,

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও চাঁদনী আক্তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, চিকিৎসকের পরামর্শ নিতে নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তাঁর ফুফু। চিকিৎসক দেখানো শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।