Tag Archives: বাংলাদেশ আওয়ামীলীগ

চৌদ্দগ্রামে নৌকার মাঝি হতে চায় ৭ নেতা, মাঠে আছে বিএনপি-জামায়াত-জাপার ৭ জন

স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) নির্বাচনী আসনের রাজনৈতিক দলগুলো। চলতি বছর ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে চৌদ্দগ্রামে এবার এমপি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশী পুরাতন নেতাদের পাশাপাশি নতুন নেতৃত্বের নেতারাও আছেন অনেকে।

একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত চৌদ্দগ্রাম উপজেলা। এখানে নারী-পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৪১৫। এই আসনে এবার এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১৩ জন। এই নেতারা হলেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য চারবারের এমপি ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী,তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজি, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জসিম উদ্দিন।

এদিকে জামায়াত তথা বিএনপি জোটের প্রার্থীদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি (এরশাদ) আলহাজ মো. খায়েজ আহমেদ ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আলমগীর কবির মজুমদার (এরশাদ), বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি কাজী জহিরুল কাউয়ুমের নাতি ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী মো. নাহিদ।

মনোনয়ন পাওয়ার জন্য এই প্রার্থীরা বর্তমানে নির্বাচনী এলাাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সেমিনার করে বেড়াচ্ছে। রাজনৈতিক আড্ডায় ও চায়ের দোকানে শোনা যাচ্ছে এই প্রার্থীদের নাম। এই সম্ভাব্য প্রার্থীরা যে যখন সুযোগ পাচ্ছেন উপজেলায় আসছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় আ’লীগ সূত্র জানায়, আ’লীগের একাধিক প্রার্থী থাকলেও এমপি মুজিব ছাড়া  মনোনয়ন লড়াইয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান। তিনি প্রকাশ্যে নির্বাচনে অংশগ্রহণের কথা না বললেও তাঁর নেতাকর্মীরা চান, রাজনীতির মাঠের সিনিয়র ও সক্রিয় এই নেতা নৌকার মাঝি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুক।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে না। দল যদি নির্বাচন করতে ইচ্ছুক হয় তাহলে আমরা প্রস্তুত আছি। গত ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় চৌদ্দগ্রামে বিএনপির ১০ হাজার নেতাকর্মীর নামে শতাধিক মামলা হয়েছে। মামলা-হামলার পরও জামায়াত মাঠে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে চৌদ্দগ্রামে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ ।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মো. মুজিবুল হক এমপির নির্দেশে উপজেলা সদর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে সমাবেশ প্রায় শেষের দিকে রয়েছে। যারা নির্বাচনী পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তারা চৌদ্দগ্রামের নন, তারা ঢাকার নেতা।

দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান বলেন, চৌদ্দগ্রামের মানুষ এখন পরিবর্তন চায়। আ’লীগ দলীয় নেতাকর্মীদের কন্ঠরোধ করতে তাদের মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। দলীয় গ্রুপিংয়ের কারণে এ অবস্থা। চৌদ্দগ্রামের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। চৌদ্দগ্রামের রাজনীতির পরিবেশ সুষ্ঠু-সুন্দর করার লক্ষ্যে এবং আধুনিক উন্নয়নমুখি চৌদ্দগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। জনগণের চাওয়া-পাওয়া, কথার মূল্যায়ণ যদি হয়, তাহলে আমি নৌকার মনোনয়ন পাবো ইনশাল্লাহ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ জরিপ করছে। আশা করি মাঠের প্রকৃত অবস্থা নীতিনির্ধারকরা জানেন। সর্বোপরি আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর শেষ সিদ্ধান্তই আমরা মেনে চলবো।

