Tag Archives: আগুন

বিএনপি আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি। এসব করে লাভ হবে না। তাদের (বিএনপি) খায়েশ পূরণ হবে না।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সিডিউল হবে নভেম্বরের মাঝামাঝি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানুয়ারিতে। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। কারও জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নাই, সেটা দাবি করছে বিএনপি। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না। কেউ আসুক আর না আসুক, তার জন্য অপেক্ষা করা হবে না।

ওবায়দুল কাদের বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ, দখল করে আগের মতো বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন; সেই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। সেটা আমরা হতে দেব না। এই সংবিধান ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না।

তিনি আরও বলেন, আমরা জাতিকে বিভক্ত করছি না। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে গড়তে চাই। বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আদর্শ-চেতনাকে আপনারা ধ্বংস করেছেন। ভোট চুরি করেছেন। ২০০৬ সালে নির্বাচন করতে গিয়ে দেখা গেছে আপনারা ভুয়া ভোটার তৈরি করেছেন। কাজে আমাদের সঠিক জায়গায় আসতে হবে। এ দেশকে সংবিধান অনুযায়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে। এর বাইরে যারা যাবেন এবং অবরোধ দখলের হুমকি দিয়ে সেই খায়েশ পূর্ণ হবে না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ খন্দকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

ফেনীতে প্রতিপক্ষের ‘দেওয়া আগুনে’ প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে স্বজনরা।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, পূর্ব বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলামের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলামকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ‘আগুন লাগার বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি।’

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে আগুন

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

নাটোরে থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘তারুণ্যর রোড মার্চ’ এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বগুড়ায় তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রুদ্ধ করে তাদেরকে মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়। আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছে শুনেছি। বর্তমানে কি অবস্থা জানি না।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানায়, গাড়িতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়ির আগুন নিভিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

নোয়াখালীতে আগুনে পুড়ল ১০ দোকান

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তদোকান মালিকরা।

সোমবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সব তথ্য নিশ্চিত করে মাইজদী ফায়ার স্টেশনের সিনয়ির অফিসার মো.কবির হোসেন। তিনি বলেন, উদয় সাদুরহাট বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, ওষুদ দোকান, কীটনাশক দোকান, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।

মো.কবির হোসেন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

দেশের আগুন-নাশকতায় বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব আজকাল ঘন ঘন আগুনের কথা বলেন। এই আগুন ও সন্ত্রাস- দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন-সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।’

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীতি। যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে। বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি।’

বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে বসতঘর পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের আদমসার খালেক মেম্বার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লেগে মুহুর্তে ছড়িয়ে পড়ে ঘরজুড়ে। পরিবারের লোকজন আকষ্মিক দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।স্থানীয়রা আগুনের ভয়াবহতা দেখে বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই আগুন নিভাতে চেষ্টা করেন।

ক্ষতিগ্রস্থ পরিবারের সূত্র থেকে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় হঠাৎ করে ঘরের কোন এক অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। এ ঘটনায় গৃহকর্তা খালেক মেম্বারের ঘরে থাকা স্বর্ণালংকার, মাছ বিক্রির এক লক্ষ ১৬ হাজার টাকা, তাছাড়া ঘরে থাকা ফার্নিচারসহ ঘরটির পাশে থাকা আরেকটি গরুঘর একেবারে পুড়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত খালেক মেম্বার বলেন, আমি একেবারে শেষ। আমার নগদ টাকা,স্বর্ণালংকার, ফার্নিচারসহ দুটি ঘর একেবারে পুড়ে যায়।

এ বিষয়ে বরুড়া ফায়ার সার্ভিসের কমান্ডার আবুল কালাম জানান, আগুনের বিষয়ে আমাদের ফোন করা হয়েছে।আমরা প্রস্তুতি নিয়ে রওয়ানা দিয়ে অর্ধেক রাস্তা আসার পর জানায় স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার আব্দুস ছালাম মিয়াজী জানায়, অনেক ভয়াবহ আগুন লেগেছে।প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেন।