,

সিলেটে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই পর্যটকদের মর্মান্তিক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2026
news-image

মাসুদ হোসেন:

ছুটির দিনে ঘুরতে বের হয়ে সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই পর্যটকের। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে মোঃ সোহেল বকাউল (৩৬) এবং অপর নিহত ব্যক্তি একই ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের খালেক তপদারের ছেলে মোঃ খায়রুজ্জামান পিপুল (৪৫)।

দুর্ঘটনায় আহত চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার সুজন খান দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহামায়া থেকে একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাইক্রোবাসটি কুমিল্লায় আসলে আমরা কয়েকজন এখান উঠি। আমাদের গাড়িটি যখন সকাল প্রায় ৭টার দিকে সিলেটের শেরপুর থানা এলাকায় পৌঁছায় তখন বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স এর সামনে দিয়ে একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে এ্যাম্বুলেন্সের একপাশ কাত হয়ে আমাদের মাইক্রোবাসটিতে এসে সজোরে ধাক্কা লাগলে সোহেল ও খায়রুজ্জামান এ্যাম্বুলেন্স এর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আমাদের সফরসঙ্গী অন্যরা কমবেশি আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় আমাদের সবাই ঘুমে ছিলেন, আমিই শুধু চালক শরীফ এর সাথে কথা বলতে ছিলাম। আমাদের চোখের সামনেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা।

জানা যায়, নিহত প্রবাস ফেরত সোহেল বকাউল ঢাকার কেরানীগঞ্জে ও খায়রুজ্জামান চাঁদপুর শহরের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রো চালক শরীফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট, আলন প্রধানীয়া সহ আরো দুইজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।