,

মরহুম শফিকের পরিবারের দায়িত্ব নিলেন কাজী নাজমুল হোসেন তাপস

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
“হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস।” বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়কের (কেয়ারটেকার) দায়িত্বে থাকা সৎ, নিষ্ঠাবান ও সরলমনা মরহুম শফিকের পরিবারের দায়িত্ব ভার নেয়ার ঘোষণা দেন ব্রা‏হ্মণবাড়িয়া-০৫, নবীনগর উপজেলার চার চারবারের এমপি মরহুম কাজী আনোয়ার হোসেনের সন্তান কাজী নাজমুল হোসেন তাপস।
জানা যায়, রবিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চার পুত্র ও এক কন্যা সন্তানের জনক শফিকের (৪০)। এ খবরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন শোক প্রকাশ করেছে। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু সহ দলীয় নেতাকর্মীরা ছুটে যান শফিকের বাড়িতে। শফিকের বৃদ্ধ মা, স্ত্রীর আর্তনাদ আর পিতা হারা সন্তানদের বাঁধ ভাঙা কান্নায় ভারী হয়ে পড়ে চারপাশ।


এড. আনিসুর রহমান জানান মরহুম কাজী আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান কাজী নাজমুল হোসেন তাপস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের জন্য যা কিছু করা দরকার তিনি করবেন।
এ ব্যাপারে কাজী নাজমুল হোসেন দৈনিক আজকের কুমিল্লাকে মুঠোফোনে বলেন, আমি শফিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সে আমাদের দলীয় কার্যালয়ের একজন বিশ্বস্ত লোক ছিল। আমার বাবা জীবিত থাকাকালীন সময় থেকেই সৎ ও নিষ্ঠার সাথে আমাদের কার্যালয়ের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছিল। আমি তার পরিবারের জন্য যা কিছু করা দরকার ইনশাল্লাহ তা করার চেষ্টা করব।