চৌদ্দগ্রামের রাজনীতি নিয়ে জানতে সাংসদ মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালে এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হন বর্তমান এমপি মো. মুজিবুল হক। পরবর্তী সময়ে ২০০১ সালে সংসদ নির্বাচনে তিনি হেরে যান। এই আসনে জয়লাভ করেন জামায়াতের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জামায়াতের দুর্গখ্যাত চৌদ্দগ্রামের আসনটিতে নৌকা বিজয়ী হয়। এরপর আর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি জামায়াতে ইসলামী। জামায়াত টানা ১৫ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে এখানে আওয়ামীলীগের ভিত্তি এখানে মজবুত ।

নাঙ্গলকোটে আ’লীগের কমিটিতে পদ পেলেন সাবেক ৩ বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার:

সম্মেলনের ৪ মাসের মাথায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আ’লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে গঠন করা ৭১ সদস্যবিশিষ্ট  কমিটিতে স্থান পেয়েছেন  উপজেলা বিএনপির সাবেক  ৩ জন নেতা।

এ বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কমিটিতে বিএনপির নেতাদের পদ পাওয়া নিয়ে বেশ সমালোচনা শুরু হয়।

৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফকে সভাপতি এবং কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. আববু বক্কর ছিদ্দিক ওরফে আবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল্লাহ মজুমদারকে ৩ নম্বর সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান মজুমদারকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান মজুমদারকে কার্যকরী সদস্য করা হয়েছে।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দাবি, ওই তিনজন বিএনপি ছাড়ার পর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন। এ জন্য তাদের পদ দেওয়া হয়েছে।

বিএনপির সাবেক তিন নেতার কমিটিতে পদ পাওয়ার প্রসঙ্গে নতুন সভাপতি আবু ইউসুফ বলেন, ওই তিনজন ২০০৯ সালের পর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরপর থেকে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এজন্য নতুন কমিটিতে তাদের রেখেছে দলের নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেদিন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ১১ ডিসেম্বর ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। ওই কমিটিতে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালুকে সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি অনুমোদনের পর দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অবস্থার মধ্যে গত ২৬ মার্চ ওই কমিটি বাতিল করা হয়।

আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি হওয়ায় ওই কমিটি বাতিল করা হয় বলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়। একই দিন ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন ও কার্যকরী সদস্য পদে ৩৫ জন আছেন।

এদিকে, নতুন কমিটিতে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলোর নেতাদের কার্যকরী সদস্য পদে রাখা হয়েছে।

এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি যথাক্রমে মো. রফিকুল হোসেন, সামছুদ্দিন কালু ও মোস্তাফিজুর রহমান, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অবদুল করিম মজুমদারকে সদস্য রাখা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “আমি ছাত্রলীগের রাজনীতি করে আজকের এই স্থানে এসেছি। রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার মামলা-হামলার শিকার হয়েছি। দলের সব পর্যায়ের নেতাদের নতুন কমিটিতে রাখা হয়েছে। আশা করছি সকলকে নিয়ে আগামীর নাঙ্গলকোট আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হবে।”

নাঙ্গলকোটের ৫ আ’লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:
দলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা অমান্য করার অভিযোগে বাংলাদেশ আওয়ামীলীগ নাঙ্গলকোট উপজেলা শাখার ৫ নেতাকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপরীতে নির্বাচন করার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মোঃ শামছুউদ্দীন কালু ও সাধারণ সম্পাদক মোঃ আবু ইউছুফ ভূঁইয়ার ২৭ ডিসেম্বরের যৌথ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে দল থেকে অব্যাহতির বিষয়ে অবিহিত করা হয়

অব্যাহতি প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন  আওয়ামী লীগের নাঙ্গলকোট উপজেলা শাখার রায়কোট (দঃ) ইউনিয়নের সভাপতি মাস্টার রেজাউল হক ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ নাঙ্গলকোট উপজেলা শাখার সদস্য জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মিয়াজী, নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন তালুকদার মিন্টু, নাঙ্গলকোট উপজেলা শাখা আওয়ামী লীগের সদস্য মোঃ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা শাখা আওয়ামী লীগ কমিটির সদস্য জোরদা (পঃ) চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া।

