চৌদ্দগ্রামে ৭টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৭টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কের ঘোলপাশার সৈয়দপুর এলাকার একটি খামার থেকে ৭টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার মৃত আবুল হাশেম সওদাগরের ছেলে মো: নাছির উদ্দিন (৬৩), রাঙ্গুনিয়া থানার মিনাগাজীরটিলা এলাকার গোলাম মোহাম্মদ এর ছেলে মো: সানি চৌধুরী প্রকাশ আকাশ (৩০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকার মৃত বশির আহাম্মদ প্রকাশ জমিদার এর ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪৮)। এ ঘটনায় কথিত খামার মালিক উপজেলার সৈয়দপুর এলাকার মৃত রমজান আলীর ছেলে আলম (৫১) ও চোরাই গরু বিক্রির মূলহোতা লক্ষীপুর জেলার সদর থানার মজু চৌধুরীর ঘাট এলাকার দিদার (৪০) সহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৭/৮ জন আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।
