Tag Archives: দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের করোনা ভ্যাকসিন গ্রহণ

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আহাম্মদ কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এনামুল হোক চৌধুরী, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলালসহ আরও অনেকে।

রাকিব হাসানকে ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ট্যাকনোলজিস্ট (ই.পি.আই) জসিম উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কেউ যেন ভ্যাকসিন (টিকা) নিয়ে অপপ্রচার চালাতে না পারে সেজন্য আমি নিজেই টিকা নিলাম। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের টিকা নিশ্চিত করা হবে। যাতে করে সাধারণ মানুষ করোনা প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) নিতে আগ্রহী হয়।

করোনায় জনসেবায় বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন ইউএনও রাকিব

 

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাসের মহামারির সময়ে জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে ওএমএস চাল বিতরণসহ নাগরিক সেবা মানুষের সহজলভ্যে বিশেষ অবদান রাখায় ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার-২০২০ পুরস্কার পেয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলার সমাপনী দিনে তাকে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ ব্যবহার করে নাগরিক সেবার মানোন্নয়নের জন্য দেবিদ্বারের ইউএনও রাকিব হাসানকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর দেবিদ্বারের লোকজনকে ঘরে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কর্মহীন দিনমজুরদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডারসহ করোনার চিকিৎসা সামগ্রীর দাম নিয়ন্ত্রণ, করোনা রোগীদের স্বাস্থ্যসেবা ও বাড়িতে খাদ্য সামগ্রী নিশ্চিত, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ওএমএস চাল বিতরণে অনিয়ম বন্ধে আঙ্গুলের ছাপে চাল বিতরণসহ দেবিদ্বার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ দেশব্যাপী প্রশংসা পায়।