Tag Archives: কুমিল্লা

সনাতন ধর্মাবলম্বীদের খাবার বিতরণ

চৌদ্দগ্রামে আশ্রয়কেন্দ্রের ৮ শতাধিক মানুষের মাঝে সনাতন ধর্মাবলম্বীদের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বানভাসী আট শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়, সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেক্স ডায়গস্টিক সেন্টার আশ্রয় কেন্দ্রের নারী-পুরুষের মাঝে পশ্চিম সাঙ্গিশ্বর শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পক্ষ থেকে এ খাবার বিতরণ হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন গোপাল দেবনাথ, পরিমল চন্দ্রশীল, সুবাস চন্দ্রশীল, জয়দেব নাথ, আনিক দেবনাথ, গনেশ চন্দ্রশীল, মানিক চন্দ্র দেবনাথ, দীলিপ চন্দ্রশীল, কার্তিক চন্দ্রশীল, অর্জুন চন্দশীল, রঞ্জিত চন্দ্রশীল, সুনীল চন্দ্রশীল প্রমুখ।

ফেনী সরকারি কলেজের ছাত্র বাসু দেবনাথ বলেন, সনাতন ধর্মের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা ৮ শতাধিক লোকের মাঝে খাবার বিতরণ করে নিজেকে ধন্য মনে করছি। ভগমানের কাছে আহবান জানাই সবাই যেন ভালো থাকে।

নীরব চন্দ্রশীল বলেন, সাম্প্রদায়ক সম্প্রীতির দেশ বাংলাদেশে এখানে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলমান আমরা সকলেই ভাই ভাই। আজকের এই বন্যার আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে সনাতন ধর্মের পক্ষ থেকে খাবার বিতরণ করে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সকলের সাথে কাধে-কাধ রেখে চলতে পারি।

শুভ্র দেবনাথ বলেন, বিবেকের তারনায় আমরা পশ্চিম সাঙ্গিশ^র শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা সকল ধর্মের মানুষের মাঝে বুধবার দুপুর বেলার খাবার দিতে খুবই ভালো লাগছে। ভগবান সকল ধর্মের মানুষদেরকে আর্শিবাদ করুক।

আশ্রয় কেন্দ্রে থাকা এয়াকুব আলী বলেন, গত কয়েকদিন খেচুড়ি ও শুকনো খাবার খেয়ে আসছি। আজকে(বুধবার) সনাতন ধর্মের পক্ষ থেকে সাদা ভাত ও রান্না করা মোরগ তরকারি দিয়ে খেতে পেরে খুব ভালো লাগছে।

আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন বলেন, ধোড়করা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মের পক্ষ সাদা ভাত, সবজি ও রান্না করা মুরগির মাংস দুপুর খাবার হিসেবে দেয়অ হয়েছে। সাঙ্গিশ্বর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই।

কর্নেল অলি’র গাড়িতে হামলা: ডা. প্রাণ গোপালসহ ২ শতাধিক আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

চান্দিনা  প্রতিনিধি:

এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ এর গাড়িতে হামলা, হত্যা চেষ্টা ও গাড়ী ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সহ ২ শতাধিক আওয়ামী লীগ নোতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বাদি হয়ে চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (২৬ আগস্ট) মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতে ৪৯ জন আসামীর নাম উল্লেখ করা হয়। অপর ১৬০ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়।

মামলার বিবরণে জানাযায়, ২০১৮ সালের ১২ জুলাই চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ক্যাম্পাস-২ মমতাজ ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চান্দিনায় এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। সভাস্থলে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ি বহরে হামলা ও ভাংচুর হয়। ওই ঘটনায় দীর্ঘ ৬ বছর পর মামলাটি দায়ের করা হয়।

এতে মামলায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, হুন্ডা শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান টিপু, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, দিদার আহম্মেদ ভূইয়া মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি সহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বাদির লিখত অভিযোগ পেয়ে মামলাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজয়পুর মহিলা কলেজসংলগ্ন সড়কটির বেহাল দশা, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

সালাহ উদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি থেকে আদিনা মুড়া সড়কটির এখন বেহাল দশা । প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন ঐ অঞ্চলের হাজারও মানুষ।

জানা যায়, জেলখানাবাড়ি থেকে আদিনা মুড়া সড়ক ও বিজয়পুর মহিলা কলেজ এর সামনে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয় মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের মেইন ফটক দিয়ে প্রবেশের বড় বাঁধা সড়কটির গর্তে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। এই সড়কটি লালমাই পাহাড়ের গা ঘেঁষে গিয়ে মিলিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আদিনা মুড়া,বাতাইছড়ি বাজার কালির বাজার ও বরুড়া উপজেলার সাথে। পাহাড়ি অঞ্চল বরুড়া উপজেলার অধিকাংশ লোকজন কুমিল্লা শহরে সহজে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন এ সড়কটি । তাইতো সড়কটি দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

