,

অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলায় মোবাইল কেড়ে নিল মা, আত্মহত্যা করল মেয়ে

আজকের কুমিল্লা ডট কম :
June 28, 2021
news-image

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুবর্ণচরে মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের উপর অভিমান করে সালমা আক্তার (১৫) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রবিবার (২৭ জুন) দুপুরে সুবর্ণচরের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমা আক্তার (১৫) উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেলিম বাজার সংলগ্ন আবদুল কাদেরের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, নিহত সামলা মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে প্রায় কথা বলতো। বিষয়টি মায়ের নজরে আসলে তার মা মোবাইল ফোন নিয়ে নেন। এ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে সে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে নিজের শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।