়েছে রেজাউল ইসলাম মাজেদের। এ মামলায় ৫৫ দিন জেলও খেটেছেন তিনি। আদালতে বিচারাধীন ওই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।

এ বিষয়ে আসামি রেজাউল ইসলাম মাজেদ ভাষ্য, তাকে সন্দেহভাজন হিসেবে নেওয়া হয়েছিল। তিনি এ ঘটনায় নিরঅপরাধ।

তবে পুলিশের চার্জশীটে তার নাম থাকার কথা বলা হলে তিনি বলেন, তুমি কি আমাকে হত্যা মামলার আসামী মনে করতেছ। ঐ ঘটনার তো এখনও চার্জশিট (চূড়ান্ত) গঠন করা হয় নাই।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে মামলাটি তদন্ত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে বাদির নারাজি আবেদনের পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। আরেকবার নারাজির পর মামলাটি তদন্ত ভার যায় সিআইডি’র হাতে। সংস্থাটির চার্জশিটেও নারাজি দেওয়ার পর গত বছরের ফেব্রুয়ারিতে পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তাদের চূড়ান্ত চার্জশিট এখনও আদালতে জমা দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক জ্যেষ্ঠ নেতা জানান, চাকরি পাওয়ার জন্য সাম্প্রতিক সময়ে মাজেদ বিভিন্ন ইস্যুতে প্রশাসনের পক্ষ নিয়েছেন। প্রশাসনের এক কর্তা তাকে সরাসরি চাকরির নিশ্চয়তা দিয়েছেন। কারণ, তাঁরা চাচ্ছেন ছাত্রলীগের নতুন কমিটিতে নিজেদের মদদপুষ্ট লোক আসুক। সাধারণ সম্পাদকের চাকরি হয়ে গেলে কেন্দ্রের কাছে কমিটির মূল্য থাকবে না। তখন কেন্দ্র স্বপ্রণোদিত হয়ে কমিটি ভেঙ্গে দেবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এটা (সাধারণ সম্পাদকের চাকরি) মূলত কমিটির ওয়েট নষ্ট করার জন্য। শাখা ছাত্রলীগের কাউকে চাকরি দেওয়ার জন্য আমি প্রশাসনকে বলিনি। তবে প্রশাসনের ব্যাক্তিগত পছন্দ থাকতে পারে।

ইলিয়াস আরও বলেন, খালেদ সাইফুল্লাহ আমার কর্মী ছিল। তার হত্যাকারীদের দ্রুত বিচারের জন্য আমি সব্বোর্চ চেষ্টা করছিলাম। কিন্তু অপরাধীরা অনেক ক্ষমতাশালী। এটার সাথে জড়িত কেউ অনৈতিক সুবিধা পাবে তা আমি চাই না।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, আমি যতদূর জানি এই সার্কুলারটা অনেক দিন আগের। তবে নির্দিষ্ট কাউকে টার্গেট করে চাকরি দেওয়ার জন্য (বোর্ড) হলে বিষয়টা কোনোভাবেই কাম্য নয়। মামলার রায় না হওয়া পর্যন্ত তো কাউকে আইনের ভাষায় দোষী বলা না গেলেও এ ধরনের অভিযুক্ত কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মামলার বিষয় বিবেচনায় রাখা বাঞ্ছনীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। প্রশাসন যদি হত্যা মামলার অভিযুক্ত আসামিকে চাকরির দেওয়ার জন্য যদি তোড়জোড় করে থাকে, তাহলে এটা দুঃখজনক। প্রশাসনের উচিৎ এসব বিষয়গুলোতে আরও দায়িত্বশীল হওয়া।

তবে সোর্সের (সংবাদের) নাম না বলায় এসব বিষয়ে কোনো কথা বলতে চাননি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি বলেন, আমিতো এ বিষয় দেখবো পরে। তোমাকে এই তথ্য কে দিয়েছে, সেটা বল।

প্রতিবেদক সোর্সের বিষয় জানাতে অপরাগতা প্রকাশ করায় উপাচার্য কোনো উত্তর দিতে পারবেন না বলে তাঁর কল কেটে দেন।

 

কাল খুলছে কুবির সীলগালা হল,তবে পরীক্ষা স্থগিত থাকবে

 

কুবি প্রতিনিধি:

আগামীকাল (৯ অক্টোবর) ১২ টায় কুবির সকল সীলগালা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ (৮ অক্টোবর) ১২ টায় উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরো জানানো হয়, হলে আবাসিক শুধু মাত্র আবাসিক শিক্ষার্থীরা উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে হলে অবস্থান করতো তারা আইডি কার্ড দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পরিক্ষা স্থগিত থাকবে আগের সিদ্ধান্ত অনুযায়ী।

গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ‘বিলুপ্তি’ ঘোষণাকে কেন্দ্র করে ১ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি অস্ত্র মহড়ায় অস্থিতিশীল হয়ে উঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য সীলগালা করা হয়। এমনকি ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হয়।

কুবি শাখা ছাত্রলীগের কমিটি বলবৎ থাকবে- টক শোতে জানালেন জয়

 

নাঈমুর রহমান রিজভী, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বলবৎ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়।

সোমবার (৩ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টক শো’তে তিনি বিষয় নিশ্চিত করেন।

টক শো’তে তিনি বলেন, বর্তমানে যে কমিটি আছে সেটি বলবৎ থাকবে। এ মাসের শেষে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে কমিটি তুলে দিব।

কমিটি’র বিলুপ্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, আমরা একই দিনে ৩টি ইউনিটের সম্মেলনের তারিখ দিয়েছি। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেটাতে সম্মেলনের তারিখ দেওয়ার চিন্তা ছিল। কিন্তু ভুলবশত সম্মেলনের তারিখ ছাড়া বিভিন্ন মাধ্যমে প্রেস রিলিজটি শেয়ার হয়ে গেছে এবং আমরা এই অনাকাঙিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

এর আগে গত শুক্রবার রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করা হয়। পরে নোটিশ সরিয়ে নিলে দ্বিধাদ্বন্দ্ব বাড়তে শুরু করে। পরে কমিটি বিলুপ্তি বিষয়টির সত্যতা নিশ্চিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের একাধিক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মধ্যে তথ্যগত পার্থক্য দেখা যায়।

পরে কমিটি বিলুপ্তির সংবাদে বহিরাগতদের নিয়ে আনন্দ মিছিল বের করে প্রতিপক্ষ। এসময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকাগুলি করে তারা। তারা বের হয়ে গেলে বর্তমান কমিটির সভাপতির অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে বের হন এবং প্রশাসনের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এই ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল আবাসিক হল বন্ধে ঘোষণা করে এবং পরে হল সিলগালা করে দেওয়া হয়। হলত্যাগের সময় কয়েকজন নেতা প্রতিপক্ষের মারধরের শিকার হোন।

 

আজ সন্ধ্যা ৬ টার মধ্যে কুবির সকল হল সিলগালার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের  চলমান উত্তপ্ত  পরিস্থিতিতে  সকল হল সিলগালাসহ বেশ কয়েকটি  সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬ টার মধ্যে সকল হল সিলগালা করা হবে।

কুবি প্রশাসনের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হল- পূজার বন্ধ চলাকালিন সময়ে হলগুলো সিলগালা থাকবে, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তারিখের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে এবং ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান ও ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য যে, শনিবার (১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন ও বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক পক্ষের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের শোডাউন দিতে দেখা যায়। এর পাশাপাশি হলের সামনে বাজি ফুটানো হয়। এক সময় মোটরসাইকেল আরোহীদের মধ্য থেকে কয়েকজন বঙ্গবন্ধু হলের তৃতীয় তলা পর্যন্ত উঠে যেতে দেখা যায় । এ সময় মোটরসাইকেল শোডাউনের প্রেক্ষিতে সদ্য সাবেক কমিটির নেতা-কর্মীরা হল থেকে রামদা, লাঠি, রড নিয়ে বের হয়ে আসে। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত হলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি মূল ফটকে পুলিশ মোতায়েন করে।

 

 

কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ধোঁয়াশা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের আধা ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক ওয়াল থেকে তা আবার সরিয়ে নেওয়া হয়।

এর পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি। সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক খুদে বার্তায় জানান, কমিটি বিলুপ্ত করা হয় নাই। সম্মেলন আয়োজন করা হবে। তারিখ নির্ধারণ হলে জানানো হবে।

দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। প্রেস বিজ্ঞপ্তিটি ভুল হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্মেলনে কমিটি হবে।

তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন নিজের ফেইসবুক ওয়ালে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি শেয়ার করেছিলেন।

কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন  বলেন, প্রেস রিলিজ হয়েছে কমিটি বিলুপ্তের। এখন পর্যন্ত আমরা এটাই জানি। পরবর্তীতে কোন আপডেট পাইনি যে এরকম কোন সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম হাসান লিমন জানান, সম্মেলনের তারিখসহ আরেকটি প্রেস রিলিজ আসবে, সেজন্য আগেরটি সরিয়ে নেয়া হয়েছে।