তারা দলীয় প্রার্থী ( নৌকা প্রতীকের) বিরুদ্ধে প্রার্থী হওয়া তাদের বিরুদ্ধে এ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহতির বিষয়ে দলীয় পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি  প্রেরণ করা হয়েছে।

সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন : পুরনোতেই আস্থা, নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের পুনরায় সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিকুর রহমান জুয়েল।

বোরবার সকালে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধক ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মো আমিনুল ইসলাম টুটুল।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে মহানগর জেলা ও উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক সেলিম। সম্মেলনে উপজেলা বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সদরের আমড়াতলী ইউনিউনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী, পাচঁথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল,দূর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান, হাজী মোহাম্মদ সেলিম, মোঃ মোবারক আলী। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আহম্মেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম, মোঃ আব্দুল কাদেরকে। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

দেবিদ্বারে চেয়ারম্যানের গাড়িবহরে হামলার মামলায় বাদি ছাত্রদল নেতা !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের গাড়িবহরে হামলা ও গুলি বর্ষণের ঘটনার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার বাদি হয়েছেন দেবিদ্বারের বড়কামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন । দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ এজাহারনামীয় ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে ৫ অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়েছে। আর মামলার স্বাক্ষী হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে ।

এ মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আনিসুর রহমান(৪০), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মোঃ নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।

তবে মামলার বাদি ছাত্রদলের সাবেক সভাপতি হওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এছাড়া স্থানীয় আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মামলার বাদি এবং সাজানো ঘটনায় দায়েরকৃত মামলার তীব্র সমালোচনা করছেন।

আ’লীগ ও এর অংগসংগঠনের স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, ৩ অক্টোবর রাতে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দুই গ্রুপের নেতাকর্মী আহত হয়েছে। কিন্তু মামলা দায়ের করেছে উপজেলা চেয়ারম্যান গ্রুপ। আবার সেই মামলার বাদি গিয়াস উদ্দিন নামের এক সাবেক ছাত্রদল নেতা । তাঁর পুরো পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত । আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার বাদি কেন ছাত্রদল নেতা হবে ? তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে আ’লীগের এক গ্রুপ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মূল ধারার আ’লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। মূলত এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে ঠেকানোর জন্যই বিএনপি ও আ’লীগের একটি অংশ একত্র হয়ে ষড়যন্ত্র করছে। এ বিষয়টিকে দু:খজনক বলে অভিহিত করছেন নেতাকর্মীরা।

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যাদব রায় জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বরকামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাঁর ভাই সাকিল ছাত্রদল কর্মী। তাঁর পিতা রফিকুল ইসলাম বিএনপির সক্রিয় কর্মী। আর এই মামলাটিও সাজানো। ওই দিন হামলা এমপি রাজী সাহেবের গাড়ি বহরেও হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আ’লীগের দলে প্রবেশ করিয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আন্দোলন ও অপপ্রচারের চেষ্টা করছে, যা সত্যিই নিন্দনীয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সৈকত জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ফেসবুকে পোস্ট করা বিএনপির বিভিন্ন মিছিলে তার ছবি দেখা গেছে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের পিতা নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তখন ওই ছেলেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, আ’লীগের পক্ষের মামলার বাদি একজন ছাত্রদল নেতা ভাবতেই ঘৃণা লাগছে। এই ছেলে ২০১৩/১৪ সালের আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের বিভিন্ন অরাজকতায় সক্রিয় ছিলেন। সাজানো মামলায় আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ আরো অনেককে। মূলত এমপি রাজী মো: ফখরুলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর নেতাকর্মীদের বিভিন্ন সাজানো মামলায় আসামি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত হলে দেখা যাবে কোন গুলিবর্ষণ কিংবা গাড়ি ভাংচুরের কোন ঘটনাই হয়নি। আশা করি তারা নোংরা রাজনীতির পথ ছেড়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে।

মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন বলেন, আমি কখনোই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমার প্রতিপক্ষের লোকেরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার নামে মিথ্যা ছড়াচ্ছে। আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী রাজনীতি করে আসছি। যার প্রমান এলাকায় রয়েছে।

স্থানীয় সূত্র আরো জানায়, সম্প্রতি দেবিদ্বার রাজনীতিতে আ’লীগে স্পষ্টভাবে দুই ভাগ পরিলক্ষিত। এমপি রাজী মোহাম্মদ ফখরুল এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার ও এ বি এম গোলাম মোস্তফা। যদিও দুই গ্রুপকেই সাংগাঠনিক কর্মকান্ডে এক সারিতেই দেখা যায়। তবে তাদের মধ্যে গ্রুপিং এখন তুঙ্গে।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ৩ অক্টোবর রাত ১০টা থেকে রাত সাড়ে ১০টায় উপজেলার ভিংলাবাড়ি সাহাপাড়া পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে আমার গাড়ি বহরে হামলা করে এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবহুত সরকারি গাড়ী ভাংচুর করা হয়। পরে আমাকে হত্যার উদ্দেশ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আনিছুর রহমান ও আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে এলোপাথারী গুলিবর্ষণ করতে থাকে। প্রতিপক্ষের এ হামলায় আমার ৫ সমর্থক আহত হন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

