,

দাউদকান্দিতে থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার সন্দেহে আটক ২৮ কিশোরকে থানায় নেওয়ার পর একটি কক্ষের দরজা ভেঙে ১৭ জন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ওই কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়। রাতে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে বেরিয়ে আসে। এ সময় কক্ষের ভেতরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে আটক ২৮ জনের মধ্যে ১৭ জন পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আটক কিশোরদের স্বজনদের দাবি, তাদের বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধ-সংক্রান্ত রেকর্ডে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে কিশোরদের পালিয়ে যাওয়া ও থানায় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি বলেন, ‘তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। তাদের স্বজনরা একসঙ্গে থানায় আসায় কিছুটা ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের যাচাই-বাছাই চলছে।’

প্রসঙ্গত, বুধবার কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালায় জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়। এর মধ্যে দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে থানা-পুলিশ।