,

চান্দিনায় রাতের অন্ধকারে দোকান দখল; ভিডিও ভাইরাল

আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা পৌরসভার একমাত্র হাটবাজার চান্দিনা বাজারে রাতের অন্ধকারে আশিক মুরগী দোকান নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান দখল করে দুষ্কৃতকারীরা। সোমবার (৩১ মে) সকাল থেকে ওই স্থানে অন্য একজন ব্যবসায়ী দোকান চালু করে। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) রাতের অন্ধকারে ওই দোকান দখল করে দুষ্কৃতকারীরা। দখলের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি এখন ভাইরাল।

এদিকে ওই ঘটনায় দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে চান্দিনা পৌর কর্তৃপক্ষ। এতে পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুর রব কাউন্সিলরকে আহ্বায়ক করা হয়। তদন্ত কমিটি রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আশিক মুরগী দোকান এর মালিক মো. শাহজাহান জানান- গত ২৫ বছর ধরে চান্দিনা উপজেলা সদরের মুরগী বাজারে ব্যবসা করে আসছেন তিনি। বৃহস্পতিবার রাতে চান্দিনা পৌর ছাত্রদল নেতা মো. সজিব হোসেন মুন্সী’র নেতৃত্বে ১৪-১৫ জন যুবক তার লোহার তৈরী মুরগীর খাঁচা সরিয়ে দিয়ে তার দোকানটি দখল করে ফেলে। সোমবার তার দোকানের স্থানটিতে হেলাল নামের অপর এক যুবক দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। দোকান দখলের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে তিনি অবহিত করেছেন বলে জানিয়েছেন।