মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

“অপারেশন ডেভিল হান্ট চলবে”

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
news-image

“অপারেশন ডেভিল হান্ট চলবে”

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যতদিন প্রয়োজন হবে, ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘ডেভিল হান্ট’ অপারেশনের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনিভাবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই অপারেশনে সবাই যৌথভাবে ফোকাসড উপায়ে কাজ করছে। দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, যা ‘ডেভিল হান্ট’ এর মাধ্যমে নিউট্রাল করার চেষ্টা চলছে। এজন্য আইনি পন্থায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে সব বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্ট’ এর নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মূলত পুলিশি কাজ। সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে, ডেভিল হান্টে যৌথবাহিনীরও সে ক্ষমতা রয়েছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন এই অপারেশন চলবে।

স্বরাষ্ট্র সচিব আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের কারণে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ বাহিনীর নৈতিকতা ক্ষয়, মানসিক দুর্বলতা, থানা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণেই সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে।

নাসিমুল গনি বলেন, আগে যেভাবে আইন প্রয়োগ করা হতো, সে পথে আর হাঁটতে পারব না। আইনের স্পিরিট নিয়ে কাজ করতে হবে। কীভাবে সুষ্ঠুভাবে আইন প্রয়োগ করা যায়, তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর (যেমন-পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর) সঙ্গে আলোচনা করা হবে। মানবাধিকার ও পরিবেশ বিশেষ অগ্রাধিকার পাবে। মানবাধিকার রক্ষার জন্যই এই আন্দোলন হয়েছে। সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ রেখে যেতে চাই। ‘আয়নাঘর’ যেন আর তৈরি না হয়। যারা কাজ করবেন, তারা যেন উপযুক্তভাবে করতে পারেন।

আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে আইন প্রয়োগকারী ও বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে বলে তিনি জানান। এই কর্মশালায় ১৫০ জন অংশগ্রহণ করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, আইজিপিসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথমে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটনে এই কর্মশালা হবে। পরে সব জায়গায় ফিজিক্যালি এই কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পুলিশ বাহিনীকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, যেসব দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমাদের সরকার অতটা অমানবিক হতে পারেনি। একটি বাহিনীর মনোবল ভেঙে গেছে। সেই বাহিনীকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীর (সাবেক পুলিশ প্রধান) কাদের সঙ্গে যোগাযোগ করছেন, সেটা অবশ্যই সরকার দেখছে। পুলিশ যেন কোমর সোজা করে দাঁড়াতে পারে, সেজন্য সক্রিয়ভাবে কাউন্সেলিং করা হচ্ছে। যারা বাইরে থেকে এখন কাউন্সিল করছে, তারা দেশে থেকে যে কাজ করাতে পারেনি এবং ব্যর্থ হয়েছে, এখন কি খুব ফলপ্রসূ কিছু করাতে পারবে? যেসব আসামি জামিনে বের হয়েছে, তারা যদি কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজির সমস্যা শুধু ডেভিল হান্টের বিষয় নয়, এটা সামগ্রিক সমস্যা। এজন্য আলাদা করে আরও ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার গ্রেপ্তারের পর আরও কেউ গ্রেপ্তার হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘আশা করা যায়’।