,

চান্দিনায় ব্যবসায়ি খুন

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2018
news-image

শরীফুল ইসলাম ঃ

কুমিল্লার চান্দিনায় ছোটন ভূইয়া (২৮) নামে এক তরুণ ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া-মীরগঞ্জ এলাকার কুমিল্লা সিএনজি পাম্প সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছোটন ভূইয়া চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত আয়েত আলী ভূইয়ার ছেলে। তিনি রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি ব্যবসা করতো।

নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, ছোটন ঢাকায় ব্যবসা করলেও প্রতি সপ্তাহে বাড়িতে আসতো। বুধবার রাত ১০টায় আমাকে ফোন করে জানায় তিনি বাড়িতে আসার জন্য সায়দাবাদ থেকে বাসে উঠেছেন। রাত ১টার দিকে আমি তার মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ হয় ঠিকই কিন্তু তিনি কোন কথা বলেননি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। তারপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাই। ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই মহাসড়কের পাশে তার লাশ পড়ে আছে।

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে। আমরা মরদেহ দেখার পর থানা পুলিশে খবর দেই।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুল ইসলাম জানান, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।