আজ ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘প্রতিরোধ দিবস’
কুবি প্রতিনিধি:
১১ জুলাই, ২০২৪। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বেরিয়েছিলেন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে। কিন্তু বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলির মুখে সেই কর্মসূচি মুহূর্তেই রূপ নেয় প্রতিরোধে। আহত সহপাঠীদের খবর ছড়িয়ে পড়তেই হল ও মেস থেকে শত শত শিক্ষার্থী মহাসড়কে নেমে আসেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিরোধই পরে দেশজুড়ে আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।
পরবর্তীকালে ২০২৬ সালের ১১০তম সিন্ডিকেট সভায় দিনটিকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়।
সেদিন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যোগ দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে প্রায় ১৫ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর মুহূর্তেই পুরো ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন আবাসিক হল এবং মেস থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে আসেন এবং রাত প্রায় ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিরোধ গড়ে তোলেন।
আন্দোলনসংশ্লিষ্টদের মতে, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের এই হামলা ছিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনার খবর দ্রুত সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি জোরদার হয়। ফলে কোটা সংস্কার আন্দোলন আরও বিস্তৃত হয়ে পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি শক্তিশালী করে।
এই ঘটনার এক বছরপূর্তিতে ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস—১১ জুলাই’ শীর্ষক স্মরণসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১১ জুলাইকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম রক্ত ঝরেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ওই দিনের প্রতিরোধই পরবর্তী সময়ে সারা দেশের আন্দোলনকে আরও বেগবান করেছিল।’ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার
ঘোষণার প্রায় এক বছর পর, ২০২৬ সালের ২৯ জুন অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই সভায় দিনটিকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ১১ জুলাই কেবল জাতীয়ভাবে স্বীকৃত একটি স্মরণীয় দিনই নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ইতিহাসেরও স্থায়ী অংশে পরিণত হলো।
সেদিনের ঘটনাকে স্মরণ করে আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, ‘সরকারি চাকরিতে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ৪ জুলাই থেকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করি। ১১ জুলাই পূর্ব ঘোষণা ছাড়াই পুলিশ বিশ্ববিদ্যালয় এলাকায় লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হন। এরপর হল ও মেস থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কুমিল্লা বিশ্বরোড অবরোধ করেন। জুলাই অভ্যুত্থানে এটি ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনীর প্রথম হামলা, যার প্রতিরোধ গড়ে তোলে কুবিয়ানরা। সেদিন সারা দেশে ‘কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই!’ স্লোগান ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ সরকার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের প্রত্যাশা, দিনটি যথাযথ মর্যাদায় পালিত হোক। ইনকিলাব জিন্দাবাদ! বাংলাদেশ জিন্দাবাদ!’
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইভা বলেন, “১১ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আনসার ক্যাম্প এলাকায় আমাদের ওপর পুলিশ হামলা চালায়। এরপর কুবির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধই আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। ২০২৫ সালে ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মিলেছে। এখন আমাদের প্রত্যাশা, ছাত্র আন্দোলন চত্বরে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।”