Tag Archives: ম্যাজিস্ট্রেট

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (০৩ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ চৌদ্দগ্রাম খাদ্য গুদামের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের দক্ষিণ পাশে মিজানের কলার আড়ৎ এ অভিযান চালিয়ে বিষাক্ত ক্যামিকেল দ্বারা মাত্র এক ঘন্টার মধ্যে কলা পাকানোর অভিযোগে ওই কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও একই দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করায় এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা সেনেটারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিষাক্ত ক্যামিকেল মিশিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কাঁচা কলা পাকানোর পর বাজারজাত করছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে থানার দক্ষিণ পাশের একটি কলার আড়ৎ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে ধোড়করা বাজার এলাকার এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও অবৈধ ব্যবসা বন্ধে উপজেলার প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় বহিরাগতকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।

তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।

একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

সারা দেশে অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট:

তপশিল অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের বাকি আর দুদিন। এর আগেই সারা দেশে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।

ভোটের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটের পরের দুইদিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে।

মাঠে থাকা এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমলো পেঁয়াজের দাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত নামতে দেখেই পেঁয়াজের কেজি অন্তত ৮০ টাকা কমিয়েছেন বিক্রেতারা। রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি আগে তারা ১৯০-২০০ টাকায় বিক্রি করছিলেন।

মঙ্গলবার দুপুরে বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয় বলে ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান।

এদিকে মেজিস্ট্রেট আসার খবরে পৌর বাজারের ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি ১১০টাকা দরে।

কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কয়েকজন ক্রেতা জানান, গতকাল এবং আজ সকালেও কেজি প্রতি ২০০ টাকা দরে পেয়াজ বিক্রি হয়েছে। এখন ১১০ টাকা কেজি কিনেছি।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান, পৌরসভার বাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

তিনি বলেন, কোনো সিন্ডিকেটের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দোকানে সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

নোয়াখালীতে শপিং ব্যাগে মিলল এলজি-গুলি, ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে দেশীয় তৈরী এলজি-গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় রাত্রিকালীন পাহারায় ছিল টহল পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল পার্টির পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি সচল দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।

নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক কারবারিকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি বাটন মোবাইল, ১টি এন্ড্রয়েট মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলো, রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো.রফিক ওরফে বাইলা (৪০) কামরুন নাহার (২৫) বিবি আয়েশা (২৩)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদককারবারিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরো ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় গ্রেফতার মাদককারবারিরা ইয়াবা প্রেরণ করে আসছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা নেওয়া হয়েছে।

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ। এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩, একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাশার অধিক মুনাফা লাভের আশায় জনসাধারণকে কথার মায়া জালে ফাঁসিয়ে দীর্ঘদিন যাবৎ শেয়ালের মাংসকে ঔষুধী গুনাগুন সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলো। বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব -১১ এর আভিযানিক দল নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৪৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মরনীর বাড়ির রসুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মরনীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, জসিম বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে মাদক কারবার করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বসত ঘরে সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

প্রবল পানির চাপে খোলা হলো তিস্তা ব্যারাজের ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। প্রবল পানির চাপে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তা চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ শুরু করেছে। চরের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে এরইমধ্যে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট।

তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি, রাজপুর ও গোকুণ্ডা এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন।

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তিস্তা পাড়ে রেড এলার্ট শুনে তিস্তা চরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। অনেকে বিভিন্ন স্কুল ও উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, আমরা নদী এলাকার জনপ্রতিনিধিদের মাইকিং করে মানুষকে সচেতন করতে বলেছি। সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের প্রস্তুতি নিয়ে বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যা দেখা দিতে পারে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।