শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মারা গেছেন চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০২৬
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি।। 

চাঁদপুর-৩ (সদরের অংশ ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামে ১৯৪৭ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। একই উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। কয়েক বছর চাকরি করার পর তিনি ব্যবসা শুরু করেন। একপর্যায়ে তিনি দেশের খ্যাতিমান শিল্পপতিতে পরিণত হন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর তিনি বিএনপিতে যোগদান করেন। সেই থেকে তিনি বিএনপির সাথে যুক্ত ছিলেন।তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি টেলিকমিউনিকেশন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন।

গাজী মোহাম্মদ ফজলুল হক একজন হাসিখুশি মানুষ ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ বহু রাজনৈতিক সহকর্মী, আত্মীয়, বন্ধু রেখে গেছেন। সাবেক এই এমপি জিএম ফজলুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (১৮ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কলেজ মাঠে সকাল ১১টায় দ্বিতীয় জানাজা।

উল্লেখ্য, জিএম ফজলুল হক দীর্ঘদিন অসুস্থ হযে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। ১৫ দিন আগে তাকে দেশে আনা হয়। গতকাল হঠাৎ অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।