রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৮, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় প্রাণ হারালেন আব্দুল হাকিম (৪০) নামের এক ব্যক্তি।

সোমবার দুপুরে চান্দিনা পৌরসভার চান্দিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম (৪০) চান্দিয়ারা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মামুন জানান, চান্দিয়ারা গ্রামের ফকির বাড়িতে একটি আম গাছ কিনেছিলেন আমার পিতা আব্দুল হাকিম। সোমবার আমিসহ আরও কয়েকজন মিলে ওই গাছ কাটার কাজ করছিলাম। গাছটি একজনের ঘরের উপর পড়বে আশঙ্কা করে আমার পিতা আব্দুল হাকিম গাছটিতে ধরতে গেলে গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আব্দুল হাকিম এর জন্মস্থান এ এলাকায় না। তার পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। প্রায় ২৫ বছর আগে এখানে এসে বিয়ে করে বাসিন্দা হন। কৃষিকাজ করার পাশাপাশি গাছের কাজ করতেন তিনি। সোমবার গাছ কাটার সময় চাপা পড়ে মৃত্যু ঘটে তার।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি শুনেছি। তবে এটি মূলত একটি দুর্ঘটনা।