নোয়াখালি সোনাইমুড়ি থানায় মাদক ব্যবসায়ীর আত্মহত্যা
আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2018
ডেস্ক রিপোর্ট :
সোনাইমুড়ি থানায় শনিবার ভোরে ইয়াবা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঘটনার পর অপমৃত্যু মামলা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
নিহত ইয়াবা ব্যবসায়ী তাজুল ইসলাম তুষার (২৩) উপজেলার দুর্গা দৌলতপুর গ্রামের মমিনুল্লাহের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, তুষার দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা এবং সেবন করতেন। পরিবারের লোকজন তাকে এটি থেকে ফেরাতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। তার এই কর্মকাণ্ডে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিল। শুক্রবার দিবাগত রাতে তুষার ইয়াবা সেবন করে ঘরে আসলে তার বাবা স্থানীয় ইউপি মেম্বার হোসেনকে খবর দেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি ওসি নাসিম উদ্দীনকে জানান। দারোগা হারুন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসেন এবং থানা হাজতে রাখেন।
সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (চাটখিল সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম জানান, তুষার শনিবার ভোরে তার পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হাজতে শিকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।