শ্রীলঙ্কায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সাফল্য, বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনলো কুমিল্লার দুই শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার।।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে কুমিল্লার বাংলাদেশ শাইনিং শিতোরিউ কারাতে ক্লাবের দুই কৃতি শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা স্বর্ণ ও রৌপ্য পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।
গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবরার রহমান আহিল ও রেজওয়ান আহমেদ। প্রতিযোগিতায় আবরার রহমান আহিল কাটা বিভাগে একটি এবং কুমিতে বিভাগে একটি—মোট দুটি স্বর্ণপদক অর্জন করে কৃতিত্বের পরিচয় দেয়। অন্যদিকে রেজওয়ান আহমেদ কাটা বিভাগে একটি স্বর্ণপদক এবং কুমিতে বিভাগে একটি রৌপ্যপদক অর্জন করে সাফল্য লাভ করে।
জানা যায়, কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ শাইনিং শিতোরিউ কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক ও আন্তর্জাতিক কারাতে বিচারক শিহান মোখলেসুর রহমান (আবু)-এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ২০ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিযোগিতায় শিহান মোখলেসুর রহমান (আবু) আন্তর্জাতিক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান প্রশিক্ষক শিহান আবু বলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতা এবং দেশবাসীর দোয়ায় তিনি এর আগেও জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলভাবে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।
উল্লেখ্য, পদকজয়ী আবরার রহমান আহিল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং রেজওয়ান আহমেদ সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনেই কুমিল্লার এথনিক স্কুলের ছাত্র।
বাংলাদেশ শাইনিং শিতোরিউ কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক ও আন্তর্জাতিক কারাতে বিচারক শিহান মোখলেসুর রহমান (আবু) দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও তিনি ও তার শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারেন।