,

স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ে করোনা সচেতনতা মানা হচ্ছে নাকি অমান্য হচ্ছে ?

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ২৪ জন। শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। এদিকে, করোনা সচেতনতায় জনসমাগম এড়িয়ে চলা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়েই সেটি মানা হয়নি।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন একজন সাংবাদিক। তিনি বলেন, আপনাদের দিকে আমরা সারা দেশে মানুষ তাকিয়ে আছি, অথচ আপনার ব্রিফিংয়ে আপনার পেছনে ৩৭ জন মানুষ দাঁড়িয়ে আছে, এটির কি প্রয়োজন আছে? এটি কোনো স্বাস্থ্যকর অবস্থা নয়। যারা দায়িত্বশীল পদে তারা যদি উদাহরণ তৈরি করেন তাহলে আমাদের জন্য অন্যদের মেসেজ দিতে সুবিধে হয়।

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন একটি যুদ্ধাবস্থায় আছি। যুদ্ধাবস্থায় সব সিস্টেম মেনে চলা সম্ভব হয় না। আমরা এটা বুঝি, আপনারাও বুঝেন; আমাদের সকলের নিরাপত্তার প্রয়োজন আছে। তারপরও দেশের তাগিদে, দেশের মানুষের তাগিদে আমাদের কাজ করতে হয়।

মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করবো আরও সংক্ষিপ্ত আকারে যেন এটি করা যায়, আইসিটির মাধ্যমে করা যায়। যেখানে এত লোকের সমাগম হবে না। এটি আমরা অবশ্যই করবো আগামীতে। এটা আমরা অবশ্যই মনে রাখবো।