,

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণেই দেশে আমেরিকা-ইতালির চেয়ে করোনা আক্রান্ত কম

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মোকাবিলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণেই আক্রান্তের ৪৪ দিন পার হলেও দেশে করোনা রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স, আমেরিকার থেকে বহুগুণ কম রয়েছে। আজ দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৯৬, গতকালও প্রায় ৩ হাজার করা হয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর যখন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে সেখানে আমাদের দেশে মোট আক্রান্ত এখন ৩ হাজার ৭৭২ জন। দেশে দৈনিক আক্রান্ত সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ এর ঘরেই আছে।’

বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এটি এমনিই সম্ভব হয়নি। চিকিৎসক, নার্সদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্যখাতের যথাসময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ একই সঙ্গে দেশের মানুষের সরকারি নির্দেশনাসমূহ মেনে আত্ম-সচেতনতা বৃদ্ধির ফলেই দেশে করোনা এখনও মহাবিপর্যয়ে পৌঁছেনি। করোনায় দেশের এই বর্তমান চিত্রটি আর কিছুদিন ধরে রাখা গেলেই করোনা মহামারিকে ভালোভাবেই রুখে দেয়া সম্ভব হবে।’

সমালোচনায় হতাশ না হয়ে করোনার এই দুর্যোগের সময় স্বাস্থ্যখাতের সকলকে জনগণের পাশে থেকে নিরলস কাজ করে যেতে হবে জানিয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত জেলার সিভিল সার্জনসহ অন্য স্বাস্থ্যকর্মীদের কাজ করে যাওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এক্ষেত্রে সরকারের প্রতিটি নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্যও অনুরোধ করেন মন্ত্রী।