নাঙ্গলকোটে সড়কের পাশে ময়লার ভাগাড়, জনদুর্ভোগ চরমে
নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের বাইপাস সড়ক ও রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লার ভাগাড় করার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন ভ্যান ও ট্রাকে করে বাজার কুড়ানো আবর্জনা, ক্লিনিক, হাসপাতাল ও কশাই খানার দূষিত বর্জ্য এই ভাগাড়ে ফেলছে যত্রতত্র। এর ফলে বর্জ্যের পঁচা দুর্গন্ধে আশ-পাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে। একটু বৃষ্টি হলেই পানি জমাট হয়ে যায়,এবং পানি গুলো বিষাক্ত হয়ে ওঠে। ভাগাড়ের চারপাশে বসত বাড়ি, স্কুল, মসজিদ, হসপিটাল ও মাদ্রাসা থাকলেও দেখার কেউ নেই। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় হাজার-হাজার পথচারি চলাচল করে।
ব্যাস্ততম এই সড়ক দিয়ে রাত-দিন ২৪ ঘন্টা শত-শত মালবাহী ট্রাকসহ অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করে।
এছাড়া স্কুল-কলেজ গামী শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে ভাগাড়ের দুর্গন্ধ যুক্ত মিশ্রিত বাতাস গ্রহনে তারা ডায়রিয়া, শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। নাঙ্গলকোট পৌরসভায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। এই পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে বসবাসরত নাগরিকরা প্রথম শ্রেনীর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হলেও পৌর করের জাতাকলে পিষ্ট হচ্ছেন পৌরবাসী। কোন রকম মুল্যায়ন ছাড়াই গত ১০ বছরে পৌরকর বৃদ্ধি করা হয়েছে কয়েক গুণ। বাড়েনি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা।
পৌরসভায় সেবা নিতে গেলে পদে পদে পৌরবাসীকে নাজেহাল হতে হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা, ড্রেন এবং প্রায় সড়কে রোড লাইট না থাকলেও কর আদায় করা হচ্ছে যথারিতী। এদিকে সড়কের প্রায়ই স্থানে ময়লার স্তুপে সয়লাব থাকে।
২০০২ সালে ৫নং নাঙ্গলকোট ইউনিয়নের ১৪টি গ্রাম ও মৌকরা ইউনিয়নের ৫টি গ্রামসহ মোট ১৯টি গ্রামকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করে নাঙ্গলকোট পৌরসভা প্রতিষ্ঠিত হয় বিএনপি সরকারের আমলে। ফলে নাঙ্গলকোট ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভার উত্তরের অংশ ৫নং মক্রবপুর ইউনিয়ন এবং পশ্চিমের অংশ ১২নং হেসাখাল ইউনিয়ন নামে দুইটি আলাদা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।
একাধিক পথচারি ও চালক বলেন, এই সড়ক দিয়ে চলাচলের সময় ময়লার ভাগাড়ের পাশ দিয়ে পার হতে হলে ৩০ থেকে ৪৫ সেকেন্ড দম বন্ধ করে পার হতে হয়। তখন আমাদের অনেক কষ্ট হয়।এবং একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। পানিগুলো খুব বিষাক্ত হয়ে যায়। তখন পায়ে হেঁটে পার হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়।
ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন নাঙ্গলকোট (ডিমসান)সভাপতি নজির নোবেল বলেন, সব ধরনের বর্জ্য পরিবেশের সাথে সাথে জনস্বাস্থ্যে বিরুপ প্রভাব ফেলছে, বর্জ্য অব্যবস্থাপনা বহু রোগের নীরব উৎস।বিভিন্ন নষ্ট খাদ্যের উচ্ছিষ্ট অংশ মাছি, মশা বংশবিস্তারের জন্য উত্তমস্থান এতে ওই এলাকায়রডেঙ্গু, চিকনগুনিয়া, ডায়রিয়া ছড়িয়ে পড়তে পারে,অন্যদিক বর্জ্য পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে হাঁপানি ও বিভিন্ন ফুসফুসের রোগের কারন হতে পারে। যার সবচেয়ে বড় শিকার এলাকার শিশু এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা।
তাছাড়া হাসপাতালের বর্জ্য হিসাবে থাকা বিভিন্ন কেমিক্যাল, এন্টিবায়োটিক রেজিটেন্স করে দিতে পারে ফলে যেকোনো রোগ সহজে ভালো হবে না, বিভিন্ন ইলেকট্রনিক আবর্জনাতে রয়েছে ভারীধাতু সমুহ যা পরিবেশে মিশলে কিডনী সহ স্নায়ুতন্ত্রের দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করতে পারে,এছাড়াও ময়লাগুলো বৃষ্টির সময় পানির সাথে মিশে পানি-বাহিত রোগ ছড়াতে পারে, চিকিৎসাবিদ্যায় একটি কথা আছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আবু রায়হান বলেন, আবর্জনা ফেলার জন্য পৌরসভার জায়গা না থাকায় সড়কের ধারেই ফেলতে হচ্ছে। গার্বেজ স্টেশন করার জন্য পৌরসভার অধীনে জায়গা খোঁজা হচ্ছে। যেখানে ময়লা ফেলা হচ্ছে সেখানে বাউন্ডারি দেওয়ার পরিকল্পনা নিয়েছি।