,

আগুন সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত হলেই নাশকতা কমবে: হানিফ

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা ইতোপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাস-ট্রেন ও ট্রাকে আগুন দিয়েছে। সেই সব প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি দিতে পারলেই দেশে আগামীতে এ ধরনের ঘটনা কমে আসবে।

বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে হানিফ বলেন, কে মুক্তি পাবে আর কে পাবে না সেটা একমাত্র আদালতের উপর নির্ভর করে। তবে আমরা প্রত্যাশা করি কেউ যেন অপরাধ না করে সাজা না পায়, আবার কেউ যেন অপরাধ করে পার না পায়।

সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন হানিফ। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শিশির কুমার রায়।

এ সময় হানিফ আরও বলেন, নির্বাচনের পরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানোসহ কোথাও কোন বিরোধ থাকলে তা সমাধানের কর্মসূচি চলছে। আর বিএনপি ২০১২ সাল থেকে বিএনপি বছরে দুই বার করে সরকার পতনের কর্মসূচি দিয়ে আসছে। এসব নিয়ে সরকার আর জনগণ এখন আর কিছু ভাবে না। নতুন করে বিএনপির আন্দোলনের কথা শুনলে তার দলের লোকজনই এখন হাসে।