ঐতিহ্যবাহী লালমাই পাহাড়ের গা ঘেঁষে চলা সড়কটি ধ্বংস করার অভিযোগের তীর অবৈধভাবে লালমাই পাহাড়ের মাটি বিক্রি চোরা সিন্ডিকেট গঠন করা ব্যক্তিদের উপর। মাটি খেকুদের মাটি বহনকারী ডেমো ট্রাক অতিরিক্ত চলাচলের কারণে এসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় জনগণ।

তারা বলেন, বিগত সরকারের আমলে প্রতিদিনই দিনে ও রাত মিলে প্রায় ৩০০ থেকে ৪০০ বার মাটি বহনকারী ডেমো ট্রাক চলাচল করেছে এ সড়কটি দিয়ে। তারা অবৈধভাবে মাটি বিক্রি করে লালমাই পাহাড়ের ঐতিহ্য ধ্বংস করেছে, সাথে সরকারি সড়কটিও ধ্বংস করেছে। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার চাই এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাদের এই সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানাই।

বিগত সরকারের ১৫ বছর সময় ধরে অবৈধভাবে মাটি কেটে ধ্বংস করা হয়েছে ঐতিহ্যবাহী লালমাই পাহাড় এবং এ গুরুত্বপূর্ণ সড়কটি প্রশাসন জেনেও কেন পদক্ষেপ নেয়নি এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনগণের মাঝে।

নাঙ্গলকোটে বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে এক জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে নৌকায় করে অসুস্থ বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে ডুবে সিরাজুল হক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। সিরাজুল উপজেলার ঢালুয়া ইউপির গোরকমুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদীঅঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। গতকাল রবিবার বিকেলে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক বৃদ্ধকে নদী পার করতে যান সিরাজুল হক। এরপর ফেরার পথে পানির স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হন সিরাজুল। পরে সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি জুবায়ের হোসেন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধার করার জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে আজ দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকার অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না।

বন্যায় কুমিল্লা সদর দক্ষিণে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

সালাউদ্দিন সোহেল:
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা ।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। গ্রামগুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। প্রতিদিন বেড়েই চলেছে এসব অঞ্চলের বন্যার পানি । ফলে নতুন করে আক্রান্ত হতে পারে আরো অনেক গ্রাম। এভাবে প্রতিদিন বন্যার পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরো অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রান’ই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত অঞ্চলের মানুষের একমাত্র ভরসা।
ইতিমধ্যে সদর দক্ষিণ উপজেলায় বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে তাদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, ফেনী এবং বুড়িচং এর মত সদর দক্ষিণ উপজেলার বন্যা পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতে তেমন প্রচার প্রচারণা না হওয়াতে অনেক সংগঠনের নজরে আসছে না সদর দক্ষিণের বন্যা পরিস্থিতি। যার ফলেই বেশিরভাগ সংগঠনের লোক ফেনী এবং বুড়িচং উপজেলায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও ত্রাণ নিয়ে আসছে না সদর দক্ষিণে।

ব্যক্তিগত এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্দেগে গেল কয়েকদিন এ অঞ্চলে শুকনো খাবারও বিশুদ্ধ পানি বিতরণ করলেও পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ করেন অনেক বন্যা কবলিত মানুষ।মেইন রোড থেকে দূরবর্তী গ্রামগুলোতে খাবার পৌঁছে না বলে অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে অনেক স্বেচ্ছাসেবীরা বলেন রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পর্যাপ্ত নৌকার অভাবে মেইন রোড থেকে দুই তিন কিলোমিটার দূরের গ্রামগুলোতে খাবার পৌঁচাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।
এভাবে আর কয়েকদিন চলতে থাকলে হয়তো বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত খাবারের অভাবে মারা যাবে সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত মানুষগুলো।

কুমিল্লায় এমপি বাহারের বিরুদ্ধে সাংবাদিক বাহার রায়হানের মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাংবাদিক বাহার উদ্দিন রায়হান৷ তিনি সময় টেলিভিশনের সাংবাদিক।

মঙ্গলবার (২০ আগস্ট) কুমিল্লার চিফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি। পরে মামলাটি গ্রহণ করে বিচারক মো. আব্বাস উদ্দিন।

মামলার আসামিরা হলেন, কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহর, স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সংসদ সদস্য বাহারের দেহরক্ষী দুলালসহ ১৫০ জন।

মামলার আইনজীবী কাইমুল হক রিংকু ও বাদী বাহার উদ্দিন রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় হামলায় উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় তারা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হন সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান। ভিডিও ধারণ করা ও ছবি তোলা অবস্থায় তাকে দেখে হামলা করে সাবেক এমপি বাহার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় বেদম মারধরে তিনি গুরুতর আহত হন। এবং তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সময় তাকে হামলা ও সংবাদপ্রকাশের জেরে ফোনে হুমকি দেয় বাহাউদ্দিন বাহার ও তার নেতাকর্মীরা। এসব অভিযোগের ভিত্তিতে আজ মামলা দায়ের করেন সাংবাদিক বাহার উদ্দিন রায়হান। বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।

