জনগণকে বিপদে ফেলে রেখে বিএনপি কখনও পালিয়ে যায়নি: ড. মোশাররফ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। দেশের মানুষকে বিপদে ফেলে রেখে বিএনপি নেতারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই, বন্ধু আছে, প্রভু নেই। বিএনপি এই দেশের জনগণকে মনেপ্রাণে ভালোবাসে। এই দল ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ থাকে,ভালো থাকে।
তিনি আজ সোমবার দাউদকান্দি পৌর এলাকার নাগেরকান্দি ও দোনারচর- সবজিকান্দিতে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।
ড.মোশাররফ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তাদের সন্তান তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এখন তিনি জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।
একটি উন্নত,সমৃদ্ধ দেশ গড়তে তিনি (ড.মোশাররফ) ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ড.মোশাররফ বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী,এমপি ও আওয়ামী লীগ নেতারা জনরোষের আতঙ্কে দেশ থেকে পালিয়েছে। তারা জনগণের উপর এতোটাই জুলুম নিপীড়ন চালিয়েছে, এখন তারা পলাতক। নিজ দেশে প্রকাশ্যে বের হবার সাহস নেই। বিশ্বের অন্য কোনো দেশে এমন নজির আছে বলে কেউ শুনেনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গত ১৬ বছর দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থরক্ষার কাজেই বেশী ব্যস্ত ছিল। এই নিষিদ্ধ দলটির নেতারা ভবিষ্যতে যাতে দেশের অভ্যন্তরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পেরে সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এইসব উঠোন বৈঠকে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি সরকারে থাকলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে। জনগণের পাশে থাকে। ভুলে যায় না। তাই তো গত ১৭বছরেও মানুষ বিএনপি এবং প্রিয় নেতা তারেক রহমানকে ভুলে যায়নি। আগামী দিনে বিএনপি ক্ষমতাসীন হলে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার জনগণের সকল আশা-আকাংখা পূরণ করবে।
এদিকে সকাল থেকে বিএনপি প্রার্থী ড.মোশাররফের পক্ষে ড.খন্দকার মারুফ হোসেন গোয়ালমারী ইউনিয়নের সেন্দিতে নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং দাউদকান্দি পৌর এলাকার বারাগাঁও,পশ্চিম মাইজপাড়া, দিঘীরপাড়, নছরদ্দি,উত্তর গাজীপুর মাদ্রাসা মাঠ,দক্ষিণ সতানন্দি, দক্ষিণ গাজীপুর,দৌলদ্দী, ব্যাপক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
নাগেরকান্দির উঠোন বৈঠকে পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা পিটার চৌধুরী, গোলাম মোস্তফা,গোলাম রাব্বানী, আবদুস সাত্তার,কাউসার আলম সরকার,খন্দকার মাহবুব হোসেন,মামুন হোসেন ভুইয়া ও শরীফ চৌধুরী প্রমুখ।