,

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 1, 2025
news-image

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে আল-আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে চোরাচালানকারী সন্দেহে গুলি করে। এতে আল-আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এখনও তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে উপজেলার বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করা হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।