,

কুমিল্লায় ৩দিন পর অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারিকে গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

অপহরনের তিনদিন পর কুমিল্লার বুড়িচং উপজেলার গক্ষুর এলাকার মো. সাখাওয়াত হোসেন নামে এক গ্যারেজ মালিককে উদ্ধার এবং অপহরনকারী দলের মুল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুড়িচং থানা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের গক্ষুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মো. সাখাওয়াত হোসেন (২৬) বাড়ী সংলগ্ন এলাকায় বিসমিল্লাহ মটরস নামে একটি গাড়ীর গ্যারেজের মালিক।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় সে বাড়ী থেকে থেকে গ্যারেজে যায়। রাতে বাড়ী না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় নিখোঁজ সাখাওয়াতের মোবাইল ফোন থেকে তাঁর খালাতো ভাই ইব্রাহিমের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ১ লাখ ৫০ হাজার টাকা দাবী করে ফোন করে। কিছু সময় পরে আলাউদ্দিন নামে এক ব্যক্তি নিখোঁজ সাখাওয়াতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর মোবাইলে ফোন করে স্বামীকে ফেরত চাইলে দ্রুত দেখা করতে ও বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। পরে ওই ব্যক্তির কথামতো একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করা হয়। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে পুনরায় ফোন করে আরো টাকা দাবী করে। পরে সাখাওয়াতের স্ত্রী বুড়িচং থানায় অপহরন মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ডালিম কুমার মজুমদার তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লার সদর দক্ষিন উপজেলার রাজাপাড়া এলাকায় অপহরণকারির অবস্থান নিশ্চিত করে। বুধবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে রাজাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ী থেকে অপহৃত সাখাওয়াতকে উদ্ধার করে। এসময় অপহরকারী দলের মুল হোতা আলাউদ্দিনকে (৩২) আটক করে। গ্রেফতারকৃত আলাউদ্দিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকায় মোঃ সফিকুল ইসলামের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা এস আই ডালিম কুমার মজুমদার জানান, ইতোমধ্যে অপহরনকারী দলের বাকী সদস্যদের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।