রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিযোগিতায় আমি বিশ্বাসী নই: অভিনেত্রী শ্বেতা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

‘মির্জাপুর’ সিরিজের সাফল্য তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠিকে। বলা যায়, তিনি এখন ওটিটি প্ল্যাটফর্মের শীর্ষ তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ওটিটিতে চলছে ‘ইয়ে কালি কালি আঁখে’-এর দ্বিতীয় মৌসুম। ‘মির্জাপুর’ সিরিজের সাফল্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন শ্বেতা ত্রিপাঠি। এই সাক্ষাৎকারটি যুগান্তর পাঠকদের জন্য উপস্থাপন করা হলো—

সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ‘ইয়ে কালি কালি আঁখে’-এর দ্বিতীয় মৌসুম ব্যাপক সাফল্য পেয়েছে। চলতি বছরে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর তৃতীয় কিস্তিও। দুটি সাফল্যের মধ্যে দারুণ উৎফুল্ল শ্বেতা ত্রিপাঠি।

তিনি বলেন, “আমি যেখানেই যেতাম, সবাই আমাকে প্রশ্ন করত— ‘ইয়ে কালি কালি আঁখে ২’ কবে আসবে? তাই আমাদের একটু চাপের মধ্যে ছিলাম। কিন্তু এসব আমাদের জীবনের অংশ। সবাই প্রচণ্ড পরিশ্রম করছি, আর তার ফল পাচ্ছি। দর্শকদের থেকে প্রশংসাসূচক মন্তব্য পাচ্ছি। আর কী চাই?”

‘ইয়ে কালি কালি আঁখে’-এর দুই মৌসুমের মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান ছিল। শ্বেতা জানান, ‘শিখা’ চরিত্রে অভিনয় করতে আগের মৌসুমটি আবার দেখে তিনি প্রস্তুতি নিয়েছিলেন। তিনি বলেন, “মির্জাপুর ৩-এর সময়ও আমি আগের দুটি মৌসুম দেখেছিলাম, এবং এই সিরিজেও সেটাই করেছি।”

অভিনেত্রী আরও বলেন, “আমার অভিনীত চরিত্রের শারীরিক ভাষা ও কণ্ঠস্বর ঝালিয়ে নেওয়ার জন্য আমি আগের কিস্তি দেখতে পছন্দ করি। নতুন মৌসুমে চেষ্টা করি আগের ভুলগুলো শুধরে নিতে।”

ওটিটি প্ল্যাটফর্মের আগমনে প্রতিযোগিতা বেড়েছে। শ্বেতা ত্রিপাঠি অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কী ভাবেন? তিনি হেসে বলেন, “আমি প্রতিযোগিতায় বিশ্বাসী নই, তবে মাঝে মাঝে একটু হিংসা হয়। কখনো কখনো অন্য কারও অভিনীত চরিত্র দেখে আমার হিংসা হয়, মনে হয়— আমি যদি ওই চরিত্রে অভিনয় করতে পারতাম! তবে পুরুষ অভিনেতাদের চরিত্র দেখে বেশি হিংসা হয়। যেমন, এই সিরিজে তাহির (রাজ ভাসিন) যে চরিত্রে অভিনয় করেছেন, আমি যদি সেই চরিত্রে অভিনয় করার সুযোগ পেতাম, তাহলে দারুণ লাগত। আফসোস, অভিনেত্রীদের এমন চরিত্রে অভিনয় করার সুযোগ খুব কম আসে।”

মানুষের মনোসংযোগ কমে যাওয়ার বিষয়েও উষ্মা প্রকাশ করে শ্বেতা বলেন, “মানুষের ধৈর্য এখন কমে গেছে। কোনো কিছুর প্রতি মনোনিবেশ করতে তারা পারেন না। ওটিটিতে ছবি বা সিরিজ দেখার সময় হাতে মুঠোফোন নিয়ে রিলস দেখতে থাকেন। সহজেই এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে চলে যান। মানুষের মন যেন ক্রমাগত ছুটছে, আর এটা খুব অস্থির।”

সফলতার প্রসঙ্গে শ্বেতা ত্রিপাঠি বলেন, “এখন আমাদের সমাজই সফলতা কী তা নির্ধারণ করে দেয়। যোগ্যতা বা অর্জনের মাধ্যমে নয়, এখন সফলতা মানে আপনার দামি পোশাক, নামিদামি গাড়ি-বাড়ি—এসবের মধ্যে লুকিয়ে থাকে।”

তিনি আরও বলেন, “আমরা অন্ধ হয়ে যাচ্ছি। ভুলে যাচ্ছি যে আমরা অভিনয়শিল্পী। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রতিভা আরও ধারালো করা, এবং যেকোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে সেটি মনপ্রাণ দিয়ে করা।”

অবশ্য, শ্বেতা ত্রিপাঠির ‘মির্জাপুর’ এবার সিনেমা হিসেবে মুক্তি পাবে। সেখানে বেশিরভাগ চরিত্রে আগের পাত্র-পাত্রীরা ফিরে আসবেন।