,

চান্দিনায় যৌন হয়রানীর অপরাধে এক যুবকের ৮ মাসের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2018
news-image

 

শরীফুল ইসলাম ||

কুমিল্লার চান্দিনায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে মোঃ শিহান হোসেন (১৮) নামের এক যুবককে ৮  মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ মার্চ) দুপুরের দিকে চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.জাকারিয়া এই কারাদন্ড প্রদান করেন।

মোঃ শিহান হোসেন চান্দিনা উপজেলার পৌর এলাকা মহারং গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার সকালে চান্দিনা ডা.ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উপজেলা সদরের পুরাতন গরু বাজার সংলগ্ন এলাকায় যৌন হয়রানি করে শিহান । এ বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.জাকারিয়ার নেতৃত্বে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহব্বত হোসেন তার ফোর্স নিয়ে শিহানকে আটক করা হয়। এসময় স্কুল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা স্বীকার করেন আটক সিহান। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করা হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.জাকারিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।