,

সাবেক আইনমন্ত্রী এমপি আব্দুল মতিন খসরু আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নবনির্বাচিত সভাপতি এবং কুমিল্লা-৫ আসনের সাংসদ আবদুল মতিন খসরু।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আবদুল মতিন খসরু। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে তার শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। গত ১ এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ বুধবার বিকেলে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান।

গত ১২ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন সুপ্রিমকোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১ সালে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিন খসরু। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি।