,

কুমিল্লায় দুই কিশোর গ্যাংয়ের ৪ শীর্ষ সদস্য গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই গ্যাং ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার জেলা পুলিশের এক প্রেস রিলিজ মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ‘টিম RAW’-এর সদস্য ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘Crime Setup’-এর সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধে ৯টি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। অন্যদিকে, সাব্বির ও রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে পূর্বের একটি করে মামলা রয়েছে।

কুমিল্লা জেলায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ডিবির সমন্বয়ে চলছে চিরুনি অভিযান।

পুলিশের দাবি, এ সময়ে সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় অনেককে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশের ভাষ্য, চলমান অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের শীর্ষ নেতাদের অনেকে আত্মগোপনে চলে যায়। তবে অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এবং কিশোরদের অপরাধে জড়িত করার সঙ্গে সম্পৃক্ত কোনো গ্যাং বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কার্যকলাপের বিষয়ে খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।