Tag Archives: বিমানবন্দর

বছরের পর বছর ফ্লাইট বন্ধ, তবুও কোটি টাকার আয় কুমিল্লা বিমানবন্দরে!

বছরের পর বছর ফ্লাইট বন্ধ, তবুও কোটি টাকা আয় কুমিল্লা বিমানবন্দরে!

কুমিল্লা বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ঐতিহাসিক বিমানবন্দর—যেখানে রয়েছে রানওয়ে, টার্মিনাল, জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো; কিন্তু নেই শুধু যাত্রীবাহী বিমান চলাচল। প্রায় তিন দশক ধরে বন্ধ থাকা দেশের অন্যতম এই বিমানবন্দর কোনো ফ্লাইট ছাড়াই শুধু আকাশপথের নির্দেশনা সেবা দিয়ে প্রতি বছর আয় করছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। শিল্পাঞ্চল, রফতানি, প্রবাসী কর্মী ও রেমিট্যান্সসমৃদ্ধ জেলার বাসিন্দাদের প্রশ্ন, বন্ধ অবস্থায় যদি এত আয় হয়, তবে চালু হলে কতদূর যেতে পারে এই বিমানবন্দর?

কুমিল্লা শহরের দক্ষিণে প্রায় ৭৭ একর জায়গাজুড়ে অবস্থিত এই বিমানবন্দর আজ যেন থমকে থাকা সম্ভাবনার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১-৪২ সালে ব্রিটিশ ও মার্কিন বাহিনী সামরিক কাজে বিমানবন্দরটি ব্যবহার করত। স্বাধীনতার পর ১৯৭৬ সাল পর্যন্ত এখানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। পরে লোকসানের কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর ১৯৯৪ সালে নতুন আশায় আবার চালু করা হলেও মাত্র দুই সপ্তাহের মধ্যেই পুনরায় বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তারপর থেকে দীর্ঘ প্রায় তিন দশক ধরে নীরব পড়ে আছে কুমিল্লা বিমানবন্দর।

তবে ফ্লাইট বন্ধ থাকলেও থেমে নেই এর কার্যক্রম। বর্তমানে এখানে থাকা নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক আকাশপথে চলাচলকারী উড়োজাহাজকে দিকনির্দেশনা দেয়া হয়।

কুমিল্লা বিমানবন্দরের সিএনএস প্রকৌশলী নাসির উদ্দিন আহাম্মদ জানান, ‘বিমানবন্দরে থাকা ডিভিওআর, ডিএমই এবং ভিস্যাট প্রযুক্তি ব্যবহার করে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০টি উড়োজাহাজ সেবা নিচ্ছে। এই সেবা থেকেই প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে; যা থেকে সরকারও উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে।’

কুমিল্লা বিমানবন্দরের পাশেই অবস্থিত কুমিল্লা ইপিজেড; যেখানে ৪৬টি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৫০ হাজার শ্রমিক। গত বছর এখান থেকে রফতানি আয় হয়েছে ৯০২ মিলিয়ন ডলার। চলতি বছর এখন পর্যন্ত আয় হয়েছে ৬১৯ মিলিয়ন ডলার। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। দ্রুত কার্গো পরিবহন সুবিধা তৈরি হবে, কমবে সময় ও ব্যয়, বাড়বে শিল্পায়নের গতি।

প্রবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা। সরকারি তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে বিদেশগমন করেছেন ২০২১ সালে ৬৮ হাজার ৫৮৬ জন, ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৯৯৭ জন, ২০২৩ সালে ১ লাখ ১৩ হাজার ৫২০ জন, ২০২৪ সালে ৯২ হাজার ৯১১ জন এবং ২০২৫ সালে ৭৬ হাজার ৪৫৮ জন।

প্রতি বছর হাজার হাজার মানুষ কাজের সন্ধানে বিদেশে গেলেও তাদের যাত্রা শুরু করতে হয় ঢাকা, সিলেট বা চট্টগ্রাম থেকে। এতে বাড়ে সময়, খরচ ও দুর্ভোগ। স্থানীয়দের দাবি, নিজ জেলায় বিমানবন্দর চালু হলে শুধু যাত্রীসেবা নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতেই বড় পরিবর্তন আসবে।

বিশ্লেষকদের মতে, কুমিল্লা বিমানবন্দর চালু করা গেলে এটি হতে পারে পূর্বাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। শিল্প, রফতানি, কার্গো, পর্যটন ও প্রবাসী যাত্রা সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। আরও সমৃদ্ধ হবে কুমিল্লার অর্থনীতির চাকা।

যে বিমানবন্দর উড়োজাহাজ ছাড়াই আকাশপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে, যে বিমানবন্দর বন্ধ থেকেও আয় করছে কোটি টাকা, সেটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কত বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে কুমিল্লা, এখন সেই প্রশ্নই ঘুরছে সবার মুখে। সম্ভাবনার এই রানওয়ে আর কত দিন নীরব থাকবে, তার উত্তরের অপেক্ষায় রয়েছেন কুমিল্লাবাসী।

