Tag Archives: মেঘনা উপজেলা

মেঘনায় জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

মেঘনায় জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

 

মেঘনা প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজার থেকে আলিপুর সড়কের ছাত্তার মেম্বার বাড়ির পাশে একটি জোড়াতালির সেতু দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় সেতুটি এখন কার্যকারিতা হারালেও থেকে গেছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়রা জানান, একসময় নৌযান চলাচলের জন্য উঁচু করে নির্মিত এই সেতুটি বর্তমানে অকার্যকর হয়ে গেছে। মাঝখানে গর্ত, অতিরিক্ত ঢাল, রেলিংয়ের পলেস্তারা খসে পড়া—এসব কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন।

হিজলতলী গ্রামের আলী মিয়া অভিযোগ করে বলেন, “প্রকৌশলী বিভাগ কয়েক মাস পর পর ফুটো বন্ধের নামে হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু কোনো কার্যকর সমাধান হয় না। বরং সরকারি অর্থের অপচয় হয়।দড়িকান্দি গ্রামের মনির হোসেন বলেন, এই সড়ক দিয়ে সেননগর বাজার ও আলিপুর লঞ্চঘাটে হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুর বর্তমান অবস্থা চলাচলের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, “গতকাল সেতুটি পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ সড়কের মাঝে এমন সেতু আসলেই মরনফাঁদ। আমাদের দপ্তর থেকে কিভাবে এর সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে নাজিমুদ্দিন মোল্লা

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ঢাকা মহানগর( উত্তর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সূরা সদস্য নাজিমুদ্দিন মোল্লা একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়াকে দেখতে হাসপাতালে যান।

শনিবার রাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্ব-শরীরে হাজির হয়ে অধ্যক্ষ সেলিম ভুইয়ার শারিরীক খোঁজ খবর নেন এ নেতা। এ নিয়ে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

স্থানীয়রা মনে করেন, সারাদেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা গেছে ঠিক সেই মুহূর্তে দুই নেতার সৌহার্দ্য পূর্ণ সাক্ষাৎ সম্প্রীতির বার্তা ও প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে এই বার্তা বহন করে।

উল্লেখ্য, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শনিবার সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এই খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দোয়া চেয়ে নেতাকর্মীরা পোস্ট করেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বোন নারী নেতৃ ফাতেমা আক্তার খানম শারিরীক  অবস্থা সম্পর্কে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন আগের চেয়ে অনেকটা ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছেনা, এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

অযোগ্য ও নিস্ক্রিয়দের দিয়ে মেঘনা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

 

উজ্জ্বল হোসেন বিল্লাল:

সদ্য ঘোষিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি ঘিরে সমালোচনার ঝড় চলছে। বয়স্ক, বিবাহিত ও সন্তানের পিতা মোহসিন সোহাগকে (শাকিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মেঘনা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার নয়াকান্দারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা ছাত্র লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে ওই সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেঘনা উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সভাপতি সামিউল হাসান সাঈদ জানান, সভাপতি পদে স্থান পাওয়া মোহসিন সোহাগ এর জাতীয় পরিচয়পত্রে নাম শাকিল । যেখানে তাঁর জন্ম তারিখ ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৩। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স প্রায় ৪০ বছর। যা ছাত্রলীগের পদে থাকার জন্য অনুপযুক্ত। তার প্রকৃত বয়স লুকিয়ে সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে। সে একটি জন্ম নিবন্ধন করেছে যেখানে তার বয়স ১০ বছর কমানো হয়েছে। সেখানে তার জন্ম সাল ১৯৯৩ । জন্ম নিবন্ধনে নামও পরিবর্তন করা হয়েছে। শাকিলের পরিবর্তে মোহসিন সোহাগ করা হয়েছে। এছাড়া মোহসিন সোহাগ বিবাহিত ও সন্তানের জনক। এছাড়া কমিটির আরো কয়েকজন রয়েছেন যারা বিগত দিনগুলিতে নিস্ত্রিয় ছিলেন মাঠে।

সদ্য ঘোষিত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে যোগ্য ও সক্রিয় নেতাকর্মী দিয়ে কমিটি গঠনের দাবী জানিয়ে সাঈদ আরো জানান, আমাদের কমিটি পূর্ণাঙ্গ না করে, কোন প্রকার সম্মেলন ছাড়াই রাতের অন্ধকারে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বয়স্ক, বিবাহিত, সন্তানের জনক, অযোগ্য, নিস্ক্রিয়রা এ কমিটিতে স্থান পেয়েছে। প্রাণের সংগঠন ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা শুনেছি মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সাধারন সম্পাদক শফিক দেওয়ান সহ স্থানীয় শতাধিক ছাত্র লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহসিন সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন জানান, সভাপতি মোহসিনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যোগ্য ও সক্রিয়দের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, ২৪ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পেইডে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি পদে মোহসিন সোহাগ, সহ সভাপতি পদে মো: আনোয়ার হোসেন , জাবের ভূইয়া ও খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: ফাহিম মিয়া ও মো: টিটু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলামকে রাখা হয়।

কুমিল্লার মেঘনা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৫ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২ এপ্রিল) সকালে উপজেলার লুটেরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭), একই থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (বর্তমান নাম:- রাজীব চন্দ্র ঘোষ), কুমিল্লার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), জয়পুরহাট সদর থানার শাপলা নগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে মেঘনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কুমিল্লার মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় বুধবার থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কফিলদ্দিনের ছেলে বিএনপি নেতা কবির মেম্বার ও ধনু মিয়ার ছেলে আব্দুল গফুর গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং হামলা ও পালটা হামলায় নারীসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের আক্রমণের শিকার হয় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় চন্দনপুর বাজার এলাকায় বাড়তি নজরদারির জন্য পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে শিবনগর গ্রাম।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

মেঘনায় ড্রেজারে বালু ভরাট নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় ড্রেজার চালানো নিয়ে যুবলীগের দুই গ্রুপের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মানিকারচর বাজার এবং দুপুরে মেঘনা থানার সামনে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত ৬ জনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুত্বর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার মানিকারচর ইউনিয়নের সিকিরগাও গ্রামে ড্রেজার দিয়ে বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগের বাতেন গ্রুপ ও হেলাল উদ্দিন গ্রুপের মধ্যে কয়েকদিন যাবৎ উত্তেজনা চলে আসছে। কিছুদিন ওই গ্রামে ড্রেজার চালু করেন হেলাল উদ্দিন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বৃহস্পতিবার সকালে হেলালকে ড্রেজার চালাতে নিষেধ করেন। এনিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি । পরে দুপুরে মানিকারচর বাজারে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে হেলাল গ্রুপের রুবেল (২৫), আকিব (১৮), ছবিন (৫৫) ও টিপু (৪০) আহত হয় বলে জানান হেলাল। এরপর মেঘনা থানার সামনে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাতেনের বাবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ধনু মেম্বার( ৭০) ও শামীম (৩৫) আহত হয়। ধনু মেম্বার ছাড়া বাকি পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মানিকারচর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমি কাসিপুর নদীতে ড্রেজার বসিয়ে সিকিরগাও এলাকায় বালু ভরাট শুরু করি। বাতেন আমার ড্রেজারের নিকট গিয়ে একলাখ টাকা দাবী করে। নাহলে ড্রেজার চালতে দিবে না বলে ধমক দেয়। এরপরই বাজারে আসলে আমার লোকজনের উপর হামলা করে বাতেন ও তার লোকজন।

মানিকারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বালু ভরাটকে কেন্দ্র করে হেলাল এবং বাতেনের মধ্যে মারামারির কথা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।