,

সৌদি আরব থেকে ফেরার প্রস্তুতিকালে কুমিল্লার প্রবাসীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের চাকরি শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটাও শেষ করেছিলেন। তবে সেই মালপত্র গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।

স্বজনরা জানায়, রাসেল মিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন। প্রায় সাত মাস আগে তিনি একবার দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে আবারও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দের বিভিন্ন জিনিসপত্র কিনেছিলেন তিনি। শনিবার দুপুরে কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রিয়জনদের জন্য কেনাকাটা শেষ হলেও সেই উপহার নিয়ে আর বাড়ি ফেরা হলো না রাসেলের। তার আকস্মিক মৃত্যুর খবরে কুমিল্লার গ্রামের বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।