বুধবার থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে গতকাল সোমবার। এরপরই প্রচারণায় নেমেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। তবে আগামীকাল বুধবার থেকে নির্বাচনী প্রচারণায় নামেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জেলাটিতে আয়োজিত জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা।

কাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে যাবেন। মাজার জিয়ারতের পর বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

পরের দিন বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেবেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি যুক্ত হবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি আগামী ২৯ ডিসেম্বর বেলা ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরদিন ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ ও মাদারীপুরে যাবেন। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। তিনি এবারও এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন।

পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে ধরা

পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে ধরা

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে ৩ কেজি ২৩১ গ্রাম সোনা নিয়ে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিমানবন্দর এপিবিএন- এনএসআই যৌথ অভিযানে শনিবার বিকেলে আগমনী কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম মো. সুমন হোসেন (৪৩)।

রোববার এ তথ্য জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএন এবং এনএসআইয়ের একটি যৌথ আভিযানিক দল শারজাহ থেকে আসা যাত্রী মো. সুমন হোসেনকে আটক করে। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে অবতরণের পর সব কার্যক্রম শেষে অভিযুক্ত সুমন কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করলে আভিযানিক দল কনকোর্স হলের সামনে তাকে আটক করে।

সোনা উদ্ধারের বিষয়ে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন তার পায়ুপথে স্বর্ণ রয়েছে। এসময় তাকে কাস্টমসের বডি স্ক্যানারে স্ক্যান করা হলে তার কথার সত্যতা পাওয়া যায়। পরে তার দেহের কোন অংশে সোনা লুকানো আছে তা নিশ্চিত হতে উত্তরা এক নম্বর সেক্টরের জাহান আরা ক্লিনিকে এক্স-রে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এক্স-রে পরীক্ষার পর যাত্রীর পায়ুপথ ও তলপেটে মোনার অবস্থান সম্পর্কে নিশ্চিত করেন চিকিৎসক।

এরপর যাত্রীকে বিমানবন্দর আর্মড পুলিশের বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়। পরে তিনি প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পায়ুপথ ও তলপেটে লুকিয়ে রাখা ডিম্বাকৃতির পেস্ট গোল্ডের প্যাকেট বের করতে থাকেন।

অভিযুক্ত মোট ১৩টি ডিম্বাকৃতি গোল্ড প্যাকেট বের করে নিজ হাতে ধৌত করেন। এ প্যাকেটগুলো প্লাস্টিকে মোড়ানো ছিল। ওজন করা হলে প্রতিটি প্যাকেটে ২৩২ গ্রাম করে মোট ৩ কেজি ১৬ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া যাত্রীর পরিহিত পোশাকের পকেট থেকে আরও একটি গোল্ডবার (১১৬ গ্রাম) এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৩ কেজি ২৩১ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

পেস্ট গোল্ডসহ অন্য গোল্ডের রাসায়নিক পরীক্ষার মাধ্যমে উদ্ধার করা পদার্থ সোনা বলে জানা যায়। এ সোনার আমদানি এবং শুল্ক পরিশোধের কোনো ধরনের রশি দেখাতে ব্যর্থ হন এবং স্বীকার করেন সোনা পাচারকারী চক্রের সঙ্গে যোগসাজশে সোনা পাচারের চেষ্টারত ছিলেন তিনি।

সুমনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে শারজাহ প্রবাসী মিজান এবং আনোয়ার অর্থের বিনিময়ে তাকে এ সোনা পাচারের জন্য প্রস্তাব করলে তিনি তাতে রাজি হন এবং বিশেষ কৌশলে এ সোনা নিজের শরীরে বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। এ কাজে সফল হলে তার ৭০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

পুলিশ জানান, সুমন হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। ব্যাগেজ সুবিধা ব্যবহার করে পণ্য আমদানির জন্য তিনি নিয়মিত বিদেশে যাওয়া-আসা করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিমানবন্দরে স্বর্ণ চুরির ঘটনায় আটজন রিমান্ডে, উদ্ধার ৯৪ ভরি স্বর্ণ

বিমানবন্দরে স্বর্ণ চুরির ঘটনায় আটজন রিমান্ডে, উদ্ধার ৯৪ ভরি স্বর্ণ

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে সোনা চুরির ঘটনায় গ্রেফতার সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহিসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় হেফাজতে নেওয়া আট জনকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রিমান্ডকৃতরা হলেন- সহকারী রাজস্ব মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মো. মাসুম রানা ও সিপাহিরা হলেন- মো: মোজাম্মেল হক, মো. নিয়ামত হাওলাদার, মো. রেজাউল করিম, মো. আফজাল হোসেন।

ডিবি প্রধান হারুন জানায়, বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ তদন্ত করছে।

তিনি জানান, মামলার তদন্তের জন্য আমরা আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকেই গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আমরা তাদের রিমান্ডে এনে আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা করব।