,

কুমিল্লায় লকডাউনের মাঝে বেতনের জন্য ইপিজেড শ্রমিকদের রাজপথে আন্দোলন

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2020
news-image

 

আশিকুর রহমান আশিক:

বকেয়া বেতনের জন্য কুমিল্লা  ইপিজেডের ওয়াইসিস হাই টেক স্পোর্টস ওয়ার লিমিটেডের সাবেক ও বর্তমান প্রায় ৫ শতাধিক শ্রমিক রাস্তায় জড়ো হয়ে বসে আন্দোলন করেছে ।

বুধবার (২২ এপ্রিল ) সকাল সাড়ে ৭ টা থেকে   ইপিজেডের সামনের সদর উপজেলা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিকেল ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কিছু শ্রমিক বাড়িতে ফিরে গেছে। তবে কিছু শ্রমিক এখনো রাস্তায় রয়েছে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, এ কোম্পানিতে ৮ শত শ্রমিক কাজ করতো। গত ৩ মাস ধরে ৫ শত শ্রমিককে বেতন না দেওয়ায় তার মধ্যে ৩ শত শ্রমিক পদত্যাগ করে এই কোম্পানি থেকে। বর্তমানে পদত্যাগ করা ও চলমান কর্মরত সব শ্রমিক  মিলে বেতনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামেন শ্রমিকরা। তারা বলেন, কোন উপায় না দেখে পরিশ্রম করা বেতনের জন্য আন্দোলনে নামেন শ্রমিকরা।

তারা জানান, বকেয়া বেতনের জন্য কিছুদিন পূর্বে আমরা আন্দোলন শুরু করলে কুমিল্লা ইপিজেড  এর সোহেল নামের একজন কর্মকর্তা আমাদের আশ্বাস দিয়ে বলে এপ্রিলের ২২ তারিখ বেতন বুঝিয়ে দিবে। সেই কথাই বিশ্বাস করে আজ বকেয়া বেতনের জন্য ইপিজেডে প্রবেশ করতে গেলে আমাদের ঢুকতে দেয়া হয়নি।  তাই আমরা আন্দোলন করছি।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য আমরা বলেছি। আন্দোলনরতদের বেশিরভাগই কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছে। তারা বকেয়া বেতনের জন্য আসছে।  দুপুরে তাদের বেশিরভাগই বাড়িতে ফিরে গেছে। এখন ওয়াইসিস হাই টেক স্পোর্টস ওয়ার লিমিটেড কোম্পানির মালিক ও আন্দোলনকৃত শ্রমিক পক্ষ বসে বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হবে বলে শুনেছি।