দেবিদ্বারে একে অপরের বিরুদ্ধে হামলার শিকারের অভিযোগ এমপি ও চেয়ারম্যান গ্রুপের

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন – এমন অভিযোগ একে অপরের বিরুদ্ধে করেছেন স্থানীয় সাংসদ রাজী ফখরুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদের সমর্থিত নেতাকর্মীরা । তবে স্থানীয় সূত্রমতে, ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এ সময় দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয় এবং কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সোমবার রাতে নেতা-কর্মীদের নিয়ে পৌরসভার আলিয়াবাদ এলাকায় পূজামন্ডপ পরিদর্শনে আসেন। একই সময়ে একই এলাকায় স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুলও তাঁর নেতা-কর্মীদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করছিলেন । ওই সময় বহরের গাড়ি রাখা নিয়ে উভয়ের নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পরে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ তাঁর গাড়ি বহর নিয়ে পৌরসভার ফতেহাবাদ এলাকার একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে ভিংলাবাড়ি সড়কে আসেন।ওই সময় এমপি রাজী ফখরুলের গাড়ি বহর আলিয়াবাদের মন্ডপ পরিদর্শন শেষে ফতেহাবাদ এলাকার অন্য আরেকটি মন্ডপে যাওয়ার পথে ভিংলাবাড়ি সড়কে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। তখন ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এতে উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, আমি শান্তিপূর্ণভাবে প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেছি। স্থানীয় এমপি রাজী ফখরুলের নেতা-কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে আলিয়াবাদ এলাকায় আমার নেতা-কর্মীদের মারধর করে। পরে আমি আমার নেতা-কর্মীদের নিয়ে ফতেহাবাদ এলাকায় একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে ভিংলাবাড়ি এলাকায় পৌছালে পুনরায় তাঁরা হামলা চালায়। আমি থামাতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করা হয়। সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেছে এবং আমার সরকারি গাড়ীতেও গুলি করেছে, সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমার ৫/৬জন নেতা-কর্মীকে পিঠিয়ে ও কুপিয়ে আহত করেছে। এর মধ্যে গুরুতর আহত সজিব নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও কয়েকটি মিডিয়ায় মিথ্যাচার করছে উপজেলা চেয়ারম্যানের লোকজন। পূজা চলাকালে শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে যার যার কাজ তাদের শান্তিপূর্নভাবে করা উচিত ছিল। কিন্তু চেয়ারম্যান আজাদ গ্রুপ পরিস্থিতি অন্য দিকে ধাবিত করার জন্য নোংরা রাজনীতির পথ বেছে নিয়েছে। আমার গাড়ি বহর আলিয়াবাদের মন্ডপ পরিদর্শন শেষে ফতেহাবাদ এলাকার অন্য আরেকটি মন্ডপে যাচ্ছিল। ওই পথে অপেক্ষা করছিলেন উপজেলা চেয়ারম্য্না ও তার লোকজন। যখনই আমার গাড়ি ওই সড়ক অতিক্রম করছিলেন, তখন উপজেলা চেয়ারম্যান আজাদের লোকজন আমার গাড়ি বহর লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং চারদিক থেকে লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। যদিও গুলিবর্ষণের আগেই আমার গাড়ি দ্রুত ঘটনাস্থল অতিক্রম করায় কোন ক্ষতি হয়নি। তবে গাড়ি বহরে থাকা মোটরসাইকেল আরোহী বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমার নেতাকর্মীরাও সংঘর্ষ এড়াতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে । পরে শুনেছি স্থানীয় লোকজন চেয়ারম্যানের কর্মীদেরকে ধাওয়া করেছে।স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি- চারদিক থেকে তাদের নেতাকর্মীর ছোড়া ইটপাটকেলে তাদের কয়েকটা গাড়ির গ্লাস ভেঙ্গেছে। মূলত ঘটনা এটি। চেয়ারম্যান গ্রুপ ঘটনা অন্য দিকে ধাবিত করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। বিগত কয়েক মাসে দেবিদ্বারে অনেক অনাকাংখিত ঘটনার জন্ম দিয়েছে চেয়ারম্যান আজাদ গ্রুপ। কিন্তু আমি সব সময় শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে অবস্থান নিয়েছি। সংঘর্ষে না জড়াতে আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি । বিগত কয়েক মাস পূর্বেও চেয়ারম্যান আজাদের নেতৃত্বে আমার গাড়ি আটকিয়ে “ নৌকার দালালেরা হুশিয়ার সাবধান” শ্লোগান দিয়েছিল। গাড়িতে লাথি দিয়েছিল। কিন্তু আমি যেহেতু শান্তিপূর্ণ রাজনীতি পচ্ছন্দ করি , তাই নেতাকর্মীদের চুপ থাকতে বলেছিলাম। ধৈর্য সহকারে প্রায় ২ ঘন্টা আজাদের অবরোধে ছিলাম। বিগত কয়েক মাসে আমার নেতাকর্মীদের বিভিন্ন সাজানো মামলায় আসামি করা হয়েছে । আমরা যদি নোংরা রাজনীতি করতাম তাহলে অনেক আগেই অনেকবার সংঘর্ষে লিপ্ত হতাম।কিন্তু আমি নোংরা রাজনীতিকে ঘৃণা করি। হিন্দু ধর্মীয় বড় অনুষ্ঠান চলাকালে আমরা কেন হামলা করতে যাবো-এটা হাস্যকর অভিযোগ। মূলত আমরা যাতে পূজামন্ডপ পরিদর্শনে না যেতে পারি সেজন্য আমাদের বহরে হামলা করেছে। পরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। আমি আশা করবো তারা নোংরা রাজনীতির পথ ছেড়ে সুষ্ঠু ও ঐক্যের রাজনীতি শুরু করবে।

আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের- শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্ট:

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ সবসময় স্মরণ করে। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গেলে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরকে সহযোগিতা করছি।

এই সফরে আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আশা করি, একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে বিকাশ। আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, যা আমরা করতে সক্ষম হব। বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সর্বদা তা করি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান মোদি। সেখানে তারা হ্যান্ডশেক করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে হায়দরাবাদ হাউসে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চান্দিনা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শওকত হোসেন ভূইয়া

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো: শওকত হোসেন ভূইয়া। তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে ৬১ টি পৌরসভার মেয়র পদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন মো: শওকত হোসেন ভূইয়া।