সাংবাদিক বাহার রায়হান আরো জানান, এমপি বাহার কুমিল্লার সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধ করেছেন। পেশাদার সাংবাদিকরা তার কাছে জিম্মি ছিল।

ফেরত দিয়ে গেল তিতাস থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া মালামাল, অস্ত্র ও গুলি ফেতর দিয়ে গেলেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিতাস উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

ফিরিয়ে দেওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ১টি এলএমজি, ১টি রাইফেল ও ৫ রাউন্ড গুলি, ২টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ, ১টি টিয়ার শেল গান, ১ রাউন্ড টিয়ারশেল, ১ টি পিস্তল ও ২০ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ২ টি ছুড়ি, ১টি হ্যান্ডকাপ, পুলিশের সেফটি গার্ড, ৫টি অকেজো মোটর সাইকেল, ১টি পিক আপ, ২ টি পাম্প, ২টি ল্যাপটপ, ১টি টিভি, ১টি ফটোকপিয়ার, ১টি প্রিন্টার, ১টি ফ্যাক্স মেশিন ও ১টি স্ক্যানারসহ নানা ধরনের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

জানাযায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তিতাস থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং দুইজন পুলিশকে পিটিয়ে নিহত করে।

পরে সেনাবাহিনীর সহযোগিতা থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। এ সময় থানায় থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় লুন্ঠনকারীরা৷ এরপর পুলিশ কর্মস্থলে না থাকায় গত ৭ আগষ্ট জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন ১০জন আনসার সদস্য। বর্তমানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং ছাত্রদের সহযোগিতায় উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালিয়েছি। তারপর থেকে অনেকে নিজ দায়িত্বে মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে গেছেন। বাকিগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। তবে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় এখনো আমাদের কেউ যায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।’

কুমিল্লায় জোড়া খুনের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণে ২০১৬ সালের একটি জোড়া খুনের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরী গ্রামের আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা (৩৮), মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৮), আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩৮), ফরিদ উদ্দিনের ছেলে মো. মামুন (২৮), মৃত আনোয়ার আলীর ছেলে মো. বাবুল (৩৫) ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ (৪৫)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরীর মৃত জনাব আলীর ছেলে হায়দার আলী (৬৫), আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান (৩২), মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪৫), মৃত আবদুল খালেকের ছেলে আবুল বাশার (২৮), মৃত আব্দুর রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আবদুল খালেকের ছেলে আবদুল কাদের (৩২) ও মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।

খালাসপ্রাপ্তরা হলেন একই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. আমান (৪০) ও গ্রাম চৌয়ারার জুনাব আলীর ছেলে সেলিম মিয়া (৫০)।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে ১২ আগস্ট রাত সোয়া ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়াসউদ্দিন ও জামাল হোসেন নামের দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মামলা করেন। পরে ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আজ রায় ঘোষণা করেন আদালত।

চাঁদপুরে লঞ্চঘাট থেকে মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর লঞ্চঘাটে ৪ কেজি গাঁজাসহ মো. মামুন হোসেন (২৬) নামে কারবারিকে নৌ-পুলিশ গ্রেফতার করেছে। রবিবার মাঝরাতে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে কুমিল্লা সীমান্তর্বর্তী এলাকা থেকে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।

মামুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর গ্রামের মৃত: মফিজুর রহমান মিয়ার ছেলে।

সোমবার তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো: মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, রাতে থানার এসআই মো: ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আসাদ উল্লাহ (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরবের সময় রাত ১টা ও বাংলাদেশের সময় রাত ৩টায় ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদ উল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের সুলতান আহমেদ মেম্বারের বাড়ির মো. আবদুল হান্নান সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উল্লাহ পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে গত তিন মাস পূর্বে সৌদি আরবে যান। সৌদির রিয়াদে তিনি একটি ফুড কর্নারে পার্সেল ডেলিভারি ম্যানের কাজ করতেন।

গত সোমবার রাতে মোটরসাইকেলে করে পার্সেল ডেলিভারি দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন আসাদ উল্লাহ। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান।

নিহতের পিতা আবদুল হান্নান সরকার জানান, মঙ্গলবার সকালে আমরা জানতে পারি মো. আসাদ উল্লাহ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন পর্যন্ত এর বেশি তথ্য আমাদের জানা নেই।

আসাদ উল্লাহর মা বলেন, আমার কলিজার টুকরা ধন না জানি কতো কষ্ট পেয়ে মারা গেছে। আমার মানিকরে আমি দেখতে পারলাম না। তোমরা আমার মানিকরে আইন্না দেও। শেষবারের মতো আমার ছেলের মুখখানা একনজর জন্য দেখতে চাই।